প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং বিপুল অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার রাতে শহরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের অভিযোগ ছিল, কোনো ধরনের পূর্ব নোটিশ বা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ থেকে ৮ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, পর্যটননির্ভর কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য বর্তমানে পর্যটন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কক্সবাজারে আসছেন। এই সময়ে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে এ ধরনের অভিযান এবং অস্বাভাবিক জরিমানা ব্যবসায়ীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, যদি কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে অভিযানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, অপরাধের ধরন বিবেচনা এবং জরিমানার ক্ষেত্রে সামঞ্জস্য থাকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, অভিযানের ধরন ও জরিমানার পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সমাবেশ থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দেয়, তাহলে প্রয়োজনে কক্সবাজার শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পর্যটন মৌসুমে পর্যটকসেবা, হোটেল-রেস্তোরাঁসহ শহরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, পর্যটন মৌসুমের পিক সময়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার মতো কর্মসূচি কক্সবাজারের অর্থনীতি ও পর্যটনশিল্পের জন্য কল্যাণকর হবে না, তেমনি আইন প্রয়োগের নামে অস্বাভাবিক বা অসামঞ্জস্যপূর্ণ জরিমানা করাও গ্রহণযোগ্য নয় বলে সচেতন মহল মনে করছেন। তাঁদের মতে, আইন প্রয়োগ ও ব্যবসায়ীদের স্বার্থ—দুই বিষয়েই ভারসাম্য বজায় রাখা জরুরি। অনিয়ম থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, শনিবার কক্সবাজার সফরে অবস্থান করছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অভিযানের নামে অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।
কক্সবাজারের পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে এ বিরোধের সমাধান জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন