ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যেভাবে গ্রেফতার হলেন গোলাম রব্বানী, নাশকতার অভিযোগে মামলা


যেভাবে গ্রেফতার হলেন গোলাম রব্বানী, নাশকতার অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকা থেকে জয় বাংলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকেই গোলাম রব্বানীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোলাম রব্বানীর বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। এই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৪২ জন

ওসি আরও জানান, গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে রোববার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। তিনি ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর বিমানটি ফিরে গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর বিমানটি ফিরে গেল

অবতরণের জন্য মাত্র কিছু মুহূর্ত বাকি ছিল। ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক সেই সময় পাইলট জানতে পারলেন, বিমানবন্দর কেঁপে উঠছে ভূমিকম্পের কারণে। এরপর অবতরণ বাতিল করে উড়োজাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। ওই দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স) কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের সময় ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১৯৭২ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এই সময় শক্তিশালী কম্পন অনুভব করে নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা উড়োজাহাজটিকে অবতরণ বাতিলের নির্দেশ দেন।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে ওই কর্মকর্তাকে বারবার বলতে শোনা যায়, "ডেল্টা ১৯৭২, ঘুরে যান। ডেল্টা ১৯৭২, ঘুরে যান। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।"

নির্দেশনা পেয়ে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করেন। পরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাবের দৃশ্যও সামনে আসে।

ভূমিকম্পের ফলে বিমানবন্দরের একটি টার্মিনালের ভেতরের কাচের জানালা ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কম্পনের সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে অস্থির পরিস্থিতির চিত্র।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ ২ নিহত

পাবনার চাটমোহরে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আহতদের মধ্যে রয়েছেন—মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা বড় হাটের দিন ছিল। আব্দুল মমিনের অটোভ্যানযোগে কৃষক নজরুলসহ কয়েকজন সেই হাটে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুজন মারা যান।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, ‘ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সংকটে, গণহত্যা থামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


গাজায় ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সংকটে, গণহত্যা থামেনি

আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। প্রতি বছর এ দিনটি পালিত হয় দেশের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানাতে। এবারের দিনটি এসেছে এমন এক পরিস্থিতিতে, যখন গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট অব্যাহত রয়েছে। বর্তমানে ১৪ লাখ ফিলিস্তিনি তাঁবুতে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতির পরেও হামলায় নিহত হয়েছেন ১,৭০৫ এবং আহত হয়েছেন ৬,১৬৩ ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ৭৭২ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি আরব ও একটি ইহুদি—দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব গ্রহণ করে। জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাবের (বিভাজন পরিকল্পনা) মাধ্যমে ফিলিস্তিন সংকটের আনুষ্ঠানিক সূচনা হয়। পরের বছর, ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।

রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানাহ, ইরগুন ও স্টার্ন গ্যাং একত্রিত হয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়। এরপর লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করে এই বাহিনী ও ইসরাইলি সন্ত্রাসীরা। ফিলিস্তিনিরা এই ঘটনার স্মরণে ‘নাকবা’ অর্থাৎ মহাদুর্যোগ শব্দটি ব্যবহার করে।

১৯৬৭ সালের জুন মাসের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমও ইসরাইলি দখলে চলে যায়। এক দশক পর, ১৯৭৭ সালে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ২৯ নভেম্বরকে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ২০১২ সালে ফিলিস্তিন প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। তবে এই মর্যাদা লাভের পরও সংকটের স্থায়ী সমাধান হয়নি। বরং ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নতুন করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি বাহিনী এই ধ্বংসযজ্ঞকে ‘যুদ্ধ’ বললেও, তারা যুদ্ধের নিয়ম বা ন্যূনতম মানবাধিকার রক্ষা না করেই নৃশংস হত্যাযজ্ঞ চালায়। ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিয়ন্ত্রণ ইসরাইল সরকার ও সামরিক বাহিনীর হাতে থাকে। ইসরাইলি বাহিনীর অনুমতি ছাড়া গাজায় ত্রাণবাহী কোনো যান প্রবেশ করতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শাহাদতবরণ করা ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ৭৭২ এবং আহত এক লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যুদ্ধবিরতির পর থেকে ১,৭০৫ জন নিহত এবং ৬,১৬৩ জন আহত হয়েছেন। এই হিসাব শুধুমাত্র হাসপাতালে নিহত হওয়া ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬০০ ত্রাণকর্মী গাজায় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন যুদ্ধবিরতি ঘোষণার পর নিহত হন। সর্বশেষ চলতি মাসের ২৩ তারিখে ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত হন।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গাজার ২১ লাখ অধিবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ, অর্থাৎ ১৪ লাখ মানুষ বর্তমানে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে অবস্থান করছেন।

এদিকে ভারী বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৮ নভেম্বরের মধ্যে ২৬ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয়ের জন্য সহায়তা চেয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর মেনিনজাইটিস নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৫ জন এ রোগে মারা গেছেন।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়কের কার্যালয় (ইউএনএসসিও) ২০২৬ সালের সেপ্টেম্বরের প্রতিবেদনে ১৬১ দেশকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিদাতা হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনি পতাকা হাতে রাজপথে নেমে আন্দোলন করছে বিশ্বের মানুষ। পৃথিবীর প্রতিটি দেশে ফিলিস্তিনিদের প্রতি মানুষের এ সমর্থন প্রতিদিনই বাড়ছে।

ইসরাইলি প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের জনগণও রাস্তায় নেমে আসছে মানবতাবিরোধী অপরাধী ইজরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও দেশটির নাগরিকরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় ছয় জিম্মির লাশ উদ্ধারের পর দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুট সাধারণ ধর্মঘটের ডাক দেয়। পরে ২০২৫ সালের আগস্টে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিব, জেরুসালেম ও হাইফাসহ ১৪০টিরও বেশি স্থানে লাখো মানুষ বিক্ষোভ করেন এবং দেশব্যাপী ধর্মঘট পালন করা হয়। এরপর ইসরাইলি গণহত্যাকারীরা যুদ্ধবিরতি ঘোষণা করলেও গাজায় প্রতিদিনই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২৪ নভেম্বরের বিশেষ সভায় বলেছেন, ফিলিস্তিনিদের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন সম্ভব নয়। তার বার্তা পড়ে শোনান উপমহাসচিব আমিনা মোহাম্মদ।

জাতিসংঘের জেনেভা কার্যালয়ে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর স্থানীয় সময় সকাল ১১টায়। ইউনেস্কো ও ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধিদল প্যারিসে ২৭ নভেম্বর দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

চলতি বছরের ২ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের কথা জানিয়েছিল।

বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। এমনকি বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আঘাত হানতে পারে যেখানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আঘাত হানতে পারে যেখানে

আবহাওয়াবিদরা আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম ‘কানি’ হতে পারে। এই নামটি মালদ্বীপ কর্তৃক প্রস্তাবিত।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে এটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে। তবে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নাও নিতে পারে।

আইএমডি আরও জানায়, বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের মতে, নিম্নচাপটি সমুদ্রের ওপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে, যদি ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়, তবে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%