বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১৭ পি.এম
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা
আগামী ২৪ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপের প্রথম আসর শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী আসরের যৌথ আয়োজক হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া ও হংকং।
টুর্নামেন্টের জন্য আজ সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল দল গ্রুপ পর্বের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে অবস্থান করছে।
বাংলাদেশের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। হামজা, শমিত ও তপুরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন।
এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
২৮ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এই ম্যাচের সময়ও দুপুর ২টায় নির্ধারিত হয়েছে।
অন্যদিকে, ১ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সহ-আয়োজক ইন্দোনেশিয়া।
এই ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন সরে দাঁড়ানোর পর পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পর বাফুফে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ।
প্রধান কোচ টমাস ডুলির তত্ত্বাবধানে চলছে এই প্রস্তুতি।
বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে অনুপস্থিত। তবে তাদের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম সুযোগ পেয়েছেন।
গত বছর ফিফা আরব কাপের আদলে আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারই প্রথমবারের মতো এই প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে, যা ফিফা কংগ্রেসে অনুমোদন পেয়েছে।
বাংলাদেশের সূচি
২৫ সেপ্টেম্বর ➣ মালয়েশিয়া (দুপুর ২টা)
২৮ সেপ্টেম্বর ➣ সিঙ্গাপুর (দুপুর ২টা)
১ অক্টোবর ➣ ইন্দোনেশিয়া (বিকেল ৫:৩০টা)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, যেকোনো অসুস্থ মানুষকে সেবা দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব।
তিনি বলেন, সরকার একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।
আজ রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল, যা পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়িয়ে আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিশু হাসপাতালে রূপ নিয়েছে। শিশু হাসপাতালে বিরল এই রোগের আধুনিক ‘স্টেম সেল থেরাপি’ কার্যক্রম চালু করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এফবিআই স্ট্যান্ডার্ডের ডিএনএ ল্যাব চালু করা হবে, যার মাধ্যমে আঞ্চলিক পর্যায়েই হত্যা, ধর্ষণ কিংবা অজ্ঞাত মরদেহ শনাক্তকরণের মতো জটিল মামলার নির্ভুল আলামত পরীক্ষা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যখাতে সরকারের বাজেট বৃদ্ধির কথা উল্লেখ করে গবেষণার ওপর অধিকতর গুরুত্ব প্রদান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্বের ৯৬টি দেশে বর্তমানে আনুমানিক দুই লাখ মানুষ প্রাণঘাতী ‘সিস্টিক ফাইব্রোসিস’ (সিএফ) রোগে আক্রান্ত হলেও তাদের মাত্র ৫৯ শতাংশের রোগ নির্ণয় সম্ভব হয়েছে। উদ্বেগের বিষয় হলো, জীবন রক্ষাকারী আধুনিক ‘ইটিআই’ চিকিৎসার সুযোগ পাচ্ছেন মোট রোগীর মাত্র ২৭ শতাংশ, আর রোগ শনাক্ত না হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বসবাস করছেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উপনচৌকি গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত আবু বক্কর (৬০) মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১১টার দিকে আবু বক্কর তার আত্মীয় জোলা বক্করের বাড়িতে যান। ওই সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকার কারণে শিশুটি দরজা খুলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।
শিশুটি চিৎকার শুরু করায় তার জেঠিমা দ্রুত সেখানে ছুটে আসেন। তিনি ঘরের ভেতরে বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ওসি মামনুর রশিদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ : জেলার শ্রীবরদী উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও যুগ্ম-আহবায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের মেঘনা নদীর তীরে নির্মিত রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, উদ্বোধনের মাত্র দুই বছরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ কেন্দ্রটি প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এবং এটি দ্রুত পুনরায় চালু করার দাবি জানিয়েছেন এ অঞ্চলের মাছ সংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে উদ্বোধনের পর কেন্দ্রটির কার্যক্রম চলছিল দুই বছর। এরপর ২০২৪ সালের পর থেকে এটি বন্ধ হয়ে যায়। উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কর্তৃক মৎস্যজীবীদের সুবিধার কথা মাথায় রেখে রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচরের ব্রিজঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। দুই একর ৭০ শতাংশ জমির ওপর নির্মিত কেন্দ্রটির উদ্দেশ্য ছিল জেলেদের শিকার করা মাছ মানসম্মত উপায়ে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করা।
সূত্র জানায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র বিল অনুমোদন পায়। ২০২১ সালের শেষের দিকে নির্মাণকাজ শেষ হলে ২০২২ সালের মাঝামাঝিতে এর কার্যক্রম শুরু হয়। প্রথম ব্যবস্থাপক হিসেবে মো. আলমগীর হোসেন যোগদান করেন। তিনি ২০২৪ সালের শুরুতে বদলি হয়ে গেলে এখানে আর কোনো কর্মকর্তাকে পাঠানো হয়নি।
এরপর থেকেই কেন্দ্রটি পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয় জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা জানান, রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় জেলে, তেল ব্যবসায়ী, বরফকল, আড়তদার এবং পাইকারি ও খুচরা বেপারীসহ মাছ সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে মাছের সঙ্গে জেলে ছাড়াও পরিবহন শ্রমিক, বরফকল, জ্বালানি ও মুদি ব্যবসাসহ নানা ধরনের ব্যবসা বাণিজ্য জমজমাট ছিল।
ইলিশকেন্দ্রিক কেন্দ্রটিতে স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনাও ছিল সরগরম। কিন্তু বর্তমানে সেখানে সুনসান নীরবতা বিরাজ করছে। মানুষের আনাগোনা নেই। এতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও ভবন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং ইলিশ সংশ্লিষ্ট পেশায় জড়িতরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রটি নির্মাণের উদ্দেশ্য ছিল সাগর ও মেঘনা নদী থেকে ট্রলারে মাছ নামানোর জন্য পন্টুন ও গ্যাংওয়ে, এক হাজার বর্গফুটের নিলাম ছাউনি এলাকা, প্যাকেজিং এলাকা, আড়তদার কক্ষ, বরফকল, জেনারেটর কক্ষ, অফিস ভবন, পয়নিষ্কাশনের সুবিধা এবং মাছ পরিবহনের জন্য সাত হাজার বর্গফুটের একটি ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা। আবাসিক ভবনও নির্মিত হয়েছে। বর্তমানে ১০ জন লোকবলের জায়গায় নৈশপ্রহরীসহ কর্মরত মাত্র দুজন রয়েছেন। কার্যক্রম বন্ধ থাকায় কেন্দ্রটি দেখাশোনা করছেন।
জাতীয় মৎস্যজীবী সমিতির রামগতি উপজেলা সাধারণ সম্পাদক মীর হাছান মাহমুদ মামুন বলেন, “কী কারণে মৎস্য উন্নয়ন করপোরেশন ১৮ কোটি টাকা ব্যয় করে অবতরণ কেন্দ্রটি স্থাপন করেছে? দীর্ঘ দুই বছর ধরে এর কার্যক্রম বন্ধ। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। কোটি কোটি টাকার সম্পদ অকেজো অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত এর কার্যক্রম শুরু করার দাবি জানাই।”
রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি)-এর দায়িত্বে থাকা ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, “রাজনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের পর কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। অবতরণ কেন্দ্রটি আবার চালুর বিষয়ে আমাদের প্রধান কার্যালয়ে যোগাযোগ চলছে।”
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. বদরুদ্দৌজা বলেন, ৫ আগস্টের পর এর কার্যক্রম নেই। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান একাধিকবার বদলি হওয়ায় এমন হয়েছে। কিছুদিন আগে নতুন চেয়ারম্যান যোগদান করেছেন। এখন থেকে সব ঠিকঠাক হয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ