০৭:২৭ পি.এম
বরিশালের বাবুগঞ্জে তামান্না আক্তার ঐশী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু রহস্যময়ভাবে ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্বামী ও তার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঐশীর মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ।
আরও পড়ুন: কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান
নিহত ঐশী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহ আলম হাওলাদারের কন্যা। প্রায় ১০ মাস আগে কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের কাদের খানের পুত্র সোহেল খানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ করে সোহেল ঐশীর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। প্রায় সময়ই তাকে মারধর করা হতো।
নিহতের চাচা মো. সোহেল জানান, সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি ঐশীকে বিয়ে করেছিলেন। কিন্তু কয়েক মাস আগে থেকে সাবেক স্ত্রীর সঙ্গে সোহেলের পুনরায় যোগাযোগ শুরু হয়। এরপর থেকেই প্রতিদিন ঐশীকে মারধর করা হতো।
নিহতের বড় বোনের স্বামী ফয়েজ রহমান জানান, ঐশীকে মারধরের ঘটনায় তারা একাধিকবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি। তাকে নিজেদের কাছে নিয়ে এলেও আবার ফিরিয়ে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করা হতো। শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকেই বিদায় নিতে হলো।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঐশীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বামী সোহেল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম জানান, ঐশীকে হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। তার কপালে ও চোখে আঘাতের কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এছাড়া নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সোহেল খান ও তার ছোট ভাইকে থানা হেফাজতে নেয়া হয়েছে।’
আরও পড়ুন: টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন