বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতী শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ অর্জন করেছেন।
এ সম্মাননা তাকে জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীনবরণ, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
মো. এনামুল হাসান কাওছার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০ সিজিপিএ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ অর্জন করে উভয় ক্ষেত্রেই প্রথম স্থান লাভ করেন।
এদিকে তিনি বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। ধারাবাহিক এ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডা. জিয়াউল ইসলাম মুন্না, সহকারী একান্ত সচিব (এপিএস), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উইং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিনসহ জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় কাওছার বলেছেন, এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাকে শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এ অর্জনের পেছনে আমার শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
বর্তমানে মো. এনামুল হাসান কাওছার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)-এর জনসংযোগ ও যোগাযোগ বিভাগের টিম লিড হিসেবে কর্মরত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর আজ ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ শুভেচ্ছা জানান।
ফিলিপাইনের রাজধানীতে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সমবেত হলে সেখানে এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের ঘটনা ঘটে।
এদিকে, বুধবার এই ফোরামের ফাঁকে খলিলুর যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকের এ বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পরিসরে অভিন্ন উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
খলিলুর ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ম্যানিলায় এসব সক্রিয়তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবারও সোনার বাজারে মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মূল্যবান এই হলুদ ধাতুর দামে ঘটেছে বড় ধরনের পতন।
এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ৩৩ মিনিটে মার্কিন সোনার দাম এক লাফে ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে নেমে গেছে স্পট মার্কেটে। আর আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে নেমে গেছে ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে। খবর রয়টার্সের।
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় তেলের দাম বেড়ে গেছে। এতে করে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষের দিকে সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে—এমন উদ্বেগও দেখা দিয়েছে। আর এর ফলে মন্দা দেখা যাচ্ছে সুদবিহীন সম্পদ সোনার বাজারে।
ট্রাডু.কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, তেলের উচ্চমূল্য এবং দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকার সম্ভাবনা স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। আগামী দিনে মূল্যবান এই ধাতুর দাম আরও কমে ৩ হাজার ৯০০ ডলারে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সোনার পাশাপাশি বিশ্ববাজারে পতন ঘটেছে অন্যান্য ধাতুর দামেও। এর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৫৮ দশমিক ৮৫ ডলার, প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ২৭২ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বৃহস্পতিবার ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম-এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য প্রদানকালে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা খুবই জরুরি।
তার বক্তব্যে এআরএফের বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে প্রসঙ্গ তোলা হয়েছে।
এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য এআরএফের আওতায় একটি প্রযুক্তি শাসন কাঠামো গড়ে তোলার জন্য আহ্বান জানান।
এছাড়া, তিনি আন্তর্জাতিক আইন অনুসরণ করে শান্তিপূর্ণভাবে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির গুরুত্বের ওপরও জোর দেন।
৩৩তম এআরএফ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি, প্রযুক্তি ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) একটি চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে, যার কাছে ২০০ পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২২ জুলাই) রাতে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হাবিবুর রহমান বাবু (৩০) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমিন মডেল টাউন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি উত্তরের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ