১০:৪০ এম
ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনার স্থান করোলবাগের গাফফার মার্কেটের একটি দোকান, যেখানে ভয়াবহ আগুন লেগেছে। অপরদিকে, মঙ্গোলপুরি শিল্প এলাকার একটি জুতা তৈরির কারখানায় আগুনের ফলে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে ২২টি ইউনিট কাজ করে। পাশাপাশি, পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জামও ঘটনাস্থলে পাঠানো হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় অবস্থিত একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ সম্পন্ন হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি
এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। কারখানাটির ঠিকানা বি-২৯৩/২৯৪। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।
এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভেতরে ২০ থেকে ২৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বের হতে সক্ষম হলেও ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন