ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?


আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

আজ ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়া, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় ঘটবে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ এম


আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?

সারাদেশে আগামী চার দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখ করা হয়েছে যে, এই সময়ের শেষ দিকে সারা দেশে সার্বিক তাপমাত্রা আরও কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে নিহত ২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ এম


যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে নিহত ২, আহত ১০

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি যুব ফুটবল খেলার মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী একজন ব্যক্তি ও ছয় বছর বয়সী এক বালক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে। দুর্ঘটনায় শিশুসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।

উইচিটা পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরে ফোন আসা শুরু হয়। ৩৪ বছর বয়সী এক নারী চালক ট্রাকটি নিয়ে হঠাৎ করে কমপ্লেক্সটির পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে প্রবেশ করেন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী দুজন, আট বছর বয়সী দুজন, ৯ বছর বয়সী একজন শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এছাড়া, আঘাতজনিত নয়, এমন শারীরিক অসুস্থতার কারণে অপর একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকদের সূত্রে পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর হলেও বর্তমানে কারো অবস্থাই প্রাণঘাতী নয়।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি চালাচ্ছিলেন এক নারী; যার সঙ্গে আরো দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রী হিসেবে ছিল। ওই নারীর এক সন্তান ওই কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল। অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন।

উইচিটা পুলিশ প্রধান জো সালিভান গণমাধ্যমকে জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উইচিটার মেয়র লিলি উ এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ অভিহিত করে বলেন, শনিবার বিকেলে পরিবারের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাই করতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের ৪ দেশে বিক্ষোভকারীরা, উত্তাল রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


ইউরোপের ৪ দেশে বিক্ষোভকারীরা, উত্তাল রাস্তায়

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চারটি দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। শনিবার ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কিছু শহরে এই প্রতিবাদ সহিংসতায় রূপ নেয়। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফ্রান্সে, স্কুলের পরিবেশ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্যারিস, মার্সেই, নিস, নঁত, বোর্দো, লিমোজ, লিল, তুলুজ এবং স্ত্রাসবুর্গ শহরে বেশ কয়েকটি দোকান লুট করা হয়েছে।

প্যারিসে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ছাড়া, দাঙ্গাকারীরা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে ফ্রান্সের ১৪৩ বছরের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওতে দেখা যায়, স্থাপনাটির ছাদ ভেঙে নিচের তলায় পড়ে যাচ্ছে।

লিমোজের স্থানীয় কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের আগুনে টাউন হলের দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। তারা এই ক্ষয়ক্ষতিকে ঐতিহ্যের জন্য ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেন। এ ঘটনায় অন্তত ১৯৫ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে।

গত মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ পরে আরও বিস্তৃত হয়ে ওঠে। স্কুলের অবনতিশীল পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন ছড়িয়ে পড়ে।

চলতি সপ্তাহের শুরুতে পুলিশের অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরের চোয়াল ভেঙে যায়। উত্তর-পশ্চিম ফ্রান্সের আলঁসোঁ শহরে এক পুলিশ কর্মকর্তাকে এক কিশোরীকে হেডলক দিয়ে আটকাতে দেখা যায়, যা আইন অনুযায়ী নিষিদ্ধ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নিন্দা জানান। তিনি বলেন, "যারা পুলিশ প্রশাসনের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও টাউন হলে হামলা এবং লুটপাট চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।"

ফ্রান্সের পাশাপাশি বেলজিয়ামেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানী ব্রাসেলসে পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছোড়া ও আগুন জ্বালানোর অভিযোগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয়। লিয়েজ শহরেও জলকামান মোতায়েন করা হয়।

পর্তুগালের রাজধানী লিসবনে কয়েক দশ হাজার মানুষ জীবনযাত্রার ব্যয়, কম মজুরি এবং বড় শহরগুলোতে আবাসন সংকটের প্রতিবাদে মিছিল করেন। দেশটিতে ২০১৭ সালের পর থেকে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। নতুন চুক্তিতে বাসাভাড়াও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার পর্তুগালের সংসদবিষয়ক মন্ত্রী কার্লোস আব্রেউ আমোরিম বলেন, ‘রাস্তায় চিৎকারের কাছে সরকার নতি স্বীকার করবে না।’ অন্যদিকে, বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের উদ্বেগ ও সমস্যার সঙ্গে সংযোগ হারানোর অভিযোগ তুলেছেন।

ইতালির মিলান ও বোলোনিয়ায় বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকারগুলোর ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৭ এম


নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় বিধ্বস্ত হয়। উল্লেখ্য, এটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের হেলিকপ্টার ছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা শহীদ হয়েছেন।’

গেল এক সপ্তাহে সৌদি আরবে একের পর এক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলায় সৌদির বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা কেঁপে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে এসব অভিযান ইরান ও হুতিদের একটি সুচিন্তিত কৌশলের প্রতিফলন।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি থেকে শুরু করে লোহিত সাগরের বাব আল-মান্দেব পর্যন্ত বিস্তৃত এই সংঘাতময় অঞ্চলে সৌদি আরবকে একটি চাপের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করছে ইরান সমর্থিত হুতিরা।

এছাড়াও, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের কারণে ওয়াশিংটনকে তাদের নীতি পরিবর্তনে সরাসরি বাধ্য করতে না পেরে তেহরান সৌদি আরবকে লক্ষ্যবস্তু করছে। ইরান তাদের প্রধান আঞ্চলিক পৃষ্ঠপোষক হওয়ায়, তেহরানের ওপর চাপ কমলে তা হুতিদের জন্য সরাসরি লাভজনক হবে। এর ফলে হুতিদের রাজনৈতিক, আর্থিক ও সামরিক ক্ষেত্রে ইরানের আর্থিক সহায়তার প্রবাহ বজায় থাকবে, যা হুতিদের শক্তিশালী হতে প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হচ্ছে, হুতিদের কিছু নিজস্ব দাবিও রয়েছে। এর মধ্যে সৌদি সামরিক অভিযানের অবসান, ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া, ইরানে নিয়মিত ফ্লাইট চালু করা, যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি রিয়াদের সমর্থন প্রত্যাহার করা। তাদের এই শর্তগুলো পূরণ হলে ইয়েমেনের বড় একটি অংশে হুতিদের শাসন আরও সুসংহত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%