০৭:০৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর দুর্গম চরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে ১২ শতাধিক অসুবিধাবঞ্চিত মানুষ এবং ২ শতাধিক গবাদি পশুকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে শুরু হওয়া এই ক্যাম্পে সারাদিন নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভেটেরিনারি চিকিৎসকসহ ৮ জন বিজিবি ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সেবা প্রদান করেন। মূল ভূখণ্ড থেকে পদ্মায় বিচ্ছিন্ন জোহরপুর বিওপির আওতাধীন এই চরের চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন চর থেকে অসহায় ও দুস্থ রোগীরা চিকিৎসার জন্য উপস্থিত হন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ‘এ ধরনের উদ্যোগ সীমান্তবাসীদের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবে। দুর্গম চরাঞ্চলের মানুষের বাড়ির কাছাকাছি এ ধরনের বড় আকারের চিকিৎসাসেবা সীমান্তবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
তিনি আরও বলেন, ‘দেশ রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা সর্বাবস্থায় সীমান্তবাসীর পাশে রয়েছে।’
ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি রাজশাহী সেক্টরের নিজস্ব চিকিৎসক, ৫৩ বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নে (৫৯বিজিবি) নিয়োজিত ২ জন বেসামরিক চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, জেলা হাসপাতালের একজন করে গাইনি ও শিশু বিশেষজ্ঞ, জেলা পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসক। এই সময়ে ক্যাম্পে ৫৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন