ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী


গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে গুমের শিকার বিশ্বের সকল ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার এক বাণীতে তিনি বাংলাদেশের বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার প্রত্যেক ব্যক্তিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘গুম কেবল একজন মানুষকে তাঁর পরিবার ও সমাজ থেকে অদৃশ্য করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং জীবনের অধিকারের ওপর এক নির্মম আঘাত।’

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি বলেন, বছরের পর বছর প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা, তার ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তা এবং সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হওয়ার যে অসহনীয় যন্ত্রণা-তা কোনো পরিবারকে বহন করতে হওয়া উচিত নয়।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত স্তব্ধ করার এক ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ বহু মানুষ এর শিকার হয়েছেন। অনেক পরিবার আজও জানে না তাঁদের প্রিয়জন কোথায়, কী অবস্থায় আছেন কিংবা আদৌ ফিরে আসবেন কি না। তাঁদের এই দীর্ঘ প্রতীক্ষা জাতীয় বিবেকের সামনে এক গভীর দায় হয়ে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। 
তিনি বলেন, একই সঙ্গে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সত্য জানা, ন্যায়বিচার পাওয়া, ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা আর কখনো নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না; যেখানে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী থাকবে জবাবদিহির আওতায়; এবং যেখানে রাজনৈতিক পরিচয় বা মতভিন্নতার কারণে কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা বিপন্ন হবে না।’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক-আর কোনো গুম নয়, আর কোনো পরিবারকে অনন্ত অপেক্ষায় থাকতে হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা এখনও নিখোঁজ, তাদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ করতে হবে। যারা ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যারা আর কখনো ফিরে আসবেন না, তাঁদের পরিবার যেন সত্য, স্বীকৃতি ও বিচার পায়-রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

বাণীতে তিনি গুমের শিকার সকল ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আবারও গভীর শ্রদ্ধা, সহমর্মিতা ও সংহতি জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকবে।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযান ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৪ জন, পল্টন থানায় ৯ জন, সবুজবাগ থানায় ৩ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ৩ জন ও মুগদা থানায় ৮ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুমতির বুকে দিনভর আনন্দ-উচ্ছ্বাস, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ট্রলার ভ্রমণে মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


মধুমতির বুকে দিনভর আনন্দ-উচ্ছ্বাস, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ট্রলার ভ্রমণে মিলনমেলা

মধুমতির বুকে ঢেউয়ের দোলা, চারপাশে সবুজের সমারোহ। নদীর বুকে ভেসে চলা ট্রলারে কখনো গানের সুর, কখনো কবিতার আবৃত্তি, আবার কখনো হাসি-ঠাট্টা ও কৌতুকে মুখর পরিবেশ। রাজনৈতিক ব্যস্ততার বাইরে একদিনের জন্য যেন নেতাকর্মীরা মেতে উঠেছিলেন আনন্দ আর সৌহার্দ্যের উৎসবে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী ট্রলার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে আলফাডাঙ্গার দিকনগর এলাকা থেকে ট্রলারটি যাত্রা শুরু করে মধুখালীর উদ্দেশে। দিনভর মধুমতি নদীর বুকে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্রলার যাত্রার শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। কেউ গানে কণ্ঠ মেলান, কেউ কবিতা আবৃত্তি করেন, আবার কেউ বক্তব্য ও কৌতুকের মাধ্যমে মাতিয়ে রাখেন সবাইকে। হাসি-ঠাট্টা, প্রাণখোলা আড্ডা ও আনন্দে সময় যেন দ্রুতই কেটে যায়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল লটারি। লটারিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় বাড়তি উৎসাহ ও কৌতূহল। পাশাপাশি ফুটবল খেলায় অংশ নেন নেতাকর্মীরা। খেলাধুলার পাশাপাশি মধুমতির পানিতে গোসল করেও আনন্দ উপভোগ করেন অনেকে। সব মিলিয়ে নদীর বুকজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত উৎসবের আবহ।

দিনব্যাপী এ আয়োজন শুধু আনন্দ-বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার সুযোগও তৈরি করে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাকর্মীরাও এতে অংশ নিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

ট্রলার ভ্রমণে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, যুগ্ম সম্পাদক মো. আহম্মদ আলী শিকদার ও

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলামসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আয়োজকরা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক সম্প্রীতি আরও দৃঢ় করতেই এ আয়োজন। কর্মব্যস্ত রাজনৈতিক জীবনের বাইরে সবাইকে নিয়ে কিছুটা আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করাই ছিল এ ভ্রমণের মূল উদ্দেশ্য।

দিনের শেষপ্রান্তে ট্রলার যখন গন্তব্যের পথে ফিরছিল, তখনও কাটেনি আনন্দের রেশ। মধুমতির ঢেউয়ের সঙ্গে মিলেমিশে চলছিল গান, আড্ডা আর হাসির রোল। নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় উপজেলা ও পৌর বিএনপির এ আনন্দঘন ট্রলার ভ্রমণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ, নাসিরনগরবাসীর ক্ষোভ ফেসবুকে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


১৮ ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ, নাসিরনগরবাসীর ক্ষোভ ফেসবুকে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার পর মাত্র ১০ মিনিট বিদ্যুৎ সরবরাহ পাওয়ার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয়রা তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা। এর পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অনেকে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গ করে লিখেছেন, "সারাদেশে বিদ্যুতের যন্ত্রণা সহ্য করার মতো নাসিরনগরবাসীর মতো এত ধৈর্যশীল আর কেউ আছে বলে মনে হয় না—১৮ ঘণ্টা পর ১০ মিনিট!"

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পর স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ আসায় তাদের দুর্ভোগ আরও বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সমস্যার কারণে নাসিরনগরের মানুষের মধ্যে ক্রমাগত ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগী গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে।

 

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

 

পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুরে কেন্দ্রের ব্যবস্থাপক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

 

হ্রদের পানির উচ্চতা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিল।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট সক্রিয় রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

 

এছাড়াও স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে আরো প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেতে পারে।

এই কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%