প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘আমি যখনই এখানে আসি, নিজেকে আবার পূর্ণাঙ্গ মানুষ বলে মনে হয়’—এমন মন্তব্যটি ২০২৩ সালে বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া এক দর্শকের। উৎসবটির তৎকালীন প্রধান আইরিন ঝাও এই মন্তব্যের কথা স্মরণ করেন। তাঁর মতে, চীনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের জন্য উৎসবটি ছিল একটি ‘সাময়িক নিরাপদ আশ্রয়’। এখানে তাঁরা নিজেদের পরিচয় গোপন না করেই একে অপরের সঙ্গে দেখা করতে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং গ্রহণযোগ্যতার অনুভূতি পেতে পারতেন।
তবে চীনে এমন নিরাপদ পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে। দ্য ডিপ্লোম্যাট জানাচ্ছে, ২৯ অক্টোবর আয়োজকেরা ঘোষণা করেন, এ বছর বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে না। উদ্বোধনের মাত্র এক দিন আগে এই ঘোষণা আসে। এর আগে আয়োজকেরা কয়েক সপ্তাহ ধরে পুলিশের কাছ থেকে বারবার ফোন পেয়ে আসছিলেন।
একই দিনে চীনের আরেকটি স্বাধীন চলচ্চিত্র আয়োজন উহান বার্লিন ফিল্ম উইক তাদের প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয়। যদিও এই দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ নেই, তবে চীনে স্বাধীন সাংস্কৃতিক পরিসর এবং প্রচলিত সামাজিক রীতির বাইরে থাকা পরিচয় প্রকাশের জায়গাগুলো ক্রমবর্ধমান বাধার মুখে পড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
২০০১ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বেইজিং কুইয়ার চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি যৌনতা ও লিঙ্গপরিচয় নিয়ে আলোচনার একটি উন্মুক্ত মঞ্চ তৈরিই ছিল এর উদ্দেশ্য। শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হয়েছে উৎসবটি।
প্রথম আয়োজনটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে পুলিশের বাধার কারণে প্রদর্শনীর স্থান পরিবর্তন করতে হয়। ২০১১ সালে কর্মকর্তারা উৎসব বাতিলের নির্দেশ দিলে বেইজিংয়ের বিভিন্ন বার ও ক্যাফেতে প্রদর্শনীর আয়োজন করা হয়। ২০১৩ সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় বেইজিংয়ে তাৎক্ষণিক সরকারি বাধা ছাড়াই প্রদর্শনী আয়োজন সম্ভব হয়েছিল।
সম্প্রতি আবারও চাপ বেড়েছে চীনের কুইয়ার সম্প্রদায়ের ওপর। ২০২৩ সালের মে মাসে এলজিবিটিকিউ মানুষের সেবা ও মিলনস্থল হিসেবে পরিচিত বেইজিং এলজিবিটি সেন্টার কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একই বছরের আগস্টে উইচ্যাট বেশ কয়েকটি এলজিবিটিকিউ ও নারীবাদী সংগঠনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
২০২৫ সালের নভেম্বরে অ্যাপল জানায়, চীনের সাইবারস্পেস প্রশাসনের নির্দেশে দেশটির অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় সমকামী ডেটিং অ্যাপ ব্লুড ও ফিঙ্কা সরিয়ে নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে কিছু নির্মাতা দেশের বাইরে বিকল্প পরিসর তৈরির চেষ্টা করছেন। এর উদাহরণ ‘লেলালেস : ফ্লুইড লাভ’ নামের একটি লেসবিয়ান ডেটিং শো। শুরুতে সাংহাইয়ে এটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পুলিশের হয়রানির কারণে শেষ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং মাইয়ে শুটিং করতে হয়।
নির্মাতা অ্যাশলি জিয়াংয়ের ভাষ্য, এ প্রকল্পের সঙ্গে যুক্ত ৩০ জনের বেশি ব্যক্তির সঙ্গে পুলিশ যোগাযোগ করেছিল বা তাঁদের হয়রানি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে শোটির প্রচারেও বাধা দেওয়া হয়। পরে ইউটিউবে এটি প্রকাশ করা হয়।
যদিও দেশের বাইরে নির্মিত হলেও অনুষ্ঠানটি চীনা দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। লেসবিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম লেসপার্কে একজন দর্শক জানান, শুধুমাত্র অনুষ্ঠানটি দেখার জন্যই তিনি প্ল্যাটফর্মটিতে নিবন্ধন করেছেন।
বিশ্লেষকদের মতে, এসব বাধা সত্ত্বেও চীনে কুইয়ার জীবন থেমে যায়নি। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ড গোপনে বা দেশের বাইরে পরিচালিত হলে অংশগ্রহণের সুযোগ ও দর্শকসংখ্যা সীমিত হয়ে পড়ে।
একই সঙ্গে এসব বিধিনিষেধ সমাজের মূলধারায় কুইয়ার পরিচয়কে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে প্রান্তিক ও গোপন রাখার বার্তা দেয়। ফলে সৃজনশীল উদ্যোগের টিকে থাকার লড়াইয়ের আড়ালে ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক গ্রহণযোগ্যতার পরিসরও ক্রমেই সংকুচিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন