মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
১০:০০ এম
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন দুই দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার, জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে একটি দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওর প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে গত সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের নাকাসোনে ইয়াসুতাকা।
উপ-প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এছাড়া, প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের তৃতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে তিনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন গিয়েছিলেন। এছাড়া, গত সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। দেশটির প্রধান দুই নির্বাচনি জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার লক্ষণ দেখা যাচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটের ফল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে, যিনি দেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় আছেন। ইসরাইলে ভোটার সংখ্যা প্রায় ৭৩ লাখ। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসরাইলের আইন অনুযায়ী ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তারা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। আসন বণ্টন প্রাপ্ত ভোটের অনুপাতে হয়। নেসেটে প্রবেশের জন্য কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।
যুদ্ধবাজ নেতানিয়াহু তার দল লিকুদকে নিয়ে ডানপন্থি ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। তার সরকারের গুরুত্বপূর্ণ শরিক কট্টর ডানপন্থি ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম। বেন-গভির জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং স্মোত্রিচ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অতি রক্ষণশীল ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমও নেতানিয়াহুর সম্ভাব্য মিত্র।
অপরদিকে, ইয়াশার, টুগেদার, ইসরাইল বেইতেনু ও ডেমোক্র্যাটসদের নিয়ে বিরোধী শিবির গঠিত হয়েছে। এই শিবির জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সাবেক সেনাপ্রধান ও ইয়াশারের নেতা গাদি আইজেনকটকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীদের মধ্যে এগিয়ে রাখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও টুগেদারের নেতা হিসেবে দাবিদার। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদও সরকারের প্রধান হওয়ার দাবিদার।
গত শুক্রবারের এক জরিপ অনুযায়ী, লিকুদ ও ইয়াশার ২২টি করে, টুগেদার ১৪টি এবং ডেমোক্র্যাটস ও জয়েন্ট লিস্ট ৯টি করে আসন পেতে পারে। জিউইশ পাওয়ার, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম ৮টি, ইসরাইল বেইতেনু ও রিলিজিয়াস জায়োনিজম ৭টি করে এবং রা’আম ৫টি আসন পেতে পারে।
এভাবে নেতানিয়াহুর শিবিরের ৫৩ এবং বিরোধী শিবিরের ৫২টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে হলো, কোনো জোটেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। ফলে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর সমর্থন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তবে আইজেনকটসহ অধিকাংশ বিরোধী নেতা তাদের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করেছেন। সমঝোতা না হলে আবার নির্বাচন হতে পারে। ততদিন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন নেতানিয়াহু। নেতানিয়াহু এ পর্যন্ত ছয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন। আবার সরকার গড়তে পারলে এটি হবে তার সপ্তম মেয়াদ।
ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর এটিই প্রথম নির্বাচন। নিরাপত্তাব্যর্থতার দায় ও স্বাধীন তদন্তের দাবি ভোটের বড় বিষয়। নেতানিয়াহু দায় নিতে অস্বীকৃতি জানালেও বিরোধীরা জবাবদিহি চাইছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি এবং রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক নিয়েও ভোটারদের মধ্যে ক্ষোভ রয়েছে।
গাজার বাস্তুচ্যুত বাসিন্দা মোহাম্মদ ইলিয়ান আলজাজিরাকে বলেছেন, "নেতানিয়াহুর হারলেও ইসরাইলের নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। তারপরও আমি নেতানিয়াহুর পরাজয় চাই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যান। তবে যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের সব প্রচেষ্টা বিফলে যাবে। তাই মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা জরুরি।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
এই এলাকায় দোকানপাট বন্ধ থাকবে: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিউজিল্যান্ড-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সকল খেলা দেখা সম্ভব নয়। তাই আপনাকে আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। ঠিক করে ফেলুন কখন কোন খেলায় আপনার নজর থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। একইদিনে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভারত-শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এছাড়া কারাবাও কাপে আর্সেনাল মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–খুলনা
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ–চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি
ঢাকা–রাজশাহী
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি
রংপুর–বরিশাল
সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি
৩য় টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–ভারত
বেলা ১টা, সনি স্পোর্টস ১ ও ট্যাপম্যাড
ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তান–শ্রীলঙ্কা
বেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড
কেপটাউন টেস্ট : ১ম দিন
দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
বেলা ২–৩০ মি., ট্যাপম্যাড
কারাবাও কাপ
ফ্লিটউড টাউন–আর্সেনাল
রাত ২টা, ফ্যানকোড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নিজের রাজনৈতিক পথচলায় দলের জ্যেষ্ঠ নেতাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন আরিফুজ্জামান আরব।
আরিফুজ্জামান আরব উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবীব এবং ছাত্রনেতা আল আমিন হোসেন।
সাক্ষাৎকালে আরিফুজ্জামান আরব বলেন, আমি পাচুড়িয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য। এ পথচলায় দলের জ্যেষ্ঠ নেতাদের আন্তরিক ভালোবাসা, দিকনির্দেশনা ও দোয়া কামনা করছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, রাজনীতিতে মানুষের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের পাশে থেকে তাঁদের সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে কাজ করা প্রয়োজন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই রাজনৈতিক কর্মীদের দায়িত্ব।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার বিষয়ে মতবিনিময় করেন। পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আরিফুজ্জামান আরবের এ সৌজন্য সাক্ষাৎ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ