মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
০২:৩৭ পি.এম
পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ১০ জন কৃতি ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে নওগাঁর সাপাহার উপজেলার উচাডাঙ্গায় অবস্থিত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ক্বওমী ও তাহফীজুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষ।
সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি মাদরাসার পক্ষ থেকে তাদের বিশেষ উপহার প্রদান করা হয়।
মাদরাসার পরিচালক শায়খ হাফেজ কাওসার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম।
এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীন হাফেজদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের অমূল্য সম্পদ। কুরআন হিফজের মাধ্যমে শিক্ষার্থীরা এক অনন্য মর্যাদা অর্জন করেছে। তারা যেন কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারে, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন, জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মানসিকতা ব্রিটিশ আমলের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি। তিনি উল্লেখ করেন, স্বাধীন দেশে কর্তৃত্ববাদী মনোভাবের পরিবর্তে জনগণের অধিকার ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। নতুন বাংলাদেশে আর কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলতে দেওয়া যাবে না।
রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বগা সেতু নির্মাণ প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, ‘আমি ক্রেডিট চাই না, দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বগা সেতু চাই।’ তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেতুটি নির্মাণের জন্য চেষ্টা শুরু করেন। সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সেতুমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। মন্ত্রী নিজে বাউফল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, একটি জনবিচ্ছিন্ন মহল বগা সেতু নির্মাণ বন্ধে নানা ষড়যন্ত্র করছে। তবে যত ষড়যন্ত্রই হোক, বগা সেতুর নির্মাণকাজ শুরু হবেই, ইনশাআল্লাহ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি বাউফলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা। সেতুটি নির্মিত হলে বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে। কে কৃতিত্ব নেবে বা কার নামে সেতুটি পরিচিত হবে, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করাই তার প্রধান লক্ষ্য।
সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রয়োজনে বগা সেতু নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। সরকারের আন্তরিকতা সম্পর্কে তারা অবগত। প্রধানমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর বিষয়ে বিশেষভাবে তদারকির নির্দেশনা দিয়েছেন।
জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এলাকার প্রকৃত মালিক জনগণ, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সেবক। তার কোনো কর্মী কিংবা পরিবারের কেউ অন্যায় করলেও জনগণ যেন তাকে শাসন করেন। কাজ না হলে নিজেই সেই দায়িত্ব নেবেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে জনগণের ওপর মালিকানা প্রতিষ্ঠার সুযোগ দেওয়া উচিত নয়। এলাকার চেয়ারম্যানসহ অন্য জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের মতামত, অধিকার ও মর্যাদাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
আগামী দিনে স্থানীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্তের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, জনগণ যাদের দায়িত্ব দেবেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
মতবিনিময়কালে স্থানীয় হিন্দু পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার, পারস্পরিক সম্মান, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দেন।
এ সময় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।
রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
এসব ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের জড়িত থাকার প্রমাণ রয়েছে।
আকতার হোসেন বলেন, "জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এই কাজগুলো করছে।" তিনি আরও জানান, দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসাধারণে আতঙ্ক সৃষ্টি না হয়, সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, দ্য ডিসেন্ট, রিউমার স্ক্যানারসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি ফ্যাক্ট চেকিংয়ের কাজ করে থাকে, তারা কি এখনও রিপোর্ট করেছে যে, আমির হামজার অডিও কথোপকথনটি এআই দ্বারা তৈরি? তিনি বলেন, "আমি কোনো তথ্য শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিই।"
রোববার (৮ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।
রাশেদ খাঁন তার পোস্টে আরও দাবি করেন, জামায়াতের মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি কাণ্ড, ল্যাপটপ চুরি কাণ্ড এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক ও সর্বশেষ জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত তথ্য ভেরিফাই করার পরে তিনি শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেন যে, "এই তথ্যগুলোর মধ্যে ন্যূনতম ভেজাল নাই এবং তাদের কারোরই এই তথ্যগুলো মিথ্যা প্রমাণ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করা কিংবা চ্যালেঞ্জ করার মতো ন্যূনতম নৈতিকতাও নাই।"
জামায়াতের নেতৃত্ব নিয়ে সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিয়ে বর্তমানে কোন শ্রেণির লোক জামায়াতের নেতৃত্ব দিচ্ছে, তিনি শুধুমাত্র সেই মুখোশগুলো উন্মোচন করতে চেয়েছেন। তিনি দাবি করেন, "এটি এখন প্রমাণিত সত্য হয়ে গেছে যে, বর্তমান জামায়াত মানেই গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লম্পটদের আধিক্য।"
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জামানায় কে জামায়াত করে আর কে জামায়াত করে না, তা বোঝা মুশকিল ছিলো। কিন্তু গণঅভ্যুত্থানের পরে দেখা গেলো, সুন্নতি লেবাসধারী যাদের বিরুদ্ধে অতীতে নারীঘটিতসহ অন্যান্য অপকর্মের পাহাড়সম অভিযোগ, তাদের অধিকাংশই জামায়াতরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ গাজী নজরুল ও আমির হামজারা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে দুটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার কেন্দ্র দুটি হলো-আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র দুটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ