০৬:৪২ পি.এম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নৌ পুলিশ এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক, হেলপার, সুপারভাইজার ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে।
শুক্রবার (৫ জুন) রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জামালপুরের জেলা প্রশাসক
মামলার আসামি বাসের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজার আজমল হোসেন (৩৮) ও হেলপার শাকিব হোসেন (২২) গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, শুক্রবার (৫ জুন) সকাল ৯ টা ২৫ মিনিটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে থাকা ৩৭ থেকে ৪০ জন যাত্রী নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার জন্য যেতে থাকে। এরই মধ্যে বাসের চালক বাসটি চালিয়ে পন্টুনের বামপাশে লোড হওয়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে না উঠে পন্টুনের মাঝ পকেটে থেমে থাকা করবী ফেরিতে ওঠে। এসময় চালক ওই ফেরির র্যাম্পে সজোরে ধাক্কা দিয়ে র্যাম্পের সিটকিনি ও শিকল ছিড়ে যাত্রীদের মালামালসহ বাসটি নদীতে ফেলে দেয়। বাসটি নদীতে পড়ার আগে হেলপার ও সুপারভাইজার লাফ দিয়ে নেমে যায়। আর চালক সাঁতরে পন্টুনের কাছে এলে স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ তাকে উদ্ধার করে।
এ দুর্ঘটনার ফলে করবী ফেরির র্যাম্প, ক্যাবল ও শিকল ছিড়ে যায় এবং যাত্রীদের মালামাল ভিজে, নদীর পানিতে ডুবে ও খোয়া গিয়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন প্রদীপ নিভল পদ্মায় বাসডুবিতে
আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানিয়েছেন যে, মামলার আসামি বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য অজ্ঞাতনামা আসামি বাসের পরিচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন