ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক


মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ সংযোগ স্থাপন করে। পরে চুরি করা তেল মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাধবপুর থানায় সাবেক এক ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির কাছে কনডেনসেট চুরির ঘটনা শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে পাঁচ থেকে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা দেখতে পান। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কনডেনসেট চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে কনডেনসেট সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে। চুরি হওয়া কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে সুকৌশলে কনডেনসেট বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা প্রকাশ করল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস প্রদান করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসাথে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ২ স্থানে আগুনে প্রাণ গেল ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


দিল্লির ২ স্থানে আগুনে প্রাণ গেল ৪ জনের

ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনার স্থান করোলবাগের গাফফার মার্কেটের একটি দোকান, যেখানে ভয়াবহ আগুন লেগেছে। অপরদিকে, মঙ্গোলপুরি শিল্প এলাকার একটি জুতা তৈরির কারখানায় আগুনের ফলে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে ২২টি ইউনিট কাজ করে। পাশাপাশি, পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জামও ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় অবস্থিত একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ সম্পন্ন হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। কারখানাটির ঠিকানা বি-২৯৩/২৯৪। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।

এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভেতরে ২০ থেকে ২৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বের হতে সক্ষম হলেও ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


দাম বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

দেশের বাজারে গতকাল বৃহস্পতিবার সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকার অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির মতো বিদায়ি ম্যাচের পরিকল্পনা, রোনালদোর অস্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


মেসির মতো বিদায়ি ম্যাচের পরিকল্পনা, রোনালদোর অস্বীকৃতি

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে বিশেষ সম্মানের সঙ্গে বিদায় জানানোর পরিকল্পনা করেছিল। কিন্তু কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো দেশের জার্সিতে বিদায়ি ম্যাচে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন। এই তথ্যটি পর্তুগিজ দৈনিক অবজার্ভারের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী এই সুপারস্টার দেশের জার্সিতে আর কোনো আনুষ্ঠানিক ম্যাচে মাঠে ফেরার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। ফলে এফপিএফের পক্ষ থেকে যে বিদায়ি ম্যাচের আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, তার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্রিস্টিয়ানো রোনালদো তার দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার এই ঘোষণার পরপরই পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক আবেগঘন বিবৃতিতে সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার অসাধারণ কীর্তিকে সম্মান জানাতে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা জানায়। তবে মাঠে নেমে ম্যাচ খেলার ব্যাপারে রোনালদোর অনীহা ফেডারেশনের সেই পরিকল্পনাকে জটিল করে তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় দলের কোচ জর্জ হেসুসের সঙ্গে গতকাল রোনালদোর একটি গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপ হওয়ার কথা ছিল, যেখানে এফপিএফ সভাপতি পেদ্রো প্রয়েঙ্কার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ফোনালাপ অনুষ্ঠিত হয়নি। প্রতিবেদনটি ইঙ্গিত করছে যে, সিআরসেভেন বর্তমান কোচ জর্জ হেসুসের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে রাজি নন।

সেপ্টেম্বর মাস থেকেই দুজনের সম্পর্কের অবনতি ঘটে। ওই সময় পর্তুগালের একটি ট্রেনিং ক্যাম্প চলাকালীন খেলার সময় বা ম্যাচ টাইম নিয়ে কোচের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এবং রোনালদো ক্যাম্প ছেড়ে চলে যান।

তবে কোচ জর্জ হেসুস এর আগে প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি সবসময় রোনালদোকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, "নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার কিভাবে শেষ হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার একমাত্র এই ফরোয়ার্ডেরই থাকা উচিত।" আসন্ন নেশনস লিগের ম্যাচে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে স্কোয়াডে রোনালদোকে রাখার পরিকল্পনা ছিল কোচের। কিন্তু হেসুসের সেই ভাবনার তোয়াক্কা না করেই রোনালদো সরাসরি ফেডারেশন সভাপতি প্রয়েঙ্কাকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেন।

বিদায়ী ম্যাচে মাঠে নামার ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ার উদযাপন এবং তাকে যথাযথ সম্মান জানানোর বিষয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অবস্থানে অটল রয়েছে।

এফপিএফের অফিসিয়াল বিবৃতিতে পর্তুগিজ ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার অসামান্য অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ খেলোয়াড়দের ওপর তার প্রভাবের কথা স্মরণ করা হয়েছে।

এছাড়া, পর্তুগাল জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। তার হাত ধরে ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছিল পর্তুগাল।

তবে বিদায়ী ম্যাচের জন্য এফপিএফের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ বা ভেন্যু ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত মাঠে না নেমেও রোনালদো এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে জল্পনা-কল্পনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%