শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৯ পি.এম
জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল দৃঢ় ব্যাটিং, অন্যদিকে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দ্রুত উইকেট। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের কেউই জয়ের দেখা পায়নি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছে। সৌদ শাকিল সেঞ্চুরির খুব কাছে পৌঁছালেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। তাঁর ৯৭ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৮৪ রান তুলে দিন শেষ করেছে।
চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান ১ উইকেটে ৫৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলায় প্রবেশ করে। তবে দিনের শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার আজান আওয়াইস এবং মোহাম্মদ তোহা কোনো রান যোগ না করেই ফিরে যান। এরপর বাবর আজমের সঙ্গে জুটি গড়ে সৌদ দলের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৫০ রান। ৪৮ বলে ৩৪ রান করে বাবর ফিরে যান। সালমান আলী আগা ১৩ রান করেন।
অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান সৌদ। তাঁকে সঙ্গ দেন গাজী ঘোরি। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজে পায়। ৩৫ রান করে ঘোরি আউট হলেও সৌদ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৯৭ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে তাঁর সেঞ্চুরির স্বপ্ন ভেঙে যায়। আরাফাত মিনহাস ১৬ রান করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ২৮৪ রানে থামে।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। শ্রীলঙ্কা ৪৪৬ রানে অলআউট হয়ে ১২ রানের লিড পায়। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ১৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব খান।
দ্বিতীয় ইনিংসে ২৭২ রানের লিড পাওয়ার পরও পাকিস্তান শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নামানোর সুযোগ পায়নি। ফলে পাঁচ দিনের এই লড়াই নিষ্পত্তি ছাড়াই শেষ হয়। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : গাজীপুরে অবস্থিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, "প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবলকে প্রস্তুত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরণের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।"
প্রতিমন্ত্রী আরও বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।"
গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ দশমিক ২০ একর ভূমিতে একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য ১টি ৬ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের ৩য় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এ সময় প্রকল্প পরিচালক রাসেল সাবরীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এর লিখিত পরীক্ষা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সময়সূচী অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা সকাল ১০টায় কর্মী ও সহযোগী সদস্যদের (গ্রুপ-ক) জন্য, দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টায় সদস্য ও সদস্য প্রার্থীদের (গ্রুপ-খ) জন্য এবং তৃতীয় পর্বের পরীক্ষা সন্ধ্যা ৭টায় থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের (গ্রুপ-গ) জন্য অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দলের থানা ও বিভাগীয় দায়িত্বশীল, সদস্য, সদস্য প্রার্থী এবং কর্মী ও সহযোগী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরীক্ষার সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কমলাপুর স্টেশন কলেজ, ফকিরাপুল মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা এবং কাটাবন মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসাইন ও মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, উত্তর থানা আমীর মো. শামসুল বারী, পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, পশ্চিম থানা আমীর শাহ মাহফুজুল হক চৌধুরী, পল্টন থানা আমীর মারুফুল ইসলাম ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।
এছাড়া যাত্রাবাড়ী অগ্রদূত বিদ্যানিকেত হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির। দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিনও বায়তুল মোকাররমসহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।
অন্যদিকে ঢাকা-৬ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। ঢাকা-৪ সংসদীয় এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার পর পশ্চিমাঞ্চলীয় নদীতে ভারতের প্রথম দুটি জলবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পথে রয়েছে। ভারত সরকার আশা করছে, আগামীতে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতার ‘কিরু’ প্রকল্প দুটি চালু হবে।
গত এপ্রিলে সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার পর ভারত প্রথমবারের মতো পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে পানিবিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পন্ন করতে যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় চেনাব নদীর ওপর নির্মিত ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘কিরু’ জলবিদ্যুৎ প্রকল্প দুটি আগামী ডিসেম্বরের শেষ নাগাদ চালু করার লক্ষ্যে রয়েছে ভারত সরকার।
পেহেলগাম হামলার পর গত এপ্রিলে ভারত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনিং বা চালুর প্রক্রিয়া শুরু হলে পরীক্ষা-নিরীক্ষা এবং বাঁধে পানি ভরা ও খালি করতে কিছুটা সময় লাগবে, তবে আশা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্প দুটি উৎপাদনে যাবে।
সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় নদী—রবি, বিয়াস এবং শতদ্রুর (মোট পানির প্রায় ২০ শতাংশ) ওপর ভারতের একচ্ছত্র অধিকার রয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় নদী-সিন্ধু, ঝিলাম এবং চেনাবের (মোট পানির প্রায় ৮০ শতাংশ) ওপর পাকিস্তানের পূর্ণ অধিকার স্বীকৃত ছিল।
ওই কর্মকর্তা আরো জানান, চুক্তিটি স্থগিত থাকায় এর অধীনে থাকা নকশা ও পরিচালনগত বিধিনিষেধগুলো এখন আর প্রযোজ্য নয়, যা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়তা করবে। তবে চুক্তিটি কবে বা আদৌ নতুন করে আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কিরু প্রকল্প
৪ হাজার ২৮৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই প্রকল্পে ১৩৫ মিটার উঁচু বাঁধ এবং ১৫৬ মেগাওয়াটের চারটি ইউনিট রয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
পাকাল দুল প্রকল্প
৮ হাজার ১১২ কোটি রুপি ব্যয়ে চেনাবের উপনদী মারুসুদারের ওপর নির্মিত এই প্রকল্পে ১৬৭ মিটার উঁচু বাঁধ এবং ২৫০ মেগাওয়াটের চারটি ইউনিট রয়েছে।
ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং জম্মু ও কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগ ‘চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস’ এই ‘রান-অব-দ্য-রিভার’ প্রকল্প দুটি নির্মাণ করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের প্রায় ১৮ হাজার ৫৬৯ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও দেশটি এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন করতে পেরেছে। তাই সামনে আরো বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৪০ মেগাওয়াটের ‘কোয়ার’ প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং ৮৫০ মেগাওয়াটের ‘রাতলে’ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এ ছাড়া সাওয়ালকোট, কিরথাই-২, দুলহস্তি পর্যায়-২ এবং উরি-১ পর্যায়-২ নামের আরো চারটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। পাশাপাশি চেনাব থেকে রবি নদী পর্যন্ত ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল নির্মাণের কথাও ভাবছে ভারত। রবি নদীর ওপর ২০৬ মেগাওয়াটের শাহপুরকান্দি প্রকল্পটি ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চালু হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমি যখনই এখানে আসি, নিজেকে আবার পূর্ণাঙ্গ মানুষ বলে মনে হয়’—এমন মন্তব্যটি ২০২৩ সালে বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া এক দর্শকের। উৎসবটির তৎকালীন প্রধান আইরিন ঝাও এই মন্তব্যের কথা স্মরণ করেন। তাঁর মতে, চীনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের জন্য উৎসবটি ছিল একটি ‘সাময়িক নিরাপদ আশ্রয়’। এখানে তাঁরা নিজেদের পরিচয় গোপন না করেই একে অপরের সঙ্গে দেখা করতে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং গ্রহণযোগ্যতার অনুভূতি পেতে পারতেন।
তবে চীনে এমন নিরাপদ পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে। দ্য ডিপ্লোম্যাট জানাচ্ছে, ২৯ অক্টোবর আয়োজকেরা ঘোষণা করেন, এ বছর বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে না। উদ্বোধনের মাত্র এক দিন আগে এই ঘোষণা আসে। এর আগে আয়োজকেরা কয়েক সপ্তাহ ধরে পুলিশের কাছ থেকে বারবার ফোন পেয়ে আসছিলেন।
একই দিনে চীনের আরেকটি স্বাধীন চলচ্চিত্র আয়োজন উহান বার্লিন ফিল্ম উইক তাদের প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয়। যদিও এই দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ নেই, তবে চীনে স্বাধীন সাংস্কৃতিক পরিসর এবং প্রচলিত সামাজিক রীতির বাইরে থাকা পরিচয় প্রকাশের জায়গাগুলো ক্রমবর্ধমান বাধার মুখে পড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
২০০১ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি যৌনতা ও লিঙ্গপরিচয় নিয়ে আলোচনার একটি উন্মুক্ত মঞ্চ তৈরিই ছিল এর উদ্দেশ্য। শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হয়েছে উৎসবটি।
প্রথম আয়োজনটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে পুলিশের বাধার কারণে প্রদর্শনীর স্থান পরিবর্তন করতে হয়। ২০১১ সালে কর্মকর্তারা উৎসব বাতিলের নির্দেশ দিলে বেইজিংয়ের বিভিন্ন বার ও ক্যাফেতে প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০১৩ সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় বেইজিংয়ে তাৎক্ষণিক সরকারি বাধা ছাড়াই প্রদর্শনী আয়োজন সম্ভব হয়েছিল।
সম্প্রতি আবারও চাপ বেড়েছে চীনের কুইয়ার সম্প্রদায়ের ওপর। ২০২৩ সালের মে মাসে এলজিবিটিকিউ মানুষের সেবা ও মিলনস্থল হিসেবে পরিচিত বেইজিং এলজিবিটি সেন্টার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একই বছরের আগস্টে উইচ্যাট বেশ কয়েকটি এলজিবিটিকিউ ও নারীবাদী সংগঠনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
২০২৫ সালের নভেম্বরে অ্যাপল জানায়, চীনের সাইবারস্পেস প্রশাসনের নির্দেশে দেশটির অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় সমকামী ডেটিং অ্যাপ ব্লুড ও ফিঙ্কা সরিয়ে নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে কিছু নির্মাতা দেশের বাইরে বিকল্প পরিসর তৈরির চেষ্টা করছেন। এর উদাহরণ ‘লেলালেস : ফ্লুইড লাভ’ নামের একটি লেসবিয়ান ডেটিং শো। শুরুতে সাংহাইয়ে এটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পুলিশের হয়রানির কারণে শেষ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং মাইয়ে শুটিং করতে হয়।
নির্মাতা অ্যাশলি জিয়াংয়ের ভাষ্য, এ প্রকল্পের সঙ্গে যুক্ত ৩০ জনের বেশি ব্যক্তির সঙ্গে পুলিশ যোগাযোগ করেছিল বা তাঁদের হয়রানি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে শোটির প্রচারেও বাধা দেওয়া হয়। পরে ইউটিউবে এটি প্রকাশ করা হয়।
যদিও দেশের বাইরে নির্মিত হলেও অনুষ্ঠানটি চীনা দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। লেসবিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম লেসপার্কে একজন দর্শক জানান, শুধুমাত্র অনুষ্ঠানটি দেখার জন্যই তিনি প্ল্যাটফর্মটিতে নিবন্ধন করেছেন।
বিশ্লেষকদের মতে, এসব বাধা সত্ত্বেও চীনে কুইয়ার জীবন থেমে যায়নি। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ড গোপনে বা দেশের বাইরে পরিচালিত হলে অংশগ্রহণের সুযোগ ও দর্শকসংখ্যা সীমিত হয়ে পড়ে।
একই সঙ্গে এসব বিধিনিষেধ সমাজের মূলধারায় কুইয়ার পরিচয়কে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে প্রান্তিক ও গোপন রাখার বার্তা দেয়। ফলে সৃজনশীল উদ্যোগের টিকে থাকার লড়াইয়ের আড়ালে ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক গ্রহণযোগ্যতার পরিসরও ক্রমেই সংকুচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ