০১:২৯ এম
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়। এ সময় ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে আটক করা হয়। একই সঙ্গে অস্ত্রবিরোধী অভিযানে ৩টি বগি দা ও ৩টি চাকু উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রসহ আরও ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
বিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়িয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ টিমগুলো মাঠে সক্রিয় রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিএমপির কর্মকর্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন