ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ


সিলেটে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের ‎বিয়ানীবাজারে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

গ্রেপ্তার হওয়া মো. সুলতান মাহমুদ সুমন (৪১) গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সময় সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

আরও পড়ুন: কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ

‎

‎

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানিয়েছেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার রাঙ্গামাটিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার রাঙ্গামাটিতে

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ আগামী সোমবার রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ১০ জন পুরুষ এবং ১০ জন মহিলা সাঁতারু। পুরুষদের জন্য ১০ কিলোমিটার এবং মহিলাদের জন্য ৮ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে। কাপ্তাইয়ের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি পর্যটন সুবিধা অবতরণ ঘাটে শেষ হবে।

প্রতিযোগিতার জন্য গত ৩০ সেপ্টেম্বর উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৯ জন পুরুষ এবং ৯ জন মহিলা সাঁতারুকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। স্বাগতিক হিসেবে ১ জন করে পুরুষ ও মহিলা সাঁতারু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

সাঁতার প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফী।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার, দ্বিতীয় স্থান ১৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া সফলভাবে প্রতিযোগিতা শেষ করা প্রত্যেক সাঁতারুকে ৫ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকনের ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানারে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এই অঞ্চলে প্রতিমন্ত্রীর ছবিসংবলিত বেশ কিছু শুভেচ্ছা ব্যানার টাঙানো হয়েছিল। শনিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন, ব্যানারগুলোতে থাকা প্রতিমন্ত্রীর ছবির কিছু অংশ পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্ত ও অনুসন্ধানের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাসেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক সিট বরাদ্দ হয়নি, শিক্ষার্থীদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


তিন মাসেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক সিট বরাদ্দ হয়নি, শিক্ষার্থীদের ক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুইটি আবাসিক হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাস অতিক্রম করার পরও নতুন আবাসিক আসন বরাদ্দের কার্যক্রম শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন যে, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা উচিত। সিট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য থাকা উচিত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০২১-২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী মন্তব্য করেন, "বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে হলে সিট বরাদ্দ না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন।" আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বিশেষ করে নিম্নবিত্ত ও অসচ্ছল শিক্ষার্থীরা এই সমস্যায় বেশি ভুগছেন। তিনি আরো বলেন, "আমার দাবি, সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য রাখা যাবে না। শিক্ষার্থীদের আবাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন।" তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত হলে সিট বরাদ্দের ব্যবস্থা করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী জানান, "গত ৮ ও ৯ সেপ্টেম্বর হলে সিট বরাদ্দের জন্য ভাইভা নেওয়া হলো।" তবে তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ ২ মাস পেরিয়ে গেলেও তারা এখনও এর ফলাফল পাননি। তিনি বলেন, "এটি হল প্রশাসনের চরম খামখেয়ালিপনা ও ছাত্রদের ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে।" বিশ্ববিদ্যালয়ে চলমান আবাসিক সংকটের কারণে তাদের মেসে বেশি ভাড়া দিতে হচ্ছে, যা জীবনধারণের জন্য কষ্টকর। তিনি অবিলম্বে এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী জানান, "আমি অনেক দিন আগে বিজয় ২৪ হলে আবেদন করি, কিন্তু এখনও সিট পাইনি।" তিনি উল্লেখ করেন যে, সিট পাওয়ার জন্য প্রয়োজনীয় সব মানদণ্ড তিনি পূরণ করেছেন, কিন্তু এখনও সিট পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না। তিনি বলেন, "জানি না ঠিক কী কারণে সিট পেতে এত বিলম্ব হচ্ছে, নাকি সিটই পাব না।" তার বাড়ি রংপুর থেকে অনেক দূরে, এবং অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। তিনি আশা করেন, হলে সিট পেলে তার জন্য অনেক উপকার হবে। তার বর্তমান দাবি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে একটি সিট দেওয়ার ব্যবস্থা করা হোক।

খোঁজ নিয়ে জানা যায়, বিজয় ২৪ হলে নতুন সিট বরাদ্দের লক্ষ্যে ১১ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভাইভা ১৩ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অন্যদিকে শহীদ মুখতার এলাহী হলে সাক্ষাৎকার নেওয়া হয় ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।

বিগত প্রভোস্ট যথারীতিভাবে বিজ্ঞপ্তি ও ভাইভা নিলেও সিট বরাদ্দে ব্যর্থ হয়েছেন। তৎকালীন বিজয় ২৪ হলের প্রভোস্ট আমীর শরিফ জানান, "ভাইভা নেওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদের সময় প্রায় শেষের দিকে।" তিনি বলেন, "যেহেতু একটি নতুন প্রশাসনিক টিম আসবে, তাদের কাজ করতে হবে। সময় স্বল্পতার কারণে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।"

এরপর প্রভোস্ট বডিতে পরিবর্তন আসে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ বলেন, "গত সপ্তাহে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এই সপ্তাহে আশা করি দেব।" তিনি জানান, নীতিমালার আলোকে সিট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দেরি হচ্ছে।

শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বলেন, "গত সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই সপ্তাহের মধ্যে দিতে পারবো, ইনশাআল্লাহ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি

কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং বিপুল অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার রাতে শহরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের অভিযোগ ছিল, কোনো ধরনের পূর্ব নোটিশ বা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ থেকে ৮ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, পর্যটননির্ভর কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য বর্তমানে পর্যটন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কক্সবাজারে আসছেন। এই সময়ে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে এ ধরনের অভিযান এবং অস্বাভাবিক জরিমানা ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, যদি কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে অভিযানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, অপরাধের ধরন বিবেচনা এবং জরিমানার ক্ষেত্রে সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, অভিযানের ধরন ও জরিমানার পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সমাবেশ থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দেয়, তাহলে প্রয়োজনে কক্সবাজার শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পর্যটন মৌসুমে পর্যটকসেবা, হোটেল-রেস্তোরাঁসহ শহরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, পর্যটন মৌসুমের পিক সময়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার মতো কর্মসূচি কক্সবাজারের অর্থনীতি ও পর্যটনশিল্পের জন্য কল্যাণকর হবে না, তেমনি আইন প্রয়োগের নামে অস্বাভাবিক বা অসামঞ্জস্যপূর্ণ জরিমানা করাও গ্রহণযোগ্য নয় বলে সচেতন মহল মনে করছেন। তাঁদের মতে, আইন প্রয়োগ ও ব্যবসায়ীদের স্বার্থ—দুই বিষয়েই ভারসাম্য বজায় রাখা জরুরি। অনিয়ম থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, শনিবার কক্সবাজার সফরে অবস্থান করছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অভিযানের নামে অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।

কক্সবাজারের পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে এ বিরোধের সমাধান জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%