প্রিন্ট এর তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৮:৪১ পি.এম
কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মোস্তাক আহমেদ সুনামগঞ্জ জেলার চারবারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননাপ্রাপ্ত পাশাপাশি তিনি নবগঠিত সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো.জুনাব আলী,সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়াসহ অন্যান্য নির্বাচন কমিশনার,বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ও সদস্যবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমেদ বলেন,আমি দীর্ঘদিন ধরে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনকেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত। এসব শুল্ক স্টেশন দিয়ে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি করতে গিয়ে ব্যবসায়ীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়।
তিনি আরও বলেন,আমি আপনাদের দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। নির্বাচিত হতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নদী ও খাল খননের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের প্রতিবন্ধকতা ও নানা ভোগান্তি নিরসনে কাজ করার চেষ্টা করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"