প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুইটি আবাসিক হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাস অতিক্রম করার পরও নতুন আবাসিক আসন বরাদ্দের কার্যক্রম শুরু হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা দাবি করেছেন যে, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা উচিত। সিট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য থাকা উচিত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২১-২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী মন্তব্য করেন, "বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে হলে সিট বরাদ্দ না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন।" আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বিশেষ করে নিম্নবিত্ত ও অসচ্ছল শিক্ষার্থীরা এই সমস্যায় বেশি ভুগছেন। তিনি আরো বলেন, "আমার দাবি, সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য রাখা যাবে না। শিক্ষার্থীদের আবাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন।" তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান যে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত হলে সিট বরাদ্দের ব্যবস্থা করা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী জানান, "গত ৮ ও ৯ সেপ্টেম্বর হলে সিট বরাদ্দের জন্য ভাইভা নেওয়া হলো।" তবে তিনি অভিযোগ করেন যে, দীর্ঘ ২ মাস পেরিয়ে গেলেও তারা এখনও এর ফলাফল পাননি। তিনি বলেন, "এটি হল প্রশাসনের চরম খামখেয়ালিপনা ও ছাত্রদের ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে।" বিশ্ববিদ্যালয়ে চলমান আবাসিক সংকটের কারণে তাদের মেসে বেশি ভাড়া দিতে হচ্ছে, যা জীবনধারণের জন্য কষ্টকর। তিনি অবিলম্বে এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করার দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০২৩-২৪ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী জানান, "আমি অনেক দিন আগে বিজয় ২৪ হলে আবেদন করি, কিন্তু এখনও সিট পাইনি।" তিনি উল্লেখ করেন যে, সিট পাওয়ার জন্য প্রয়োজনীয় সব মানদণ্ড তিনি পূরণ করেছেন, কিন্তু এখনও সিট পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না। তিনি বলেন, "জানি না ঠিক কী কারণে সিট পেতে এত বিলম্ব হচ্ছে, নাকি সিটই পাব না।" তার বাড়ি রংপুর থেকে অনেক দূরে, এবং অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। তিনি আশা করেন, হলে সিট পেলে তার জন্য অনেক উপকার হবে। তার বর্তমান দাবি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে একটি সিট দেওয়ার ব্যবস্থা করা হোক।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় ২৪ হলে নতুন সিট বরাদ্দের লক্ষ্যে ১১ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভাইভা ১৩ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অন্যদিকে শহীদ মুখতার এলাহী হলে সাক্ষাৎকার নেওয়া হয় ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।
বিগত প্রভোস্ট যথারীতিভাবে বিজ্ঞপ্তি ও ভাইভা নিলেও সিট বরাদ্দে ব্যর্থ হয়েছেন। তৎকালীন বিজয় ২৪ হলের প্রভোস্ট আমীর শরিফ জানান, "ভাইভা নেওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদের সময় প্রায় শেষের দিকে।" তিনি বলেন, "যেহেতু একটি নতুন প্রশাসনিক টিম আসবে, তাদের কাজ করতে হবে। সময় স্বল্পতার কারণে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।"
এরপর প্রভোস্ট বডিতে পরিবর্তন আসে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ বলেন, "গত সপ্তাহে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এই সপ্তাহে আশা করি দেব।" তিনি জানান, নীতিমালার আলোকে সিট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দেরি হচ্ছে।
শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বলেন, "গত সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই সপ্তাহের মধ্যে দিতে পারবো, ইনশাআল্লাহ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন