০৮:৩২ পি.এম
স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষের ফলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুর পর এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। এটি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে গণ্য হয়। একই সঙ্গে, ঘটনাটি নিয়ে স্পেনে পুলিশ তদন্তও শুরু করেছে বিচারিক তত্ত্বাবধানে।
দুর্ঘটনাটি ঘটেছিল ২ নভেম্বর, যখন আন্দোরা ও টেনেরিফের মধ্যে খেলা চলছিল। বল ক্লিয়ার করতে গিয়ে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন ওনো। এই সময় তার সঙ্গে সংঘর্ষ ঘটে দে মিগেলের। ম্যাচে গিনির এই গোলকিপারকে লাল কার্ড দেখানো হয়। গুরুতর আহত অবস্থায় দে মিগেলকে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। পরদিন, ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড মারা যান।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানায়, রেফারির প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, ওনো প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে লাথি মারেন। শৃঙ্খলাবিধির ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, গুরুতর আঘাতের কারণ হওয়া সহিংস আচরণের দায়ে তাকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি, বিধি অনুযায়ী জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন: ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার রাঙ্গামাটিতে
ঘটনার পর ওনো মন্তব্য করেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দে মিগেলের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ওনোকে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন