১১:২১ পি.এম
শিক্ষা অধিকার সংসদ ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ প্রস্তাবে উদ্বিগ্ন। এটা অত্যন্ত উদ্বেগজনক।
এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)-এর পরিবর্তে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে। শিক্ষা অধিকার সংসদ এই প্রস্তাবকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে।
তাদের মতে, যোগ্যতাহীন বা অপ্রস্তুত কারো হাতে নিয়োগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। এর ফলে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষাব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দুর্বল হবে।
আরও পড়ুন: এনআইডি নিবন্ধনের আবেদন বাতিলের নতুন কারণ জানাল নির্বাচন কমিশন
এক বিবৃতিতে, শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন সরকারের কাছে এই সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছেন।
শিক্ষকদের নিয়োগ শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে, বাংলাদেশের অনেক অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং জবাবদিহিতা নেই। বহু ক্ষেত্রেই এসব কমিটি স্থানীয় রাজনৈতিক প্রভাব, ব্যক্তিস্বার্থ এবং আত্মীয়করণ দ্বারা প্রভাবিত হয়।
তাদের হাতে ক্ষমতা দিলে অযোগ্য ও কম যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের পথ সুগম হবে। শিক্ষার অধিকার সংসদ এনটিআরসিএ-এর কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে। তারা জানিয়েছে, ম্যানেজিং কমিটির বিরোধিতা করার মানে এনটিআরসিএ-এর বর্তমান সীমাবদ্ধতাকে সমর্থন করা নয়।
শিক্ষা অধিকার সংসদ বলছে, এনটিআরসিএ দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক প্রক্রিয়া, অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাই, শিক্ষায় দুর্নীতি কমাতে হলে এনটিআরসিএ-কে বাতিল না করে একটি স্বাধীন, স্বচ্ছ, পেশাদার ও জবাবদিহিমূলক জাতীয় নিয়োগ কর্তৃপক্ষ গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে যুবক আটক
পরিস্থিতি উত্তরণে শিক্ষা অধিকার সংসদ সরকারের কাছে ৬টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে। প্রথমত, তারা প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে। দ্বিতীয়ত, স্বাধীন সংস্কার কমিশন গঠন করা উচিত। তৃতীয়ত, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে হবে। চতুর্থত, নিয়োগের মানদণ্ড, মেধাতালিকা এবং অপেক্ষমাণ তালিকা সহ সব তথ্য উন্মুক্ত করতে হবে। পঞ্চমত, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত একটি তদারকি ব্যবস্থা চালু করতে হবে। ষষ্ঠত, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা থাকতে হবে।
শিক্ষা অধিকার সংসদ সরকারকে জাতীয় স্বার্থ এবং শিক্ষাব্যবস্থার গুণগত মান রক্ষা করতে স্কুল ম্যানেজিং কমিটির নিয়োগ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন