ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসন ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

এর আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ গ্রহণ করার পর সংসদ সচিবালয় ওই আসনটি শূন্য ঘোষণা করে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত ১০ সেপ্টেম্বর এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।

চাঁদপুরের কচুয়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনারে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।

এছাড়া কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, প্রতিবন্ধী শিশুরাও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ শিক্ষা, পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তাই তাদের প্রতি সহানুভূতির পাশাপাশি অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর সহযোগিতার প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ তৈরি হচ্ছে। পরিবারের আর্থিক সংকট যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সেমিনারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সামাজিক নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি সহায়তা ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির সুযোগ সঠিকভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন সভায় চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন সভায় চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার সমর্থন

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজার (টুকেরবাজার) পরিচালনা কমিটির উদ্যোগে বাজার উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়।

সভাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) টুকেরবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ ফারহান। বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে সভায় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা সভায় ভিঙ্গাইর বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ী ও ক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপস্থিত জনতা জাহেদ আহমদ ফারহানের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ আহমদ ফারহান বলেন, "বীরশ্রী ইউনিয়নের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।" তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি গ্রামে উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে পাকা রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং প্রয়োজনীয় রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে। জনগণের জন্য সহজ ও বিনামূল্যে নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি জন্ম ও মৃত্যুসনদসহ প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক বিদ্যুৎ ও ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে হবে। যুব ও নারী উন্নয়নে প্রশিক্ষণ, খেলাধুলা, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও কর্মসংস্থান উন্নয়নে আধুনিক কৃষি, সেচব্যবস্থা, কৃষক সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

জাহেদ আহমদ ফারহান আরও বলেন, "স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত করে একটি সুশাসিত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা প্রয়োজন।" তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে পরিষদের কার্যক্রম ও তথ্য নিয়মিত জনগণের সামনে প্রকাশের ওপর গুরুত্ব দিতে বলেন।

এ সময় জকিগঞ্জে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে বীরশ্রী ইউনিয়ন দলকে ৫০ হাজার টাকা জরিমানা করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান জাহেদ আহমদ ফারহান। তিনি বলেন, "বীরশ্রী ইউনিয়ন দলের ওপর অন্যায়ভাবে এ জরিমানা আরোপ করা হয়েছে।" এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বীরশ্রী ইউনিয়নের বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের রফিক উদ্দিন, ৯নং ওয়ার্ডের আব্দুল মালিক, ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম ও সঞ্জন বিশ্বাস, ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক ও মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, শিঙ্গাইরকুড়ীর মাওলানা শাহিদুর রহমান চৌধুরী, ৫নং ওয়ার্ডের সাব্বির আহমদ ও কাজী আব্দুল হালিম, ২নং ওয়ার্ডের লায়েক আহমদ ও রুবেল আহমদ, ৬নং ওয়ার্ডের ছালিম আহমদ, মাওলানা আফতাব উদ্দিন নোমানী, আলী আকসার জিহাদী, ৭নং ওয়ার্ডের নজরুল ইসলাম এবং ছানুহর আলী প্রমুখ।

অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, সভায় প্রায় হাজারখানেক মানুষের উপস্থিতি ছিল। পরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের উত্থান সামলাতে প্রস্তুত নন বিশ্বনেতারা : বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


এআইয়ের উত্থান সামলাতে প্রস্তুত নন বিশ্বনেতারা : বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমাজে যে বড় পরিবর্তন আনতে যাচ্ছে, তা মোকাবেলার জন্য বিশ্বের কোনো সরকারই যথেষ্ট প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই নিয়ে সামনে থাকা বিভিন্ন ঝুঁকি সম্পর্কে আলোচনা করেছেন।

বিল গেটস দীর্ঘদিন ধরে এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে উদ্বেগের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন, প্রযুক্তিটির অপব্যবহার করে হামলার ঝুঁকি এবং এআইভিত্তিক ভার্চুয়াল সঙ্গীর প্রতি মানুষের অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করেছেন তিনি। গেটস বলেন, “আমি মনে করি না, কোনো সরকারই এই বিষয়টি নিয়ে যতটা গভীরভাবে কাজ করা দরকার, ততটা করছে।” তার মতে, এআই সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা গেলে এবং ধনী-গরিব সবার জন্য এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে এটি বিশ্বের দরিদ্র মানুষের জন্য বড় উপকার বয়ে আনতে পারে। তবে এ জন্য সরকারগুলোকে দ্রুত প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তিনি। গেটস বলেন, “এই বিষয়ে সরকারগুলো অনেক পিছিয়ে আছে।”

বিল গেটসের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন জানিয়েছে, আগামী দুই বছরে এআই ব্যবহারের সুযোগ বাড়াতে অন্তত ১০০ কোটি মার্কিন ডলার খরচ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪০০ কোটি রিঙ্গিত। ফাউন্ডেশনের এই অর্থ মূলত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে কাজ করা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করা হবে। এআই ব্যবহারের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তির ভিত্তি তৈরিতেও কাজ করবে ফাউন্ডেশনটি। এর মধ্যে এমন ব্যবস্থা তৈরির বিষয় রয়েছে, যাতে বড় ভাষাভিত্তিক এআই মডেলগুলো বিশ্বের বিভিন্ন ভাষায় কাজ করতে পারে। এই বিনিয়োগের মাধ্যমে এআইয়ের সুবিধা শুধু ধনী দেশ বা মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে দরিদ্র দেশগুলোর মানুষের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। গেটস বলেন, এআইয়ের কারণে বিশ্বে ধনী ও দরিদ্র মানুষের ব্যবধান যেন আরও না বাড়ে, বরং এই প্রযুক্তি সেই ব্যবধান কমাতে কাজে লাগানো উচিত।

স্বাস্থ্য খাতে এআইয়ের সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আশাবাদী গেটস। তিনি বলেন, এই প্রযুক্তি স্বাস্থ্য খাতে কতটা পরিবর্তন আনতে পারে, তা বোঝাতে গেলেও এর সম্ভাবনাকে কম করে বলা হবে। তার মতে, এআই ব্যবহার করে একদিকে যেমন প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাজ সহজ করা সম্ভব, অন্যদিকে নতুন ওষুধ ও টিকা তৈরির গবেষণাও দ্রুত করা যেতে পারে। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। গেটসের ফাউন্ডেশন জানিয়েছে, এআই নিয়ে ১০০ কোটি ডলারের এই পরিকল্পনা তাদের আগে ঘোষণা করা বছরে ৯০০ কোটি ডলার ব্যয়ের বড় পরিকল্পনার অংশ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে।

 

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গেটস। তিনি এআইয়ের দ্রুত বিকাশকে হলিউডের দুর্যোগ বা বিজ্ঞান কল্পকাহিনির সিনেমার সঙ্গে তুলনা করেছেন। গেটস বলেন, এসব সিনেমায় প্রায়ই দেখা যায়, ভিনগ্রহের কোনো প্রাণী পৃথিবীতে আসে। এরপর যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের বিরোধ ভুলে একসঙ্গে সেই সমস্যার সমাধানে কাজ শুরু করে। তার মতে, এআই অনেকটা সেই ভিনগ্রহের বুদ্ধিমত্তার মতো। তবে পার্থক্য হলো, এআই ভবিষ্যতে আসবে না; এটি ইতিমধ্যে মানুষের জীবনের অংশ হয়ে গেছে। গেটস বলেন, “এআই অনেকটা সেই ভিনগ্রহের বুদ্ধিমত্তার মতো। এটি ইতিমধ্যেই আমাদের মধ্যে এসেছে। তাই ওই সিনেমাগুলোতে যেমন দেখানো হয়, আমাদেরও তেমনভাবেই কাজ করা উচিত।”

এআই নিয়ে নিজের উদ্বেগের বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন গেটস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার দেখা করার পরিকল্পনা রয়েছে। গেটসের মতে, এআই নিয়ে একেক দেশ একেকভাবে কাজ করলে ঝুঁকি মোকাবিলা করা কঠিন হবে। তাই বড় দেশগুলোসহ সব সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

এদিকে সাক্ষাৎকারে নিজের ভাবমূর্তি নিয়েও কথা বলেছেন গেটস। বিশেষ করে প্রয়াত ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত জুনে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন গেটস। গেটসের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই। তবে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জন্য তিনি একাধিকবার দুঃখ প্রকাশ করেছেন। গেটস জানিয়েছেন, তিনি আশা করেছিলেন এপস্টেইন বিশ্ব স্বাস্থ্য খাতে অর্থ দান করবেন। কিন্তু পরে তার দাবি, এপস্টেইন গেটসের ব্যক্তিগত জীবনের একটি বিষয় ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন।

এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে তার ফাউন্ডেশনও একটি স্বাধীন পর্যালোচনা করিয়েছিল। ওই পর্যালোচনায় এপস্টেইনকে ফাউন্ডেশন থেকে কোনো অর্থ দেওয়ার বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের কারণে তার নিজের বা তার ফাউন্ডেশনের ভাবমূর্তিতে বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, “সরকারের নেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, কিংবা সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নিতে আগ্রহী কি না- আমি কোনো কমতি দেখতে পাচ্ছি না।” গেটস আরো বলেন, শিশুদের মৃত্যু কমানো এবং ম্যালেরিয়া নির্মূলের মতো কাজে তার ফাউন্ডেশনের দক্ষতা ব্যবহার করার আগ্রহও একটুও কমেনি। তার বক্তব্য, এআই নিয়ে উদ্বেগ থাকলেও এই প্রযুক্তির সম্ভাবনা অনেক বড়। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখনই দায়িত্বশীলভাবে কাজ শুরু করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় বছর পর মঞ্চে ফিরে আবেগে ভেঙে পড়লেন ‘টাইটানিক’ সিনেমার গায়িকা সেলিন ডিওন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ছয় বছর পর মঞ্চে ফিরে আবেগে ভেঙে পড়লেন ‘টাইটানিক’ সিনেমার গায়িকা সেলিন ডিওন

বিশ্ববিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটির মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া কানাডিয়ান পপসংগীতশিল্পী সেলিন ডিওন বর্তমানে একটি বিরল ও জটিল স্নায়বিক রোগের সাথে লড়াই করছেন। দীর্ঘ সময় অসুস্থ থাকার কারণে তিনি কয়েক বছর ধরে মঞ্চ থেকে দূরে ছিলেন।

অবশেষে, সকল বাধা অতিক্রম করে সেলিন ডিওন কনসার্টে ফিরে এসেছেন। দীর্ঘ ছয় বছর পর প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় তার প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রায় ৩০ হাজার দর্শকের করতালিতে পুরো ভেন্যু মুখরিত হয়ে ওঠে। মঞ্চে ফিরে আবেগ সামলাতে পারেননি ৫৮ বছর বয়সী এই সংগীতশিল্পী। গান শেষে দর্শকদের ভালোবাসায় তিনি আপ্লুত হয়ে পড়েন। পরিবেশনা শেষে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন সেলিন ডিওন।

আবেগঘন কণ্ঠে সেলিন ডিওন বলেন, ‘আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কথা দিয়েছিলাম— আমি আবার মঞ্চে ফিরব। আজ আমি এখানে-আপনাদের জন্য এবং নিজের জন্য গাইছি। আপনারা আমাকে ভালোবেসেছিলেন বলেই আজ আমি এ জায়গায়।’

এর আগে, ২০২২ সালে সেলিন ডিওনের শরীরে ‘স্টিফ পারসন সিন্ড্রোম’ নামক এক বিরল স্নায়বিক রোগ ধরা পড়ে। সাধারণত এই রোগের কারণে শরীরের পেশি শক্ত হয়ে যায় এবং তীব্র খিঁচুনির সমস্যা দেখা দিতে পারে। ফলে তার স্বাভাবিক জীবনযাপন এবং গান গাওয়াও কঠিন হয়ে ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিন ডিওন এই রোগের তার কণ্ঠ ও শরীরে প্রভাব নিয়ে কথা বলেন। তিনি জানান, অনেক সময় তার মনে হতো যেন কেউ গলা টিপে ধরছে। স্বরযন্ত্রে তীব্র চাপ পড়ায় উঁচু কিংবা নিচু সুরে গান গাওয়াও তার জন্য কঠিন হয়ে গিয়েছিল।

এ সংগীতশিল্পী আরও বলেন, শুধু কণ্ঠ নয়, শরীরের বিভিন্ন অংশেও ভয়াবহ প্রভাব পড়েছিল। কখনো কখনো হাত-পায়ের আঙুল এমনভাবে শক্ত হয়ে যেত যে, তা সোজা করাও সম্ভব হতো না। রোগের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে একবার তার বুকের পাঁজরও ভেঙে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%