প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বসতবাড়ির সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২-৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে এবং সে সুস্থ আছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের ‘মাদারী বাড়ি’ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে বাইরে এসে তাকে দেখতে পান। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যা করা হয়।
নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং আইনগত অভিভাবকত্ব (দত্তক) সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। যদি শিশুটির প্রকৃত মা-বাবা বা স্বজনদের খোঁজ না পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী যোগ্য দম্পতির কাছে দত্তক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, "নবজাতকটি বর্তমানে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেউ আইনগতভাবে শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।"
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত আইন মেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের অনেকেই নবজাতকটির প্রতি মানবিক সহানুভূতি প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। প্রশাসন শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন