সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩১ পি.এম
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায় রেকর্ড করা হয়েছে, যা ২০ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা নেত্রকোণা ও ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কথিত ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া ও হালকাচাপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) এবং শহর বানু (৫৫)।
সোমবার দুপুরে চকরিয়া থানা মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ছনুয়াপাড়ার একটি বসতঘরে অভিযান চালানো হয়। দুর্গম এলাকায় প্রায় দুই কিলোমিটার হেঁটে ঘটনাস্থলে পৌঁছে ঘরটি ঘেরাও করে পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালকাচাপাড়ায় অভিযান চালিয়ে শহর বানুকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি দোনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শটগান, ৫৮ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা শটগানের কার্তুজ, দুটি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম, ক্লিনিং রড এবং ছয়টি মোবাইল ফোন। পরে শহর বানুর বসতঘরের পেছনের পুকুর থেকে একটি প্লাস্টিকের বস্তায় আরও ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতদের কাছে অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত। চকরিয়া ও আশপাশের এলাকায় সড়ক ও আন্তঃজেলা ডাকাতির সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার কেরাণীহাট বাজারে যুবদল কর্মী মোহাম্মদ করিমকে গুলি করে হত্যা করার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম গ্রেপ্তারকৃতদের এবং হত্যাকাণ্ডের কারণসহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগর ও হাটহাজারী এলাকা থেকে চারজনকে আটক করা হয়।
এই হত্যাকাণ্ডটি ঘটেছিল গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে, যখন করিমকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, মামার মোটরসাইকেল চুরির সন্দেহে পারভেজ তার দলের লোকজন নিয়ে করিমকে হত্যা করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ সেলিম (৫০), সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭), মোহাম্মদ জাবেদ (২৮) এবং মোহাম্মদ আলামিন (২৯)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিহত মোহাম্মদ করিমের বাড়ি উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে, তবে তিনি পরিবার নিয়ে হাটহাজারীর আমানবাজার এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, করিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও মাদক কেনাবেচার অভিযোগে ১০টি মামলা রয়েছে।
এসপি মাসুদ আলম জানান, হত্যাকাণ্ডের ৮-১০ দিন আগে পারভেজের মামা আজগর আলীর মোটরসাইকেল চুরি হয়। পারভেজ সন্দেহ করেন যে, করিম এই চুরির সঙ্গে জড়িত। করিমের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকায় সন্দেহ আরও বাড়ে। মোটরসাইকেল ফেরত দিতে চাপ দেওয়ার পরও করিম চুরির বিষয়টি অস্বীকার করেন, ফলে হত্যার পরিকল্পনা করা হয়।
ঘটনার রাতে মোহাম্মদ জাবেদ কৌশলে করিমকে কেরাণীহাটে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই একটি সিএনজিচালিত অটোরিকশা প্রস্তুত ছিল। অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে করিমকে গুলি করা হয়। গুলিতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে তারা অটোরিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পারভেজসহ আরও দুই থেকে তিনজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম।
রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, পারভেজ পুলিশের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ১৮-২০টি মামলা রয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। করিমও তাদের দলের সদস্য ছিলেন এবং তারা চুরি, ডাকাতি ও মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
গ্রেপ্তার চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাউজানের পশ্চিম গুজরা মগদাই এলাকায় পারভেজের পরিত্যক্ত গরুর খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বিনিয়োগের সম্পর্ক আরও জোরদারের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, "যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার।" তিনি আরও বলেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ব্রিটেন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য রাষ্ট্র হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়ন ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
এ সময়, সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।
তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, কমনওয়েলথ এর শিক্ষাবৃত্তি বৃদ্ধি, দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, "একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।" তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
হাইকমিশনার এ সময় জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এই সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ক্লাবের ( সিওইউএমসি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মহফুজ উদ্দিন মৃধাকে সহসভাপতি (ভিপি) এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক (জিএস) করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে জিয়াউল হককে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মো. শরিফুল আলম বিজয়কে সাংগঠনিক সম্পাদক এবং রাফিন বিন হাইকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এদিকে, একাডেমিক অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন শিশির আহমেদ সাইকাত এবং সাব-কো-অর্ডিনেটর শানজিদা হক। সদস্য হিসেবে রয়েছেন সামিরা নাসরিন জুহি, রাশাদুল ইসলাম ও রায়হান আহমেদ সিয়াম।
স্পোর্টস উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন আবু বক্কর সায়েম এবং সাব-কো-অর্ডিনেটর আবু সায়েদ। সদস্য হিসেবে রয়েছেন রিফাত হাসান, এ.কে.এম. নাতিক জুবায়ের ও মিনহাজুর তাসভি শোহান।
কালচারাল অ্যান্ড ডিবেটিং উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন নুপুর রানী দাস এবং সাব-কো-অর্ডিনেটর প্রিয়া রানী দেব। সদস্য হিসেবে রয়েছেন উমর ফারুক ইমন, লিলয় কুমার দাস ও মো. তাহমিদ শরীফ খান।
পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন শামশের তাবরিস চৌধুরী এবং সাব-কো-অর্ডিনেটর সোমিয়া মোস্তফা লিজা। সদস্য হিসেবে রয়েছেন মো. নাদিম আহমেদ, মো. আসরাফুল ইসলাম ও তামান্না আক্তার।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) উইংয়ের কো-অর্ডিনেটর হয়েছেন তাসনুভা তাসনিম এবং সাব-কো-অর্ডিনেটর শ্রাবন্তী রানী দাস। সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম, আসমা আক্তার নিশি ও ওয়ালিদ মিয়া।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে ভিপি মহফুজ উদ্দিন মৃধা বলেন, “সহসভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও বিষয়। গণিত ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। গণিতচর্চা, গবেষণা, প্রতিযোগিতা ও সৃজনশীলতার মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”
জিএস রায়হান চৌধুরী বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দ ও সম্মানের। শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি এবং প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের সুযোগ বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে গণিত ক্লাবকে আরও কার্যকর ও প্রাণবন্ত সংগঠনে পরিণত করতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ