ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে বিদেশি পিস্তলসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২


গাজীপুরে বিদেশি পিস্তলসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে, যারা দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোটরসাইকেলসহ ধরা পড়েছে। সদর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

আজ বুধবার দুপুরে জিএমপির সদর থানায় একটি সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন এ তথ্য প্রকাশ করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলো লক্ষীপুর জেলার রায়পুর থানার কাজিরচর গ্রামের খোকনের ছেলে তানজিম আহমেদ সোহেল (৩০) এবং অন্যজন হলো গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার নীলের পাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. বাবু (৩০)।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হয়নি, তদন্ত চলছে

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার পাজুলিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জিএমপির সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, সিটি করপোরেশন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে ঘোজাডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুলের বিরুদ্ধে আবারও শ্ললতা হানিসহ নানা অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বসতবাড়ির সিঁড়িতে নবজাতক ছেলে শিশুর খোঁজ, প্রশাসন শনাক্তে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


নাসিরনগরে বসতবাড়ির সিঁড়িতে নবজাতক ছেলে শিশুর খোঁজ, প্রশাসন শনাক্তে কাজ করছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বসতবাড়ির সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২-৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে এবং সে সুস্থ আছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের ‘মাদারী বাড়ি’ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে বাইরে এসে তাকে দেখতে পান। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যা করা হয়।

নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং আইনগত অভিভাবকত্ব (দত্তক) সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। যদি শিশুটির প্রকৃত মা-বাবা বা স্বজনদের খোঁজ না পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী যোগ্য দম্পতির কাছে দত্তক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, "নবজাতকটি বর্তমানে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেউ আইনগতভাবে শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।"

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত আইন মেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের অনেকেই নবজাতকটির প্রতি মানবিক সহানুভূতি প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। প্রশাসন শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাকে সতর্ক করবে এফওপিএল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাকে সতর্ক করবে এফওপিএল

এফওপিএল ভোক্তাকে খাদ্যে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে।

দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনে 'ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং' (এফওপিএল) বা সহজ সতর্কবার্তা যুক্ত করার তাগিদ দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের প্যাকেটের সামনে যদি সুস্পষ্ট সতর্কবার্তা থাকে, তাহলে ভোক্তারা এক নজরেই জানতে পারবেন অতিরিক্ত লবণ, চিনি বা চর্বির উপস্থিতি সম্পর্কে। ফলে, স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এ সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা উচিত।

রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে আয়োজিত 'বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়' শীর্ষক দুই দিনব্যাপী (গতকাল ও আজ) সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব বিষয় বলেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটছে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে ১৯ শতাংশ অকাল মৃত্যু। অতিরিক্ত লবণ, চিনি ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এসব রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। খাদ্যের প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টিতথ্য সাধারণ ক্রেতাদের পক্ষে বোঝা বেশ কঠিন। কিন্তু প্যাকেটের সামনে সুস্পষ্ট লেবেলিং (এফওপিএল) চালু হলে সাধারণ মানুষ সহজেই অস্বাস্থ্যকর উপাদান সম্পর্কে ধারণা পাবেন।

কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, বাধ্যতামূলকভাবে এফওপিএল চালুর জন্য দ্রুতই প্রবিধানমালার খসড়া চূড়ান্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সতর্কীকরণভিত্তিক এফওপিএল বাস্তবায়নের ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা কমেছে। বাংলাদেশেও এটি দ্রুত চালু করা আবশ্যক।

জিএইচএআই’র বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস জানান, অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের সামনের স্পষ্ট সতর্কবার্তা ভোক্তাকে স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচনে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় আলোচক ছিলেন- অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)-এর আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, যুগ্ম-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় ম্যাটস পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


কালীগঞ্জের নলতায় ম্যাটস পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধিরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ম্যাটস এর ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয় ও অবকাঠামোর অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে গতকাল বিকাল ৩ টায় সাতক্ষীরা - ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দীস রবিউল বাসারের প্রতিনিধি হিসেবে পরিদর্শন করেন অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী। তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা বাইতুল মাল সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবু রাসেল আসকারী, বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ উপজেলা জামাতের ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, জামাত নেতা শাহিন আলম, এবং সাংবাদিক বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে জাবি ক্যাম্পাস প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ হয়েছিল: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে জাবি ক্যাম্পাস প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ হয়েছিল: উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস হয়ে ওঠে জাবি। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেন, যা তৎকালীন সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে আন্দোলনকে আরও গতিশীল করেছে।

গতকাল মঙ্গলবার রাতে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে অনুষ্ঠিত ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মারকফলক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাবি দেশের প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাসে পরিণত হয়েছে। এখান থেকেই আন্দোলন শক্তিশালী হয় এবং নেতৃত্ব বিকশিত হয়।'

তিনি আন্দোলনের বিভিন্ন অর্জনের মধ্যে শিক্ষার্থীদের সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠা, আবাসিক হলগুলোতে বৈধ আসন নিশ্চিত করা এবং ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন আয়োজনের উল্লেখ করেন।

২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণ করতে গিয়ে কামরুল আহসান বলেন, ওই দিন জাবি শিক্ষার্থীদের ওপর হামলাটি ক্যাম্পাসের প্রতিরোধ আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন আগে থেকেই চলছিল, কিন্তু ওই দিনের হামলা আন্দোলনে একটি নতুন ছন্দ এনেছিল।

তিনি আরো বলেন, ইতিহাস প্রদর্শন করে যে, যখন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখন সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষও পিছু হটতে বাধ্য হয়েছে।

উপাচার্য বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন ছিল জাকসু নির্বাচন। তিন দশকের বেশি সময় পর শিক্ষার্থীরা আবারও বিশ্ববিদ্যালয়ের সিনেটে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়।

বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে কথাকেড়ে, তিনি বলেন, গত দুই বছরে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানে কোনো ঘাটতি দেখা যায়নি। তিনি জানান, 'এ সময়ে তিনটি নতুন ব্যাচ ভর্তি হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৈধ আবাসিক আসন নিশ্চিত করা হয়েছে। একসময় হলে আবাসন সংকট ও নিপীড়নের জন্য শিক্ষার্থীদের পাঠদান কঠিন ছিল। এখন তারা নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে।'

জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. কামরুল আহসান বলেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য তরুণ প্রজন্মের আকাক্সক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে স্মারকফলক উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আবদুর রবসহ জাবির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই অভ্যুত্থান এবং ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে 'কালো রাত' উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হবে। রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, রাত ১২টায় এক মিনিটের ব্ল্যাকআউট, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%