মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০:২৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শনের পর, রেঞ্জ ডিআইজি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।
ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, "চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা। নানা প্রতিকূলতা সত্ত্বেও জেলা পুলিশ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।" বিশেষ করে মাদক ও চোরাচালান রোধসহ বিভিন্ন অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কার্যকর ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের বার্ষিক পরিদর্শন প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে দৃষ্টিনন্দন প্যারেড পরিচালনা করেন নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইয়াসির আরাফাত।
উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেডে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ একরামুল হক, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় দুই সপ্তাহের বিশেষ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযানে ১ হাজার ৩২৮ জনকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ১ থেকে ১৪ আগস্ট পরিচালিত ‘অপারেশন সেফ কমিউনিটি - ওয়াশিংটন, ডি.সি.’ অভিযানের তথ্য সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
ডিএইচএসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৪০০ জনের যুক্তরাষ্ট্রে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড অথবা চলমান ফৌজদারি অভিযোগ রয়েছে। তাদের মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ, যৌন নিপীড়ন, অপহরণ, ডাকাতি, পরিচয় চুরি, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং হিট অ্যান্ড রানসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বা রেকর্ড রয়েছে।
অভিযানটির মূল লক্ষ্য ছিল ওয়াশিংটন ডিসির আশপাশের মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকা। তবে আইসিই কর্মকর্তারা দুই অঙ্গরাজ্যের অন্যান্য এলাকাতেও অভিযান চালান। ডিএইচএস জানিয়েছে, কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে স্যাংচুয়ারি নীতিমালা থাকা সত্ত্বেও এসব আটক করা হয়।
আটকদের মধ্যে এমএস-১৩, ১৮থ স্ট্রিট গ্যাং এবং ট্রেন দে আরাগুয়া নামে পরিচিত ট্রান্সন্যাশনাল গ্যাংয়ের সদস্যরাও ছিলেন বলে ডিএইচএস দাবি করেছে।
অভিযানে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে এল সালভাদরের নাগরিক এয়গনার উইলফ্রেডো হুয়েজো-মোরানকে আটক করা হয়। তার বিরুদ্ধে রিচমন্ডে হত্যা ও আগ্নেয়াস্ত্রসংক্রান্ত মামলায় স্থানীয় পুলিশের ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হওয়ার পর তাকে ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় নেওয়ার কথা জানিয়েছে আইসিই।
মেরিল্যান্ডের উইকোমিকো কাউন্টিতে আটক হন হাইতির নাগরিক অ্যাকশনেল পিয়ের। ডিএইচএসের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা ও বেপরোয়া কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের আগের রেকর্ড রয়েছে। ভার্জিনিয়ার হ্যারিসনবার্গে আটক হন্ডুরাসের নাগরিক এসত্রেয়া রেয়েস-ফুনেজের বিরুদ্ধে ফেলোনি হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড রয়েছে।
এ ছাড়া ম্যানাসাসে এল সালভাদরের নাগরিক জার্মান মেহিয়া-বাইরেসকে আটক করা হয়। তাকে এমএস-১৩-এর সদস্য বলে দাবি করেছে ডিএইচএস। হায়াটসভিলে আটক এল সালভাদরের নাগরিক মাউরিসিও আন্তোনিও বারেরা-নাভিদাদকেও এমএস-১৩-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।
আইসিইর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিসিয়া হাইড বলেন, দুই সপ্তাহের অভিযানে কর্মকর্তারা ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত ও আটক করতে ব্যাপক অভিযান চালিয়েছেন।
তবে অভিযান নিয়ে ইমিগ্রেশন অ্যাটর্নিদের মধ্যে উদ্বেগও রয়েছে। অ্যাটর্নি কার্লোস জুরাদো বলেন, বড় আকারের অভিযান আগের তুলনায় কমলেও কিছু আটক অভিযান এখন কম দৃশ্যমানভাবে পরিচালিত হচ্ছে এবং এসব ঘটনায় বলপ্রয়োগের মাত্রা নিয়ে প্রশ্ন উঠছে।
জুরাদো তার এক মক্কেল হোসে মেহিয়া হার্নান্দেজের ঘটনা তুলে ধরে দাবি করেন, আইসিই তাকে আটক করার সময় অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল। তার ভাষ্য অনুযায়ী, পরে হার্নান্দেজ হাসপাতালে জ্ঞান ফিরে পান এবং তার মুখে গুরুতর আঘাত ও ফোলা ছিল। হার্নান্দেজের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার এই অভিযান জুলাইয়ে জর্জিয়ায় চালানো একই ধরনের ‘অপারেশন সেফ কমিউনিটি’ অভিযানের পরপরই হয়েছে। জর্জিয়ায় ওই অভিযানে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা সভাপতি এম.
জাহেদুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য শিব্বীর আহমদ উসমানী উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি শাখা সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের শাখা সাহিত্য সম্পাদক সোহাইল আহমদ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আশরাফুজ্জামান খালিদ, দাওয়াহ সম্পাদক শেখ মোহাম্মদ রাজু, আলীয়া মাদ্রাসা সম্পাদক মাহমুদুল হাসান মাহদি, অর্থ কল্যাণ সম্পাদক ইসলাম উদ্দীন, চুনারুঘাট উপজেলা সহ-সভাপতি মাহবুবুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাশেম, ছাত্র নেতা শামছুল হক সরদার, আশরাফুল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য 'বীর নিবাস' আবাসন প্রকল্পের আওতায় নির্মিতব্য বাসগৃহের কাজের মান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
মঙ্গলবার বিকেলে তিনি আলিনগর ও বাংগাবাড়ি এলাকায় উপস্থিত হয়ে এসব নির্মাণকাজের সামগ্রিক গুণগত মান যাচাই-বাছাই করেন। পরিদর্শনকালে তিনি ঘরের ভিটি, দেয়ালসহ নির্মাণকাজের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরিদর্শন শেষে ইউএনও জিল্লুর রহমান কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, "জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের এই মহৎ আবাসন প্রকল্পে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তাঁদের জন্য মানসম্মত, টেকসই ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন শুরু থেকেই কঠোর তদারকি ও নজরদারি বজায় রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া জেলা কার্যালয় এবং শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু নিমাই ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এবং শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিরকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান ইখতিয়ার উদ্দিন, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ এবং উচরং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। বিতর্কের বিষয় ছিল- “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।”
বিষয়টির পক্ষে অংশগ্রহণ করে ধনকুন্ডির শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। দলের প্রথম বক্তা ছিলেন হাফিজাতুন নাহার নেহা, দ্বিতীয় বক্তা আবরার রাফিদ সরকার এবং দলের নেতা ছিলেন সামিয়া ইসলাম। অপরদিকে, বিষয়ের বিপক্ষে অংশ নেয় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের প্রথম বক্তা ছিলেন মৌমিতা চৌহান, দ্বিতীয় বক্তা মীম আক্তার এবং দলের নেতা ছিলেন সমৃদ্ধি কর্মকার। এ সময় শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক নাহিদ আল মালেক, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, সাংবাদিক সৌরভ অধিকারী শুভসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত বিতর্ক শেষে বিজয়ী হয় শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের নেতা সামিয়া ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ