ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপন করতে চায় টয়োটা


বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি এক থেকে দুই বছরের মধ্যে সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদি এ উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঢাকায় ও চট্টগ্রামে দুটি আধুনিক থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। চলতি বছরের নভেম্বর মাসে কেন্দ্র দুটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলিতে গাড়ি বিক্রি, রক্ষণাবেক্ষণ, মেরামত ও আসল যন্ত্রাংশ সরবরাহের সমন্বিত সেবা পাওয়া যাবে। কেন্দ্র দুটি চালু হলে বাংলাদেশে টয়োটার সরাসরি কার্যক্রম শুরু হবে। সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সহযোগিতা পেলে আগামী এক থেকে দুই বছরের মধ্যে হাইব্রিড গাড়ি সংযোজনের পরিকল্পনাও এগিয়ে নিতে পারে প্রতিষ্ঠানটি। ইনভেস্ট বাংলাদেশ এ ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকারের ‘বনসাই বিশ্ববিদ্যালয়’কে ‘বটবৃক্ষ বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তর করাই আমার মূল লক্ষ্য: উপাচার্য তাহ্‌মিনা আখতার

গাড়ির ক্রেতা ও ব্যবসায়ীরা টয়োটার সম্ভাব্য বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দেশে হাইব্রিড গাড়ি সংযোজন শুরু হলে আমদানিসংশ্লিষ্ট ব্যয় কমে যাবে এবং গাড়ির দাম ক্রেতাদের নাগালে আসতে পারে। পাশাপাশি আসল যন্ত্রাংশ ও উন্নত বিক্রয়োত্তর সেবা পাওয়া সহজ হবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও টয়োটা গাড়ির ব্যবহারকারী মো. আবু ইউসুফ বলেন, "স্থানীয়ভাবে হাইব্রিড গাড়ি সংযোজন করা হলে আমদানিসংশ্লিষ্ট ব্যয় কমতে পারে। এতে গাড়ি আরও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আসল যন্ত্রাংশ ও পেশাদার বিক্রয়োত্তর সেবা সহজলভ্য হবে।" ঢাকা ও চট্টগ্রামে প্রস্তাবিত দুটি থ্রি-এস সেন্টার চালু হলে ক্রেতাদের আস্থাও বাড়বে।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও এসএমএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, "টয়োটার সম্ভাব্য বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তা, গাড়ি ব্যবসায়ী, যন্ত্রাংশ সরবরাহকারী ও দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।" প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে আধুনিক গাড়ি শিল্প গড়ে তুলতেও এ উদ্যোগ সহায়ক হতে পারে। একই সঙ্গে অন্য আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে।

তিনি আরো বলেন, "বাংলাদেশে সংযোজিত টয়োটার গাড়ি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হলে দেশটি আঞ্চলিক গাড়ি উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।" এ জন্য প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ, অব্যাহত সরকারি নীতিসহায়তা, আকর্ষণীয় কর ও শুল্কসুবিধা, দক্ষ জনশক্তি এবং সহযোগী শিল্পের বিকাশ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: অভিবাসনবিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটির চেয়ারম্যান এবিএম মোশাররফ

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আরও বলেন, "বাংলাদেশ থেকে টয়োটার গাড়ি রপ্তানি শুরু হলে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান ও স্থানীয় শিল্পের বিকাশের পাশাপাশি বৈশ্বিক গাড়ি সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ও সংগীতে দ্যুতি ছড়াচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী এলা হান্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


অভিনয় ও সংগীতে দ্যুতি ছড়াচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী এলা হান্ট

ব্রিটিশ অভিনেত্রী ও সংগীতশিল্পী এলা হান্ট অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনের পর এবার সংগীতের জগতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করছেন। তিনি অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘ডিকিনসন’-এ সু পারকিন্স চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে অভিনয়ের বাইরেও তাঁর সংগীতের প্রতি গভীর অনুরাগ রয়েছে। সম্প্রতি তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে সেই পরিচয়কে আরও বিস্তৃত করেছেন।

এলা হান্ট ১৯৯৮ সালের ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী মিউজিক্যাল চলচ্চিত্র ‘লে মিজেরাবল’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালে হরর-কমেডি মিউজিক্যাল চলচ্চিত্র ‘আনা অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স’-এ অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ছবিটির জন্য তিনি স্কটিশ বাফটা পুরস্কারের মনোনয়নও পান।

এলা হান্টের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে ‘ডিকিনসন’ সিরিজের মাধ্যমে। মার্কিন কবি এমিলি ডিকিনসনের জীবন ও সময়কে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে তিনি সু পারকিন্স চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর তিনি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিভিন্ন কাজে দেখা দেন। সম্প্রতি মিন্ডি কালিংয়ের হুলু সিরিজ ‘নট সুইটেবল ফর ওয়ার্ক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজস্ব স্বর খুঁজছেন এলা। চলতি বছরের জুনে তাঁর প্রথম অ্যালবাম ‘ব্লাইন্ডস্পট’ প্রকাশিত হয়েছে। ১৩টি গান নিয়ে সাজানো এই অ্যালবামটিতে তিনি ব্যক্তিগত অনুভূতি ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন। অ্যালবাম প্রকাশের পর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে একক সংগীত পরিবেশনও করেছেন। মঞ্চে তাঁর উপস্থিতি ও কণ্ঠ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

এদিকে বড় পর্দায়ও নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন এলা হান্ট। আসন্ন হরর-থ্রিলার চলচ্চিত্র ‘বেলা’য় তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। ‘দ্য কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত লেখকদের প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। হরর ঘরানার এই সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অভিনয় ও সংগীত, দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা তুলে ধরছেন এলা হান্ট। একটি পরিচিতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে ভিন্ন মাধ্যমে কাজ করার এই প্রচেষ্টা তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিজিবির অভিযানে নতুন নামের ৪১৬ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


দিনাজপুরে বিজিবির অভিযানে নতুন নামের ৪১৬ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর, ৩ নভেম্বর ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে জেলার সীমান্ত এলাকায় ভারতীয় নতুন নামে তৈরি ৪১৬ পিস ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করেছে।

এ তথ্য জানানো হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এমএম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

তিনি জানান, আজ মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিপুর উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সীমান্তের কারিগাঁও এলাকায় মাদক কারবারিরা ভারত থেকে পোটলা নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে মাদক কারবারিরা তাদের পোটলা ফেলে রেখে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবির অভিযানিক দল তাদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে ৪১৬ পিস ভারতীয় নেশা জাতীয় নতুন নামের ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, মাদক কারবারিরা এই নতুন নামে ট্যাবলেট যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সূত্র জানায়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ৮৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ঘটনায় উদ্ধারকৃত নতুন নামে মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসাথে, মাদক কারবারে জড়িতদের শনাক্তে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘মাদক দ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এ টুর্নামেন্টে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ আর্থিক সহযোগিতা করেন।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছয় ইউনিয়নব্যাপী ছয়টি ডে-নাইট ফুটবল (মিনিবার) টুর্নামেন্ট-২০২৬ আয়োজনের অংশ হিসেবে এ খেলার আয়োজন করে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরব আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদ হাসান, আলফাডাঙ্গা আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিমন ও সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন হৃদয়।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলফাডাঙ্গা আদর্শ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সোহান খন্দকার ও উপজেলা ছাত্রদল নেতা হাসিবুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন তরুণ উদ্যোক্তা ইসতাক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন তরুণ উদ্যোক্তা ইসতাক আহমেদ

ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন ছিল ইসতাক আহমেদ তারেকের। পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয়ও করেছিলেন। দীর্ঘদিনের প্রচেষ্টা, অধ্যবসায় ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন ময়মনসিংহের তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী ইসতাক আহমেদ তারেক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন তিনি সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন ইসতাক আহমেদ তারেক।

ইসতাক আহমেদ তারেক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃতী সন্তান। চীন থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করার পর ২০১৮ সালে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠা করেন ‘পাঠগৃহ ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পাঠগৃহ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, পাঠচক্র আয়োজন, বিনামূল্যে বই পড়ার সুযোগ সৃষ্টি, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, পথশিশুদের কল্যাণে কাজ করা, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।

সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন ইসতাক। ২০২৪ সালে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় প্রতিষ্ঠা করেন ‘পাঠগৃহ ক্যাফে’। এটি ময়মনসিংহের প্রথম রিডিং ক্যাফে হিসেবে পরিচিত। এখানে কফির পাশাপাশি বই পড়ার সুযোগ রয়েছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অবসর সময় কাটাতে ক্যাফেটিতে আসেন। পাঠকরা রেজিস্টার খাতায় নাম লিখে বই বাসায় নিয়েও পড়তে পারেন।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালে পাঠগৃহ ফাউন্ডেশন ও পাঠগৃহ ক্যাফের পাশাপাশি যাত্রা শুরু করে ‘পাঠগৃহ একাডেমি’। বর্তমানে প্রতিষ্ঠানটির মাধ্যমে চীনা ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে অনেক তরুণ-তরুণী আইটি ও চীনা ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে চলা

নিজের উদ্যোগের শুরুর দিকের চ্যালেঞ্জ সম্পর্কে ইসতাক আহমেদ তারেক বলেন, নতুন ও অপ্রচলিত কোনো উদ্যোগ শুরু করার পথ কখনোই মসৃণ হয় না। তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। প্রথাগত চাকরির বাইরে গিয়ে সমাজসেবা কিংবা পাঠগৃহ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় শুরুতে পরিবারের মধ্যে কিছুটা দ্বিধা ও শঙ্কা ছিল।

তিনি বলেন, ‘আমাদের সমাজে তরুণদের নতুন উদ্যোগকে অনেকেই শুরুতে গুরুত্ব দিতে চান না। শহরের প্রচলিত আড্ডার বিকল্প হিসেবে তরুণদের বইমুখী করা কিংবা উন্মুক্ত পাঠের আয়োজন অনেকের কাছেই প্রথম দিকে অস্বাভাবিক মনে হয়েছিল। কেউ কেউ এসব উদ্যোগকে সাময়িক আবেগ বলেও মনে করেছিলেন।’

তবে আর্থিক সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাব এবং মানুষের মনমানসিকতায় পরিবর্তন আনার চ্যালেঞ্জগুলোকে বাধা হিসেবে না দেখে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন তিনি। কাজের ধারাবাহিকতা ও সততা দেখে একসময় পরিবারও পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইসতাক আহমেদ তারেক বলেন, জাতীয় পর্যায়ের এই সম্মাননা তার জীবনের অন্যতম আনন্দ ও গৌরবের মুহূর্ত। তবে এ পুরস্কারকে তিনি শুধু নিজের অর্জন হিসেবে দেখতে চান না।

তিনি বলেন, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়; এটি ময়মনসিংহের সর্বস্তরের বইপ্রেমী মানুষ, আমাদের স্বেচ্ছাসেবী দল এবং সব শুভানুধ্যায়ীর ভালোবাসার প্রতীক। দীর্ঘদিন ধরে ময়মনসিংহে রিডিং কালচার পুনরুজ্জীবিত করা, তরুণদের দক্ষ করে তোলা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিশ্রম করেছি, আজ তার স্বীকৃতি পেয়েছি।’ এই সম্মাননা তার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার বিস্তার, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং একটি আলোকিত সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চান।

তরুণদের প্রতি আহ্বান

তরুণ প্রজন্মের উদ্দেশে ইসতাক আহমেদ তারেক বলেন, শুধু নিজের কথা না ভেবে সমাজ ও মানুষের কল্যাণে প্রত্যেকেরই কিছুটা সময় দেওয়া উচিত। যেকোনো পরিবর্তনের সূচনা হয় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। আশপাশের শিক্ষায় পিছিয়ে পড়া মানুষ কিংবা নানা সমস্যায় জর্জরিত সমাজের পরিবর্তনে বড় বাজেটের প্রয়োজন নেই; প্রয়োজন সদিচ্ছা ও সততা।

তিনি তরুণদের বই পড়া, নতুন দক্ষতা অর্জন এবং ইতিবাচক ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল মাধ্যমকে শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধির কাজে লাগানোর পরামর্শ দেন। হতাশ না হয়ে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন সাফল্য ও স্বীকৃতি আসবেই।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, পড়াশোনা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে চান তিনি। স্বপ্ন পূরণে হাল না ছেড়ে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার ওপরও গুরুত্ব দেন এই তরুণ উদ্যোক্তা।

এদিকে ইসতাক আহমেদ তারেকের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। তিনি বলেন, ইসতাক আহমেদ তারেকের এই সাফল্যে ত্রিশাল উপজেলা প্রশাসন আনন্দিত ও গর্বিত। তার মতো আরো তরুণ উদ্যোক্তা তৈরি হোক এবং তারা সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন—এটাই প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%