ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ভোট ২৯ অক্টোবর


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ভোট ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে বিএনপি-জামায়াতসহ ৫টি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্‌ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন: সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ অক্টোবর সদস্য দেশগুলোকে অর্থ সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


১৫ অক্টোবর সদস্য দেশগুলোকে অর্থ সহায়তার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ইনফান্তিনো

নির্বাচন আসন্ন। জিততে হলে কৌশলগত পদক্ষেপ নিতে হয়। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যেন সেটিই করছেন। শেষ মুহূর্তে এসে কনফেডারেশনগুলোর দাবি তিনি মেনে নিচ্ছেন।

ফিফার আনুমানিক ৪.৪ বিলিয়ন পাউন্ডের বিশাল তহবিল থেকে সদস্য দেশগুলোর জন্য আরও বেশি অর্থ বরাদ্দের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ইনফান্তিনো। গত সোমবার ৬টি মহাদেশীয় কনফেডারেশনে একটি চিঠি পাঠানো হয়েছে ফিফার পক্ষ থেকে। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ইনফান্তিনো জানিয়েছেন, যতটুকু সম্ভব, দায়িত্বশীলতার সঙ্গে সর্বোচ্চ অর্থ সাহায্য দেওয়ার পক্ষে তিনি সমর্থন জানাবেন।

চিঠিতে ইনফান্তিনো উল্লেখ করেছেন, ‘অর্থের পরিমাণ আগে থেকে ঠিক করে দিতে চাই না। আলোচনার জন্য একটি নির্দিষ্ট অঙ্ক হতে পারে, তবে তা কখনোই পূর্ণাঙ্গ বৈশ্বিক নীতি হতে পারে না। তাই সমস্ত প্রস্তাবনা একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করতে মহাসচিবকে নির্দেশ দিয়েছি, যা ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’

ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ—ফিফার ফান্ড থেকে ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার যৌথ দাবি জানানো পর ইনফান্তিনোর এই চিঠি প্রকাশিত হয়েছে। আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি ইনফান্তিনোকে নিজের প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা চাপের মুখে বাতিল করতে বাধ্য হতে হয়েছে। বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তিনি, যা বিশ্ব ফুটবলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি করেছিল। তবে সেই প্রস্তাব বাতিল করেও চাপ থেকে মুক্তি পাননি তিনি।

সেই ব্যর্থ উদ্যোগের বিষয়ে আবারও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ইনফান্তিনো। সুইস-ইতালিয়ান সংগঠক দাবি করেছেন, ফুটবলের সার্বিক উন্নয়নে অতিরিক্ত অর্থ আয়ের উদ্দেশ্যেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। চিঠিতে তিনি লিখেছেন, ‘সম্প্রতি প্রত্যাহার করা বাণিজ্যিক প্রস্তাবটির মূল লক্ষ্যই ছিল ফুটবলে ফিফার বিনিয়োগ সক্ষমতা বাড়ানো।’

আগামী ২০২৭ সালের মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে লড়াই করার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। সভাপতি পদে লড়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে যানবাহন চলাচলের জন্য ৪ শর্ত, অমান্য করলে আইনগত ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


জাবিতে যানবাহন চলাচলের জন্য ৪ শর্ত, অমান্য করলে আইনগত ব্যবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলের জন্য চারটি নির্দিষ্ট শর্ত মেনে চলার নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তগুলো অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলাচলকারী সব ধরনের যানবাহনের জন্য এই শর্তগুলো বাধ্যতামূলক। যানবাহনের গতিসীমা অবশ্যই সহনীয় পর্যায়ে রাখতে হবে। যদি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর সম্পূর্ণ দায়ভার চালক বা মালিককে বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, ক্যাম্পাসে চলাচলকারী প্রতিটি যানবাহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। একইসাথে, যানবাহন চালানোর জন্য চালকের হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য এই নির্দেশনা মেনে চলা অপরিহার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরের ফান্দাউক দরবার শরীফের ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্য

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


নাসিরনগরের ফান্দাউক দরবার শরীফের ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম পরিচিত সুফি-আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। Fandauk Darbar Sharif

নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় অবস্থিত এ দরবারকে ঘিরে প্রতিবছর বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হয়। বিশেষ করে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল বা ‘ফান্দাউকের সভা’-কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। ২০২৬ সালের বার্ষিক আয়োজনও দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠার পটভূমি

দরবার-সংশ্লিষ্ট ইতিহাসে বলা হয়, আনুমানিক এক শতাব্দী আগে নাসিরনগরের নাছিরপুর সাহেববাড়ি থেকে সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রহ.)-এর বংশীয় সৈয়দ আফতাব উদ্দিন ফান্দাউক গ্রামে বসতি স্থাপন করেন। পরবর্তীকালে তাঁর বংশধারাকে কেন্দ্র করে এলাকায় একটি আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে।

ফান্দাউক দরবার শরীফের ইতিহাসে বিশেষভাবে দুজন পীর-মাশায়েখের নাম উল্লেখ করা হয়—হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) এবং তাঁর পরবর্তী আধ্যাত্মিক ধারার অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহসূফী সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল-ক্বাদরী, চিশতী, নকশেবন্দী, মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.)। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে তাঁদের বার্ষিক ইছালে ছওয়াবের আয়োজনের কথা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে।

আধ্যাত্মিক শিক্ষা ও খানকার ভূমিকা

দরবার-সংশ্লিষ্ট ইতিহাসে বলা হয়েছে, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক শিক্ষার উদ্দেশ্যে এখানে খানকা শরীফ প্রতিষ্ঠা করা হয়। ফাতেহা শরীফ, মোরাকাবা ও জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির শিক্ষা দেওয়ার কথা ওই ইতিহাসে উল্লেখ রয়েছে।

দরবারের ঐতিহ্যবাহী কার্যক্রমের মধ্যে ধর্মীয় শিক্ষা, জিকির-আযকার, মিলাদ ও ইছালে ছওয়াবের আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

ফান্দাউক দরবার শরীফের সঙ্গে যুক্ত ইতিহাসে ধর্মীয় ও জাগতিক শিক্ষার প্রসারে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

দরবার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৯৫৯ সালে ফান্দাউক মদিনাতুল উলুম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে।

এর পাশাপাশি আত্মশুদ্ধিমূলক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার কথাও দরবারের ইতিহাসে উল্লেখ করা হয়েছে।

পীর-মাশায়েখের উত্তরাধিকার

ফান্দাউক দরবার শরীফের আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে হযরত শাহসূফী সৈয়দ আব্দুস সাত্তার (রহ.) ও হযরত শাহসূফী সৈয়দ নাছিরুল হক (মাছুম) (রহ.)-এর নাম বিভিন্ন সংবাদ প্রতিবেদনে ধারাবাহিকভাবে এসেছে।

২০২৫ সালের একটি প্রতিবেদনে সৈয়দ নাছিরুল হক (মাছুম) (রহ.)-কে মরহুমে ছানী পীরে কামেল, মুর্শিদে বরহক ও মোজাদ্দেদে জামান হিসেবে উল্লেখ করে তাঁর উফাত দিবস পালনের সংবাদ প্রকাশ করা হয়।

বর্তমানে দরবারের গদ্দীনশীন হিসেবে মাওলানা সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইন-এর নাম ২০২৬ সালের বার্ষিক ইছালে ছওয়াবের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফান্দাউকের সভা

ফান্দাউক দরবার শরীফের সবচেয়ে বড় বার্ষিক আয়োজনগুলোর একটি হলো ‘ফান্দাউকের সভা’। সাধারণত দুই দিনব্যাপী এই আয়োজনে ওয়াজ, ধর্মীয় আলোচনা, জিকির ও ইছালে ছওয়াবসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং শেষপর্যায়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের একটি স্থানীয় প্রতিবেদনে মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ও বিপুলসংখ্যক ভক্ত-মুরিদানের সমাগমের কথা বলা হয়েছিল।

২০২৩ সালের একটি প্রতিবেদনে আয়োজনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা উল্লেখ করা হয়।

২০২৪ ও ২০২৫ সালেও হযরত সৈয়দ আব্দুস সাত্তার (রহ.) ও হযরত সৈয়দ নাছিরুল হক (মাছুম) (রহ.)-এর বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা অনুষ্ঠিত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে।

বর্তমান প্রভাব ও ঐতিহ্য

ফান্দাউক দরবার শরীফকে ঘিরে শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, একটি দীর্ঘদিনের সামাজিক ও আধ্যাত্মিক যোগাযোগের পরিমণ্ডলও গড়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকান-মুরিদান ও ধর্মপ্রাণ মানুষ এসব আয়োজনে অংশ নেন।

দরবারের অনুসারীদের মতে, শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের শিক্ষা এবং আত্মশুদ্ধির চর্চার মাধ্যমে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নই এই ধারার অন্যতম লক্ষ্য। দরবার-সংশ্লিষ্ট ইতিহাসে কুসংস্কারমুক্ত সমাজ ও দ্বীনি শিক্ষার প্রসারের কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

ঐতিহ্যের ধারাবাহিকতা

প্রায় এক শতাব্দীর ইতিহাসে ফান্দাউক দরবার শরীফ নাসিরনগরসহ বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ধর্মীয় ও আধ্যাত্মিক সংস্কৃতির একটি পরিচিত অংশে পরিণত হয়েছে। পীর-মাশায়েখের স্মৃতি, খানকা ও মাদরাসা, নিয়মিত ধর্মীয় আয়োজন এবং বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের মধ্য দিয়ে এর ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে বহমান রয়েছে।

ফান্দাউক দরবার শরীফের ইতিহাস মূলত একটি আধ্যাত্মিক ধারার ইতিহাস—যেখানে পীর-মাশায়েখের শিক্ষা, আত্মশুদ্ধি, ধর্মীয় জ্ঞানচর্চা এবং মানুষের মধ্যে দ্বীনি চেতনা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার কথা গুরুত্বের সঙ্গে উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিশ্ব অর্থনীতির সাথে মিল রেখে ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনের জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।

বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জোগান থাকা সত্ত্বেও, গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ডলারের মূল্য বৃদ্ধি এবং টাকার মান হ্রাস করা হয়েছিল। বর্তমানে ডলারের দাম ওঠানামার মধ্যে রয়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, কিছু মাস আগে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে বর্তমানে ১২২ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যের ভিত্তিতে আজকের (২৯ সেপ্টেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে উপস্থাপন করা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা

ইউরো : ১৩৯ টাকা ৫৬ পয়সা

পাউন্ড : ১৬২ টাকা ৬৬ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৫৮ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ০৯ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ২৮ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ০৮ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৭ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২০ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৮০ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৮০ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ০৮ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৫ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে।

যদিও আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে মাস খানেক আগে ডলারের দাম কিছুটা বেড়ে গিয়েছিল, তবে বর্তমানে সেটি কিছুটা কমে এসেছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%