০৪:৩০ পি.এম
দুই দফা মেয়াদ শেষ হয়ে গেলেও বহুল প্রতীক্ষিত ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। প্রকল্প এলাকার অধিকাংশ স্থানে শ্রমিকের অভাব এবং ভারী যন্ত্রপাতি নেই। তিনটি প্যাকেজের মধ্যে দুই প্যাকেজের কাজ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় প্রতিদিন হাজারো যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যাচ্ছে, নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে ধুলাবালি, খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও সরু সড়ক রয়েছে, কোথাও অসমাপ্ত নির্মাণকাজ। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে সড়কের বড় একটি অংশ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ছে। এর ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন তারিখে। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণে জটিলতা এবং নির্ধারিত সময়ে প্রয়োজনীয় জমি বুঝে না পাওয়ার কারণে কাজ পরিকল্পনা অনুযায়ী করতে পারা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বরিশালে মাদকের টাকা না পেয়ে স্ত্রী-শাশুড়িকে মারধর ও হত্যার হুমকি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঠিকাদারি প্রতিষ্ঠানও একই কারণে উল্লেখ করেছে যে, পর্যাপ্ত জমি না পাওয়ার ফলে নির্মাণকাজে বারবার বিঘ্ন ঘটছে।
শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় জমি বুঝে পেলে দ্রুত গতিতে কাজ এগিয়ে নেওয়া হবে এবং ২০২৭ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
এদিকে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জমি অধিগ্রহণের জটিলতা স্বীকার করে বলেন, যেসব স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, সেসব অংশের কাজ শেষ করার দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। বাকি জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
অন্যদিকে, প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী চালক, যাত্রী ও পরিবহন মালিকরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে এই নির্মাণকাজের কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। ধীরগতির কাজের কারণে যাতায়াতে অতিরিক্ত সময় লাগছে এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে।
আরও পড়ুন: দিনাজপুরের বিরামপুরে ২৭ অক্টোবর জব ফেয়ার অনুষ্ঠিত হবে
প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৮২ কোটি টাকা। তবে বারবার মেয়াদ বাড়ানোর পরও দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে।
এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক চালু হতে আর কত দীর্ঘ অপেক্ষা করতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন