০১:৪০ পি.এম
পশ্চিম অস্ট্রেলিয়ার একটি অদ্ভুত ভূমিরূপের ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা, যা মাকড়সার মতো দেখতে। এই গর্তটির নাম ‘স্পাইডার ক্রেটার’, যা একটি উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক ক্ষয়ের ফলে কয়েক শ কোটি বছর ধরে এটি বর্তমানের অদ্ভুত আকৃতি অর্জন করেছে।
এনডিটিভি জানিয়েছে, ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর নাসা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার যৌথ উপগ্রহ ল্যান্ডস্যাট ৯-এর একটি যন্ত্রের মাধ্যমে গর্তটির ছবি তোলা হয়। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে অবস্থিত। গর্তটির দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার এবং প্রস্থ ১১ কিলোমিটার, যেখানে মাঝখানে মাকড়সার মতো দেখতে অংশটির প্রস্থ প্রায় ৪ কিলোমিটার।
ভূতত্ত্ববিদদের মতে, গর্তের কেন্দ্রে অবস্থিত উঁচু অংশের অবশিষ্টাংশ থেকেই এই মাকড়সার মতো নকশাটি তৈরি হয়েছে। যখন কোনো উল্কাপিণ্ড মাটিতে প্রচণ্ড বেগে আঘাত করে, তখন ভূগর্ভে প্রবল চাপ সৃষ্টি হয়। এই চাপের ফলে গর্তের তলদেশের কিছু অংশ উপরের দিকে উঠে আসে, যা মাঝখানের উঁচু অংশটি তৈরি করে।
আরও পড়ুন: মুসলিমরা এখন নেতা বানাবে না, নিজেরাই নেতৃত্ব দেবে: ওয়াইসি
গর্তটির চারপাশে মাকড়সার পায়ের মতো ছড়িয়ে থাকা হালকা রঙের অংশগুলো আসলে বেলেপাথরের উঁচু শিরা। দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক ক্ষয়ের কারণে আশপাশের পাথরের অন্যান্য স্তরগুলো সরে গেছে, তবে শক্ত বেলেপাথরের এই অংশগুলো টিকে রয়েছে।
বিজ্ঞানীরা কয়েক দশক ধরে স্পাইডার ক্রেটারের উৎপত্তি নিয়ে গবেষণা করছেন। একসময় তাদের কেউ কেউ ধারণা করেছিলেন যে, আগ্নেয়গিরির কারণে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে।
তবে পরবর্তীতে সরেজমিনে গবেষণা চালিয়ে ভূতত্ত্ববিদেরা প্রাচীন উল্কাপিণ্ডের আঘাতের চিহ্ন খুঁজে পান। এর মধ্যে রয়েছে পাথরের গায়ে পাখার মতো ছড়িয়ে থাকা বিশেষ ধরনের ফাটল, যেগুলোকে বলা হয় ‘শ্যাটার কোন’। প্রবল শক্তির আঘাতে পাথরের ভেতরে চাপ ছড়িয়ে পড়লে এ ধরনের ফাটল তৈরি হয়। গর্তের মাঝখানের গম্বুজের পুরো অংশজুড়ে এসব ফাটল পাওয়া গেছে।
এছাড়া, বিজ্ঞানীরা বেলেপাথরের মধ্যে থাকা আঘাতের ফলে পরিবর্তিত কোয়ার্টজ ও জিরকন স্ফটিক নিয়েও গবেষণা করেছেন। পরীক্ষাগারে এসব খনিজ বিশ্লেষণ করে উল্কাপিণ্ডটি কী কোণে মাটিতে আঘাত করেছিল, সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে উল্কাপিণ্ডটি ঠিক কত বছর আগে আঘাত হেনেছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আরও পড়ুন: নেতানিয়াহুর নিরাপত্তা নীতি ফাঁকা বুলি, দাবি বিরোধীদলীয় নেতা গাডি আইজেনকট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন