০৯:৪১ এম
দেশের ৪৬টি জেলায় ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোট ১২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ করেছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরসহ এই সব জেলায় অধিদপ্তরের ৬১টি টিম একযোগে অভিযান চালায় পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় পণ্যের বিক্রয়মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।
আরও পড়ুন: জামায়াত আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল, বিএনপি নয় : রিজভী
ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।
ফল ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও যৌক্তিক মূল্যে ফল বিক্রির নির্দেশনা প্রদান করা হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে।
ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই করার এবং সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং রশিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
কেনাকাটায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন