০৪:১০ এম
বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অবিলম্বে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দাবি না মানলে তা একদফায় রূপ নেবে এবং দেশের স্বার্থে সেই ডাক দিতে বাধ্য হবেন বলেও তিনি সতর্ক করেছেন।
শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "কুষ্টিয়াবাসী আপনারা বিকেল থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন। রাত ১২টা বাজতে চলল; আর এর আগেই বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। আমরা আপনাদের দাবি নিয়ে সামনে হাজির হয়েছি। ১১ দলের নিজস্ব কোনো দাবি নেই, আমরা যে সাত দফা নিয়ে মাঠে নেমেছি, তার সবই এ দেশের সাধারণ মানুষের দাবি।"
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, "১৪ শতাধিক সন্তানের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছিল, এই সরকার তা লালন করছে না।" একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ আর সংসদ নির্বাচনকে বৈধ বলা চরম প্রবঞ্চনা বলেও তিনি মন্তব্য করেন। রাজনীতির নোংরা ধারা মাটির নিচে চাপা দিয়ে বৈষম্যহীন ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়াই ছিল শহীদদের মূল আকাঙ্ক্ষা।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করে সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে উল্লেখ করে তিনি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "ইতিহাস সাক্ষী, যখনই জনগণের রায়কে অগ্রাহ্য করা হয়েছে, তখনই সংশ্লিষ্ট গোষ্ঠীকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ভালোয় ভালোয় জনগণের সাত দফা মেনে নিন, তা না হলে আন্দোলন একদফায় রূপ নেবে।"
সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মুহসীনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, চাকসুর ভিপি মো. ইব্রাহীম হোসেন (রনি), ডাকসুর জিএস এস এম ফরহাদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ জোটের শীর্ষ নেতারা।
সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন