প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথ উদ্যোগে ২০৩৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভার পর ২০৩৫ সাল পর্যন্ত সব বৈশ্বিক টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসরের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি সংস্থাটির পক্ষ থেকে।
জানা গেছে, ২০৩০ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ায় ২০৩৪ আসরের জন্য বিড (আবেদন) না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ প্রস্তাবনাই আইসিসির পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আইসিসি মূলত নতুন বাজারে ক্রিকেটের বড় আসরগুলো ছড়িয়ে দিতে আগ্রহী। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে সফলতার সাথে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে যথাক্রমে ১৬টি ও ৩৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আবারও যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে দুই বোর্ডই বেশ ইতিবাচক বলে জানা গেছে।
দুই বোর্ডের পারস্পরিক সহযোগিতার আরো একটি উদাহরণ হলো, গত এক দশক ধরে উত্তর আমেরিকায় নিয়মিত ম্যাচ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছর ভারতের বিপক্ষে সেখানে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়েও আলোচনা চলছে, যার সম্ভাব্য ভেন্যু হিসেবে ফ্লোরিডা এবং ওয়াশিংটন ডিসির নাম শোনা যাচ্ছে।
আইসিসি ২০৩১ সালের পরবর্তী বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক নির্বাচনের কাঠামো তৈরির কাজ করছে, যা আগামী বছর সম্পন্ন হবে। ২০২৮ সাল থেকে এই টুর্নামেন্টগুলোর আয়োজক চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টগুলো প্রতিযোগিতামূলক দরপত্রের (টেন্ডার) বদলে সরাসরি বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ২০৩৪ বিশ্বকাপের ক্ষেত্রে দরপত্র আহ্বান করা হবে কি না তা এখনো স্পষ্ট নয়।
তবে সম্ভাব্য আয়োজকদের একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং টুর্নামেন্টের বাণিজ্যিক সম্ভাব্যতার প্রমাণ দিতে হবে। পাশাপাশি আইসিসির কাছে সরকারি নিশ্চয়তা ও আর্থিক সহায়তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাথমিক পরিকল্পনার সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ব্যাপক উন্নতি হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চালু হওয়া এবং অলিম্পিকের প্রস্তুতির কারণে দেশটিতে ক্রিকেটের অবকাঠামো শক্তিশালী হয়েছে।
ফলে যৌথ এই আবেদন সফল হলে এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচগুলো আরো সমানভাবে বণ্টন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন