বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:১৯ পি.এম
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সরকার প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আজ জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বর্তমানে যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, প্রবাসীদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার ব্যবস্থা রয়েছে।
তিনি উল্লেখ করেন, দূতাবাস পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়। তাই দ্রুততম সময়ে পাসপোর্ট ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা হয়।
তিনি জানান, এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্রের আবেদন দূতাবাসে গ্রহণ করা হলেও তা নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়।
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচি বা ক্র্যাশ প্রোগ্রামের আওতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে কনস্যুলার সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ গ্রহণ করতে পারছেন। এতে তাদের সময়, ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমছে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি, প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও পররাষ্ট্র মন্ত্রী জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদকে অবহিত করেছেন যে, পুরো ঢাকা শহরকে সিসিটিভি নজরদারি ব্যবস্থার আওতায় আনতে যে প্রকল্পটি রয়েছে, তার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘যাচাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ডিপিপি বর্তমানে পুনর্গঠন করা হচ্ছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিলে পুরো ঢাকা মহানগর এলাকাকে সিসিটিভি নজরদারি ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।’
আজ সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ কামাল হোসেনের (ঢাকা-৫) লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে আজ বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্পটি পুরো ঢাকা শহরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন না পাওয়া নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরো বলেন, প্রকল্পটির প্রাথমিক ডিপিপি নিয়ে ২০২৬ সালের ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘যাচাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপিটি বর্তমানে পুনর্গঠন করা হচ্ছে।’
কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের অন্য এক লিখিত প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিকায়ন এবং এর কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় ডকইয়ার্ডে পাঁচটি নতুন ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, একই সঙ্গে কোস্ট গার্ডের গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বাড়াতে কোস্ট গার্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিআরডিসি) প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম (সিএসএস) প্রতিষ্ঠার কার্যক্রমও চলছে। এর মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন, পরিচালনাগত সমস্যা মোকাবিলা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করা হবে।
মহিলা আসন-৪৯ এর স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ কোটি ৫৫ লাখ ইয়াবা ট্যাবলেট, ২৯ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন (আইস), ৯ দশমিক ৫ কেজি হেরোইন, ১ কেজি আফিম, ১৪ বোতল এলএসডি, ২৬ হাজার ৪৭৪ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৭০৭ কেজি গাঁজা এবং ৫৭ হাজার ৪৬৯ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে।
তিনি বলেন, চলতি বছরে এসব অভিযানে ১ হাজার ২১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে আধুনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করে ভারত-মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশের পথগুলো বন্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে সফরকারী পাকিস্তান ইংল্যান্ড বোলারদের দাপটে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করে, ফলে তারা ৬ উইকেট হাতে রেখে ২৩ রানে এগিয়ে রয়েছে।
বার্মিংহামে টস হেরে গতকাল প্রথমে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। পাকিস্তান তাদের দুই পেসার ওলি রবিনসন ও জোফরা আর্চারের বোলিংয়ের মুখে ২৬ রানে ৪ উইকেট হারায়। সাইম আইয়ুব শূন্য, আজান আওয়াইস ৯, আব্দুল্লাহ শফিক ৩ এবং শান মাসুদ ৫ রানে আউট হন।
এরপর ইংল্যান্ডের আরেক পেসার জশ টাংয়ের দাপটে পাকিস্তান দ্রুত গুটিয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়ে। তাদের অষ্টম উইকেট পতন ঘটে ১০১ রানে। শেষ পর্যন্ত সৌদ শাকিলের ৪৩ রানের সুবাদে পাকিস্তান ১৩৩ রান করতে সক্ষম হয়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ আব্বাস।
ইংল্যান্ডের টাং ৪টি উইকেট নেন, রবিনসন ও আর্চার ৩টি করে উইকেট দখল করেন।
ব্যাট হাতে নেমে ইংল্যান্ড ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। বেন ডাকেট ১১, জর্ডান কক্স ৪ এবং অধিনায়ক জো রুট ৮ রান করেন। তবে চতুর্থ উইকেটে ইমিলো গে ও হ্যারি ব্রুক ১০৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন। গে ৯টি চারে ৬০ রানে আউট হন।
দিন শেষে ব্রুক ৫২ রানে অপরাজিত থাকেন এবং তার সাথে ৫ রানে অপরাজিত ড্যান লরেন্সও রয়েছেন।
পাকিস্তানের অভিষিক্ত পেসার রাজাউল্লাহ ২ উইকেট নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : অভিষেক ম্যাচে অংশগ্রহণকারী জর্ডান হারমানের রেকর্ড সেঞ্চুরির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা করেছে।
গত রাতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনের অধীনে ৯৯ রানে নামিবিয়াকে পরাজিত করে। হারমান তার অভিষেক ওয়ানডেতে ১৫০ রানের একটি অসাধারণ ইনিংস উপহার দেন।
অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসে সতীর্থ ম্যাথু ব্রিটস্কির রেকর্ডে সমতা অর্জন করেন হারমান। ব্রিটস্কি গত বছরের ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন। এখন ওয়ানডেতে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডটি ব্রিটস্কি এবং হারমানের মধ্যে ভাগাভাগি হয়েছে।
উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করে। ওপেনার হিসেবে মাঠে নেমে ১৭টি চার এবং ৩টি ছক্কা মেরে ১২৬ বলে ১৫০ রান করেন হারমান।
এছাড়াও টনি ডি জর্জি ৭২, ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ এবং কর্বিন বশ ৩৯ রান করেন। দ্বিতীয় উইকেটে হারমান ও জর্জি ১৬৭ বলে ১৯০ রানের একটি জুটি গড়েন।
বোলিংয়ে নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ৬৮ রানে ৪ উইকেট নেন।
জবাবে নামিবিয়া ২১ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারণে খেলা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে ৩৮ ওভারে ৩০১ রানের টার্গেট পায় নামিবিয়া।
পরে ১৫ বল খেলার পর আবারও বৃষ্টি খেলা বন্ধ করে দিলে ৩১ ওভারে ২৬২ রানের নতুন টার্গেট পায় নামিবিয়া। শেষ পর্যন্ত ৩১ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলে ম্যাচে পরাজিত হয় নামিবিয়া।
দলের হয়ে মালান ক্রুগার ৩৪ এবং জেজ স্মিথ ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হারমান।
আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : ইনভেস্ট বাংলাদেশ রুগ্ন, অকার্যকর ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রণীত খসড়া নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত আহ্বান করেছে।
এ উদ্যোগের উদ্দেশ্য হল রাষ্ট্রীয় সম্পদ, শেয়ার ও স্বত্ব হস্তান্তর অথবা কৌশলগত বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করে শিল্প উৎপাদন বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খসড়া নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পাঠানোর শেষ সময় আগামী ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর (২০২৬ সনের ১০৪ নং আইন) ধারা ৪৮-এ প্রদত্ত ক্ষমতাবলে কর্তৃপক্ষ এ খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।
প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন রুগ্ন, অকার্যকর বা বন্ধ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অব্যবহৃত সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদন বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
খসড়া নীতিমালায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের প্রস্তাব করা হয়েছে।
এতে সরকারি স্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য অর্থনৈতিক মূল্য সংরক্ষণ এবং লেনদেন-পরবর্তী বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য একটি সমন্বিত কাঠামো রাখার প্রস্তাব করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, খসড়া নীতিমালা প্রণয়নের অংশ হিসেবে গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে মতামত আহ্বান করে।
প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রযোজ্য ও যৌক্তিক মতামতগুলোকে যথাসম্ভব খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নীতিমালাটিকে আরও কার্যকর, বাস্তবসম্মত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও শিল্প সংগঠন, দেশি-বিদেশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পেশাজীবী ও বিশেষজ্ঞসহ অন্যান্য অংশীজনের মতামত চাওয়া হয়েছে।
খসড়া নীতিমালা পর্যালোচনা করে মতামত, পর্যবেক্ষণ বা সুপারিশ থাকলে নির্ধারিত ছক অনুযায়ী বাংলা ভাষায় নিকোশ ফন্টে প্রস্তুত করে স্বাক্ষরিত মতামতের স্ক্যানকৃত কপি ও সম্পাদনযোগ্য ফাইল আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
মতামত ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। ই-মেইলের বিষয় হিসেবে Comments on Strategic Divestiture উল্লেখ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ