বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৫ পি.এম
ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর প্রশংসা করে দেশের সকল সমস্যা সমাধানে এই বাহিনীর শক্তিকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
‘বাসিজ সপ্তাহ’ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এই বাহিনীকে একটি “অবিশ্বাস্য ও অমূল্য শক্তি” হিসেবে অভিহিত করেন। উল্লেখযোগ্য যে, বাসিজ হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পাঁচটি শাখার একটি।
বক্তব্যের মধ্যে মোজতবা খামেনি বাসিজ বাহিনীকে নিজেদের মধ্যে রূপান্তর ও নবজন্ম ঘটানোর আহ্বান জানান। তিনি বাহিনীর আরও উন্নত ও আধুনিক সংস্করণ গড়ে তোলার পাশাপাশি তা সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বোচ্চ নেতা বলেন, “‘প্রত্যেক ইরানিই একেকজন বাসিজি’—এই মূলমন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দীর্ঘ, দৃঢ় এবং সুচিন্তিত পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।”
বাসিজ বাহিনীর ক্রমবর্ধমান বিস্তৃতিকে একটি বিশাল শক্তি হিসেবে উল্লেখ করে খামেনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সুযোগ তৈরির প্রতিটি ক্ষেত্রে এই শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কেউ প্রবেশ করতে পারবে না, এই কথা জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি উল্লেখ করেন, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা চিনাকান্দি বিজিবির শিলডোয়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জাকারিয়া কাদির জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে। অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের জন্য বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবি সিও আরও জানান, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। পাশাপাশি চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন হবে নিরপেক্ষভাবে, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে ভোটের মাধ্যমে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
এমপির এমন বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে আগ্রহ বাড়ছে।
স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং ইউনিয়নগুলোর উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : সোনালী ব্যাংক ২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডিসেম্বর মাসকে ‘লোন হান্টিং মাস’ হিসেবে চিহ্নিত করেছে।
এই ঘোষণা আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেয়া হয়। সোনালী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহীরা অংশগ্রহণ করেন।
সোনালী ব্যাংক জানায়, ডিসেম্বর মাসজুড়ে ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, নতুন ঋণগ্রহীতা অনুসন্ধান, মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি ও বিতরণসহ ব্যাংকের ঋণ কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথ উদ্যোগে ২০৩৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভার পর ২০৩৫ সাল পর্যন্ত সব বৈশ্বিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসরের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি সংস্থাটির পক্ষ থেকে।
জানা গেছে, ২০৩০ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় ২০৩৪ আসরের জন্য বিড (আবেদন) না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ প্রস্তাবনাই আইসিসির পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আইসিসি মূলত নতুন বাজারে ক্রিকেটের বড় আসরগুলো ছড়িয়ে দিতে আগ্রহী। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে সফলতার সাথে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে যথাক্রমে ১৬টি ও ৩৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আবারও যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে দুই বোর্ডই বেশ ইতিবাচক বলে জানা গেছে।
দুই বোর্ডের পারস্পরিক সহযোগিতার আরো একটি উদাহরণ হলো, গত এক দশক ধরে উত্তর আমেরিকায় নিয়মিত ম্যাচ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর ভারতের বিপক্ষে সেখানে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়েও আলোচনা চলছে, যার সম্ভাব্য ভেন্যু হিসেবে ফ্লোরিডা এবং ওয়াশিংটন ডিসির নাম শোনা যাচ্ছে।
আইসিসি ২০৩১ সালের পরবর্তী বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক নির্বাচনের কাঠামো তৈরির কাজ করছে, যা আগামী বছর সম্পন্ন হবে। ২০২৮ সাল থেকে এই টুর্নামেন্টগুলোর আয়োজক চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টগুলো প্রতিযোগিতামূলক দরপত্রের (টেন্ডার) বদলে সরাসরি বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ২০৩৪ বিশ্বকাপের ক্ষেত্রে দরপত্র আহ্বান করা হবে কি না তা এখনো স্পষ্ট নয়।
তবে সম্ভাব্য আয়োজকদের একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং টুর্নামেন্টের বাণিজ্যিক সম্ভাব্যতার প্রমাণ দিতে হবে। পাশাপাশি আইসিসির কাছে সরকারি নিশ্চয়তা ও আর্থিক সহায়তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাথমিক পরিকল্পনার সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ব্যাপক উন্নতি হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চালু হওয়া এবং অলিম্পিকের প্রস্তুতির কারণে দেশটিতে ক্রিকেটের অবকাঠামো শক্তিশালী হয়েছে।
ফলে যৌথ এই আবেদন সফল হলে এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচগুলো আরো সমানভাবে বণ্টন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ