প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর, ৩ নভেম্বর ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে জেলার সীমান্ত এলাকায় ভারতীয় নতুন নামে তৈরি ৪১৬ পিস ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করেছে।
এ তথ্য জানানো হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এমএম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
তিনি জানান, আজ মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিপুর উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সীমান্তের কারিগাঁও এলাকায় মাদক কারবারিরা ভারত থেকে পোটলা নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে মাদক কারবারিরা তাদের পোটলা ফেলে রেখে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবির অভিযানিক দল তাদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে ৪১৬ পিস ভারতীয় নেশা জাতীয় নতুন নামের ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, মাদক কারবারিরা এই নতুন নামে ট্যাবলেট যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
সূত্র জানায়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ৮৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ঘটনায় উদ্ধারকৃত নতুন নামে মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসাথে, মাদক কারবারে জড়িতদের শনাক্তে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘মাদক দ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন