ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৪২ জন


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৪২ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ১৭ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে ১১১ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪৪ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ১টি চাইনিজ কুড়াল এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নতুন মজুরি নিয়ে খুশী শ্রমিকরা, গাজীপুরের কারখানায় কর্মচাঞ্চল্য ফেরত

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ কোস্টারিকা প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ কোস্টারিকা প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : নিরাপত্তা সতর্কতার কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কোস্টারিকা সরকার প্রবেশের অনুমতি না দেওয়ায় জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত বা র‌্যাপোর্টার ফ্রানচেস্কা আলবানিজ শনিবার মেক্সিকোয় পৌঁছেছেন। এই ঘটনার জন্য তিনি প্রতিবেশী দেশগুলোর ‘চাপের’ সমালোচনা করেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ফিলিস্তিনের গাজা ও অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আসছেন আলবানিজ। তিনি পূর্বে উল্লেখ করেছেন, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার ‘মিথ্যা’ অভিযোগ তুলে তাকে কোস্টারিকায় প্রবেশ করতে না দেওয়ার জন্য দেশটির সরকারকে জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টা বিমানবন্দরের একটি হোটেলে বিশ্রাম নেওয়ার সুযোগ পান তিনি। এরপর তিনি মেক্সিকোর উদ্দেশে রওনা হন।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ইতালীয় পাসপোর্ট হাতে বিমানে বসা একটি ছবি প্রকাশ করে আলবানিজ লিখেছেন, ‘আপাতত বিদায়। আমি কথা দিচ্ছি, কোস্টারিকা আবার স্বাধীন হলে ফিরে আসব।’

শনিবার পরে মেক্সিকোয় পৌঁছে তিনি জানান, ‘কঠিন পরিস্থিতিতে’ তাকে প্রায় দেড় দিন বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে।

মেক্সিকো সিটির বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হওয়া ফিলিস্তিনপন্থী সমর্থকদের সামনে আলবানিজ বলেন, ‘আমি জানি, এই অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর চাপ অত্যন্ত জোরালোভাবে অনুভূত হয়।’

কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত মে মাসে ক্ষমতায় আসার পর থেকে তার সরকার ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিয়েছে।

এদিকে, গাজা নিয়ে ওয়াশিংটনের নীতির সমালোচনা করায় যুক্তরাষ্ট্রও আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের অন্যতম প্রধান মিত্র।

এর আগে বিমানবন্দরে অবস্থানকালে আলবানিজ প্রশ্ন তুলেছিলেন, তাকে আটক রাখা হয়েছে কি না। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য! কোস্টারিকার সাংবিধানিক আদালত আমাকে বিমানবন্দর থেকে বের হয়ে একটি হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু অভিবাসন পুলিশ আমাকে যেতে দিচ্ছে না। তাহলে কি আমাকে আটক করা হয়েছে? সাহায্য করুন।’

একই পোস্টের ধারাবাহিকতায় তিনি অভিযোগ করেন, এয়ার ফ্রান্সের কর্মীরা বিভিন্ন অজুহাতে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন। টানা ৫০ ঘণ্টা জেগে থাকার কথা উল্লেখ করে তিনি বিমান সংস্থাটিকে আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ জানান।

শেষ পর্যন্ত শনিবার ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পান বলে নিশ্চিত করেন আলবানিজ।

এক্সে তিনি লিখেছেন, ‘অবশেষে আমি বিমানবন্দরের বাইরে। যারা আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ।’

- গভীরভাবে ক্ষুব্ধ -

কোস্টারিকা সরকার দাবি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে আলবানিজের বিরুদ্ধে একটি ‘আন্তর্জাতিক সতর্কতা’ রয়েছে। এ কারণ দেখিয়েই তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি।

ইতালীয় আইনজীবী আলবানিজ ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে আলবানিজ বলেন, ‘কোস্টারিকা সরকার আমার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এতে আমি গভীরভাবে ক্ষুব্ধ।’

ওই বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল। বিমানবন্দরে অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও দূর থেকে ভাষণ দেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক কোস্টারিকা সরকারকে আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তাঁর দেশ বারবার কোস্টারিকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।

শুক্রবারের ভাষণে আলবানিজ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ‘বর্ণবাদভিত্তিক বৈষম্যমূলক’ শাসনব্যবস্থাকে সমর্থন করার জন্য কোস্টারিকা সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়। আইনের শাসনের নীতি অনুযায়ী, এসব ইঙ্গিতপূর্ণ অভিযোগের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালিয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন আলবানিজ। এ কারণে ইসরাইল ও দেশটির কয়েকটি মিত্র দেশের কাছ থেকে তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ স্বাধীন বিশেষজ্ঞদের বিশেষ প্রতিবেদক হিসেবে নিয়োগ দেয়। তারা বিভিন্ন বিষয়ে তদন্ত ও প্রতিবেদন তৈরি করেন। তবে তাঁদের বক্তব্য জাতিসংঘের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচিত হয় না। ২০২২ সালে আলবানিজকে এ দায়িত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরএফএল গ্রুপ এমটিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ এম


আরএফএল গ্রুপ এমটিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

আরএফএল গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার, ২৮ নভেম্বর থেকে এবং এটি চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: ব্র্যান্ড

লোকবল নিয়োগ: ২০ জন

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: যাতায়াত সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল (PRAN-RFL)-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন .

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার, দেশের স্বাধীনতা দিবসে, রাজধানী তিরানায় হাজারো মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। এই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা ছুঁড়লে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। সংঘর্ষের ফলে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দুর্নীতি, বেকারত্ব, শিক্ষার নিম্নমান, দুর্বল স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার সংকটের প্রতিবাদে আলবেনিয়ায় কয়েক মাস ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, দেশে কাজের সুযোগ ও উন্নত জীবনযাপনের সম্ভাবনা কমে যাওয়ায় বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, দুর্নীতি বন্ধ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শনিবারের বিক্ষোভে মুখোশধারী কিছু বিক্ষোভকারী সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। তারা প্রধানমন্ত্রী রামার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সড়কের নজরদারি ক্যামেরা ও সরকারি ভবনের জানালা ভাঙচুর করা হয়। আগের কয়েকটি বিক্ষোভে সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেওয়ার, দোকানের কাচ ভাঙার এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছোড়ার ঘটনাও ঘটেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, ‘যথেষ্ট হয়েছে। দুর্নীতি, দারিদ্র্য আর দেশত্যাগ—সবকিছুরই অবসান হওয়া দরকার।’ আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ উন্নত জীবনযাপন ও স্বাস্থ্যসেবার দাবিও জানিয়েছেন। তাদের একটি ব্যানারে লেখা ছিল, ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়।’

আলবেনিয়ায় সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত ঘটে গত মে মাসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দক্ষিণ উপকূলের বিলাসবহুল পর্যটন উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে তখন শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয়। উপকূলীয় সংরক্ষিত এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ ঘিরে পরিবেশ এবং দুর্নীতির অভিযোগ ওঠে।

পরে আন্দোলনে শিক্ষার্থীরা যুক্ত হন। সেপ্টেম্বর থেকে শিক্ষা ও জীবনযাত্রার মান নিয়ে তাদের প্রতিবাদ শুরু হয়। অক্টোবরের মাঝামাঝি থেকে তিরানায় বিক্ষোভ আরো বিস্তৃত হয়ে দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রামার পদত্যাগ ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবি তোলেন। আন্দোলনটি ‘ফ্লেমিংগো আন্দোলন’ নামেও পরিচিতি পেয়েছে।

প্রকল্পটির বিষয়ে প্রধানমন্ত্রী রামার সরকার দাবি করছে, উন্নয়ন উদ্যোগটি আইনসম্মত এবং সেখানে প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত রাখা হবে। সরকার দুর্নীতির অভিযোগও অস্বীকার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে সরকার পরিস্থিতি শান্ত করতে জ্বালানির দাম কমানো এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে।

ক্ষমতায় ১৩ বছর ধরে রামা

২০১৩ সাল থেকে আলবেনিয়ার ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থ মেয়াদে নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক আন্দোলন তার সরকারের জন্য এখন পর্যন্ত বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে।

দুর্নীতির বিভিন্ন কেলেঙ্কারি দীর্ঘদিন ধরে আলবেনিয়ার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকদের মতে, মাদক ও অস্ত্র পাচারের অর্থ পাচারের জন্য দেশটি অপরাধী চক্রগুলোর কাছে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তবে রামা দাবি করেছেন, তার সরকার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার চেষ্টা করছে। ২০৩০ সালের মধ্যে জোটটির সদস্য হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতি, অপরাধী চক্রের তৎপরতা এবং আইনের শাসন নিয়ে উদ্বেগ দেশটির ইউরোপীয় একীভূত হওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

সংঘর্ষে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে পার্থক্য রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ৩৫ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে আহতের সংখ্যা ৩০ উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিক রয়েছেন।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা, ডয়চে ভেলে ও ইউরোনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়লেন প্রসিধ কৃষ্ণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


নিউজিল্যান্ডের বিপক্ষে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়লেন প্রসিধ কৃষ্ণা

ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ‘কনকাশন সাবস্টিটিউট’ (মাথায় আঘাতজনিত বদলি) খেলোয়াড় হিসেবে মাঠে নামার নজির গড়লেন পেসার প্রসিধ কৃষ্ণা। রবিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুতে আকাশ দীপের বদলি হিসেবে যুক্ত হন তিনি।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৯৯ রানে ৫ উইকেট নেওয়া আকাশ দীপ ব্যাট হাতে দারুণ লড়াই করেছিলেন। তিনি অষ্টম উইকেটে ফিফটি করা ধ্রুব জুরেলের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ৫২ বলে ২৯ রান করেন।

নিজের ইনিংসের ১১ রানের মাথায় ইনিংসের ৫৩তম ওভারে কিউই পেসার কাইল জেমিসনের বাউন্সারে একই ওভারে দুবার হেলমেটে আঘাত পান আকাশ।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, ‘ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেয়েছেন আকাশ দীপ। কনকাশন বদলি হিসেবে তার জায়গায় প্রসিধ কৃষ্ণাকে নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল দল আকাশ দীপকে পর্যবেক্ষণে রেখেছে।’

আকাশ দীপের বদলি হিসেবে ভারতের সামনে মোহাম্মদ সিরাজকে নেওয়ার সুযোগ ছিল। চলতি সিরিজে দুই টেস্টের একাদশেই সিরাজের জায়গা না পাওয়া নিয়ে বেশ আলোচনা চলছিল। আকাশ দীপের ধরন অনুযায়ী সিরাজই হতে পারতেন সবচেয়ে মানানসই বদলি।

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিরাজের বদলে উচ্চতা ও বাউন্স কাজে লাগাতে পারদর্শী প্রসিধ কৃষ্ণার ওপরই ভরসা রেখেছে। একাদশে অন্য পেসার হিসেবে আছেন জাসপ্রিত বুমরাহ, অভিষিক্ত গুরনূর ব্রার এবং অংশুল কাম্বোজ।

গত সপ্তাহে ওয়েলিংটনে ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন প্রসিধ কৃষ্ণা। সেখানে দুই ইনিংস মিলিয়ে ১২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্টে তাকে বাদ দিয়ে গুরনূর ব্রারকে অভিষেক করানো হয়েছিল। তবে আকাশ দীপের চোট আবারও একাদশে ফিরিয়ে আনল প্রসিধকে।

প্রসিধ যখন বদলি হিসেবে মাঠে নামেন, তখন প্রথম ইনিংস শেষে ১১০ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%