০৪:২৫ পি.এম
বরিশাল নগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জগদীশ সারস্বতী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কয়েকজন যুবক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য, ইভটিজিং এবং সঙ্গে থাকা অভিভাবকদেরও বিভিন্নভাবে বিব্রত করে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিক অভিভাবক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়ে সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অভিভাবকরা তাদের শনাক্ত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ডিবি পুলিশের মাধ্যমে আটক চারজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন