প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার পর পশ্চিমাঞ্চলীয় নদীতে ভারতের প্রথম দুটি জলবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পথে রয়েছে। ভারত সরকার আশা করছে, আগামীতে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতার ‘কিরু’ প্রকল্প দুটি চালু হবে।
গত এপ্রিলে সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ার পর ভারত প্রথমবারের মতো পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে পানিবিদ্যুৎ প্রকল্পের কাজ সম্পন্ন করতে যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় চেনাব নদীর ওপর নির্মিত ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘পাকাল দুল’ এবং ৬২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘কিরু’ জলবিদ্যুৎ প্রকল্প দুটি আগামী ডিসেম্বরের শেষ নাগাদ চালু করার লক্ষ্যে রয়েছে ভারত সরকার।
পেহেলগাম হামলার পর গত এপ্রিলে ভারত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনিং বা চালুর প্রক্রিয়া শুরু হলে পরীক্ষা-নিরীক্ষা এবং বাঁধে পানি ভরা ও খালি করতে কিছুটা সময় লাগবে, তবে আশা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্প দুটি উৎপাদনে যাবে।
সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় নদী—রবি, বিয়াস এবং শতদ্রুর (মোট পানির প্রায় ২০ শতাংশ) ওপর ভারতের একচ্ছত্র অধিকার রয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলীয় নদী-সিন্ধু, ঝিলাম এবং চেনাবের (মোট পানির প্রায় ৮০ শতাংশ) ওপর পাকিস্তানের পূর্ণ অধিকার স্বীকৃত ছিল।
ওই কর্মকর্তা আরো জানান, চুক্তিটি স্থগিত থাকায় এর অধীনে থাকা নকশা ও পরিচালনগত বিধিনিষেধগুলো এখন আর প্রযোজ্য নয়, যা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়তা করবে। তবে চুক্তিটি কবে বা আদৌ নতুন করে আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কিরু প্রকল্প
৪ হাজার ২৮৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই প্রকল্পে ১৩৫ মিটার উঁচু বাঁধ এবং ১৫৬ মেগাওয়াটের চারটি ইউনিট রয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
পাকাল দুল প্রকল্প
৮ হাজার ১১২ কোটি রুপি ব্যয়ে চেনাবের উপনদী মারুসুদারের ওপর নির্মিত এই প্রকল্পে ১৬৭ মিটার উঁচু বাঁধ এবং ২৫০ মেগাওয়াটের চারটি ইউনিট রয়েছে।
ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) এবং জম্মু ও কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগ ‘চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টস’ এই ‘রান-অব-দ্য-রিভার’ প্রকল্প দুটি নির্মাণ করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের প্রায় ১৮ হাজার ৫৬৯ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও দেশটি এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন করতে পেরেছে। তাই সামনে আরো বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৪০ মেগাওয়াটের ‘কোয়ার’ প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং ৮৫০ মেগাওয়াটের ‘রাতলে’ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এ ছাড়া সাওয়ালকোট, কিরথাই-২, দুলহস্তি পর্যায়-২ এবং উরি-১ পর্যায়-২ নামের আরো চারটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। পাশাপাশি চেনাব থেকে রবি নদী পর্যন্ত ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল নির্মাণের কথাও ভাবছে ভারত। রবি নদীর ওপর ২০৬ মেগাওয়াটের শাহপুরকান্দি প্রকল্পটি ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চালু হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন