০৯:২০ পি.এম
nপ্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ ও বর্ণাঢ্য মুবারক র্যালি, যা পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয়। বুধবার বাদ যোহর সোবহানীঘাট থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লি, আশিকে রাসূল (সা.), আলেম-উলামা, ছাত্র ও সর্বস্তরের জনতা সমবেত হন। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মীলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
দুপুরের দিকে বের হওয়া র্যালিতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, হাতে ছিল বর্ণিল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। সিলেটের রাজপথে সবুজসহ নানা রঙের পতাকার ঢেউ যেন এক অনন্য দৃশ্য তৈরি করে। তরুণ-যুবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নগরীর রাজপথে নাতে রাসূল (সা.), দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। পথে নগরবাসী ও পথচারীদের অনেকেই দাঁড়িয়ে এই বর্ণাঢ্য আয়োজন প্রত্যক্ষ করেন।
দীর্ঘ র্যালির সুশৃঙ্খল সারি, পতাকা ও ব্যানারের বর্ণিলতা এবং ধর্মীয় আবহ পুরো নগরীকে উৎসবমুখর করে তোলে। প্রতিবছর ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, যা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত।
সিলেটের এবারের মুবারক র্যালি নবীপ্রেমে আবেগাপ্লুত হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক স্মরণীয় আয়োজন হয়ে উঠেছে, যা বহন করেছে একটাই বার্তা: প্রিয় নবী (সা.)-এর ভালোবাসা হৃদয়ে ধারণ করে তাঁর আদর্শ অনুসরণ করাই ঈমানি জীবনের সৌন্দর্য।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন