শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫৫ পি.এম
শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসের বিভাগীয় কার্যক্রম ও সার পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ি ক্রপস উইংয়ের পরিচালকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন। সার বিক্রয় ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলারের গুদাম এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু। উপজেলার সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আলমগীর কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
এদিন উপজেলার বিভিন্ন সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করা হয়। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে কিনা, কৃত্রিম সার সংকট সৃষ্টির সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদারকি করেন তারা। সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার সরবরাহের বিষয়ে অধিক গুরুত্ব দিতে পরামর্শ প্রদান করা হয়। এক্ষত্রে সার ডিলারদের অধিকতর সচেতন থাকারও পরামর্শ দেন ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের পরিচালক ড. সালমা লাইজু।
এসময় উল্লেখিত কর্মকর্তাগন ছাড়াও জেলা-উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
সার ব্যবস্থাপনা পরিদর্শন শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে বিভাগীয় কনফারেন্সে মিলিত হন তারা। এসময় মাটির স্বাস্থ্য রক্ষায় ও নিরাপদ রাসায়নিক মুক্ত কৃষির উৎপাদনশীলতা বাড়াতে কৃষকের জমিতে জৈব বালাইনাশক এবং জৈব সার প্রয়োগের পরামর্শ প্রদান করা হয়। এবিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের কারণে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরো একজনের মৃত্যু ঘটেছে। ফলে, মৃত্যুর সংখ্যা এখন ৩ জনে পৌঁছেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তানিয়া আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, এই ঘটনায় আরো দুজনের মৃত্যু ঘটে। তাদের মধ্যে বাবা-ছেলে সিদ্দিক বেপারী (৫৫) ও মো. ইমন (২৬) অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এতে সিদ্দিক বেপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) এবং তানিয়া আক্তার (২০) দগ্ধ হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলমান বাসভাড়া নিয়ে বিরোধের মাঝে আপাতত বর্তমান ভাড়ার হার বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী রোববার পর্যন্ত এই রুটে বাসভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সাথে বাস মালিকপক্ষ ও পুলিশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে রোববার পর্যন্ত বর্তমান ভাড়া অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। বাস মালিকপক্ষ এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাসভাড়া বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে সংগঠনটি নারায়ণগঞ্জের ছাত্র-জনতার একটি প্রাথমিক বিজয় হিসেবে বিবেচনা করছে।
ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকার বেশি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সংগঠনটির দাবি, সাধারণ যাত্রীদের জন্য ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা নির্ধারণ করতে হবে। এই দাবিতে তারা অটল থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, বাসভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী রোববার বাস মালিক, প্রশাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, “সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।” তিনি উল্লেখ করেছেন যে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখর উদ্দিন আহমেদ বলেন, “গত ১৭ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।” তিনি আরও বলেন, “অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজারো নেতাকর্মী কারাবরণ করেছেন।” এসব ঘটনার কারণে স্বজনদের চোখের পানি এখনো শুকায়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন, বাড়িছাড়া ছিলেন কিংবা স্বজন হারিয়েছেন, তাঁরা এসব কর্মকাণ্ড মেনে নেবেন না।”
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আব্দুল খালেক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চিত্রাঙ্কন ও সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থদিনে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশু-কিশোররা তাদের রঙতুলিতে বাংলাদেশের পতাকা, গ্রামীণ দৃশ্যপট, নদ-নদী, প্রাণ-প্রকৃতি, শরৎকাল ও নড়াইল জেলার ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন বিষয় চমৎকার ভাবে ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক চিত্রশিল্পী সমীর বৈরাগী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।
এদিকে, গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় ২৫০ শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু থেকে উন্মুক্ত পর্যায়ে চারটি গ্রুপে চিত্রাঙ্কন এবং তিনটি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরণের বই পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। ২৫ থেকে ৩০% ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) মেলা শেষ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ