১১:৩৯ এম
আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। প্রতি বছর এ দিনটি পালিত হয় দেশের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানাতে। এবারের দিনটি এসেছে এমন এক পরিস্থিতিতে, যখন গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট অব্যাহত রয়েছে। বর্তমানে ১৪ লাখ ফিলিস্তিনি তাঁবুতে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতির পরেও হামলায় নিহত হয়েছেন ১,৭০৫ এবং আহত হয়েছেন ৬,১৬৩ ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ৭৭২ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি আরব ও একটি ইহুদি—দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব গ্রহণ করে। জাতিসংঘের ১৮১ নম্বর প্রস্তাবের (বিভাজন পরিকল্পনা) মাধ্যমে ফিলিস্তিন সংকটের আনুষ্ঠানিক সূচনা হয়। পরের বছর, ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার সঙ্গে সঙ্গে হাগানাহ, ইরগুন ও স্টার্ন গ্যাং একত্রিত হয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরিত হয়। এরপর লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করে এই বাহিনী ও ইসরাইলি সন্ত্রাসীরা। ফিলিস্তিনিরা এই ঘটনার স্মরণে ‘নাকবা’ অর্থাৎ মহাদুর্যোগ শব্দটি ব্যবহার করে।
আরও পড়ুন: জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ কোস্টারিকা প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন
১৯৬৭ সালের জুন মাসের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমও ইসরাইলি দখলে চলে যায়। এক দশক পর, ১৯৭৭ সালে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ২৯ নভেম্বরকে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ২০১২ সালে ফিলিস্তিন প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। তবে এই মর্যাদা লাভের পরও সংকটের স্থায়ী সমাধান হয়নি। বরং ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নতুন করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরাইলি বাহিনী।
ইসরাইলি বাহিনী এই ধ্বংসযজ্ঞকে ‘যুদ্ধ’ বললেও, তারা যুদ্ধের নিয়ম বা ন্যূনতম মানবাধিকার রক্ষা না করেই নৃশংস হত্যাযজ্ঞ চালায়। ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণহানি, উচ্ছেদ ও ত্রাণসংকট অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিয়ন্ত্রণ ইসরাইল সরকার ও সামরিক বাহিনীর হাতে থাকে। ইসরাইলি বাহিনীর অনুমতি ছাড়া গাজায় ত্রাণবাহী কোনো যান প্রবেশ করতে পারছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শাহাদতবরণ করা ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ৭৭২ এবং আহত এক লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যুদ্ধবিরতির পর থেকে ১,৭০৫ জন নিহত এবং ৬,১৬৩ জন আহত হয়েছেন। এই হিসাব শুধুমাত্র হাসপাতালে নিহত হওয়া ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬০০ ত্রাণকর্মী গাজায় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন যুদ্ধবিরতি ঘোষণার পর নিহত হন। সর্বশেষ চলতি মাসের ২৩ তারিখে ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত হন।
আরও পড়ুন: হুথিদের সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি
ওসিএইচএর তথ্য অনুযায়ী, গাজার ২১ লাখ অধিবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ, অর্থাৎ ১৪ লাখ মানুষ বর্তমানে তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে অবস্থান করছেন।
এদিকে ভারী বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৮ নভেম্বরের মধ্যে ২৬ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয়ের জন্য সহায়তা চেয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর মেনিনজাইটিস নিয়ে মহামারি সতর্কতা জারি করেছে। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৫ জন এ রোগে মারা গেছেন।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়কের কার্যালয় (ইউএনএসসিও) ২০২৬ সালের সেপ্টেম্বরের প্রতিবেদনে ১৬১ দেশকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিদাতা হিসেবে উল্লেখ করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান
এদিকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনি পতাকা হাতে রাজপথে নেমে আন্দোলন করছে বিশ্বের মানুষ। পৃথিবীর প্রতিটি দেশে ফিলিস্তিনিদের প্রতি মানুষের এ সমর্থন প্রতিদিনই বাড়ছে।
ইসরাইলি প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের জনগণও রাস্তায় নেমে আসছে মানবতাবিরোধী অপরাধী ইজরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও দেশটির নাগরিকরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় ছয় জিম্মির লাশ উদ্ধারের পর দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রুট সাধারণ ধর্মঘটের ডাক দেয়। পরে ২০২৫ সালের আগস্টে গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিব, জেরুসালেম ও হাইফাসহ ১৪০টিরও বেশি স্থানে লাখো মানুষ বিক্ষোভ করেন এবং দেশব্যাপী ধর্মঘট পালন করা হয়। এরপর ইসরাইলি গণহত্যাকারীরা যুদ্ধবিরতি ঘোষণা করলেও গাজায় প্রতিদিনই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২৪ নভেম্বরের বিশেষ সভায় বলেছেন, ফিলিস্তিনিদের মর্যাদা, ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন সম্ভব নয়। তার বার্তা পড়ে শোনান উপমহাসচিব আমিনা মোহাম্মদ।
জাতিসংঘের জেনেভা কার্যালয়ে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর স্থানীয় সময় সকাল ১১টায়। ইউনেস্কো ও ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধিদল প্যারিসে ২৭ নভেম্বর দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: ঢাকায় অগ্নি নিরাপত্তায় এআই ব্যবহারে আন্তর্জাতিক সেমিনার
চলতি বছরের ২ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থনের কথা জানিয়েছিল।
বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। এমনকি বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত রয়েছে।
আরও পড়ুন: রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর বিমানটি ফিরে গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন