১০:৪৭ এম
এইচবিওর বহুল আলোচিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজে যুক্ত হয়েছেন ব্রিটিশ অভিনেতা কিট হারিংটন, যিনি ‘গেম অব থ্রোনস’ সিরিজের জন্য পরিচিত। সিরিজটির দ্বিতীয় সিজনে তাকে হগওয়ার্টস স্কুলের আত্মপ্রেমী শিক্ষক ও লেখক গিলডেরয় লকহার্ট চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এইচবিওর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে
প্রাথমিকভাবে গিলডেরয় লকহার্ট চরিত্রের জন্য চুক্তিবদ্ধ ছিলেন অভিনেতা নিকোলাস হোল্ট। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে তিনি শেষ পর্যন্ত প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর কিট হারিংটন তাঁর স্থলাভিষিক্ত হন।
‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা কিট হারিংটনের জন্য এটি হবে এইচবিওর সঙ্গে তৃতীয় কাজ। এর আগে তিনি এইচবিওর জনপ্রিয় অর্থনৈতিক-ড্রামা সিরিজ ‘ইনডাস্ট্রি’তেও অভিনয় করেছেন।
আরও পড়ুন: ৫ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী!
হারিংটনের ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। গত বছর প্রকাশিত অডিবলের ‘হ্যারি পটার: দ্য ফুল-কাস্ট অডিও এডিশন’-এ তিনি গিলডেরয় লকহার্ট চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।
জে কে রাওলিংয়ের বিখ্যাত বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম সিজন এ বছরের বড়দিনে এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। সিরিজের দ্বিতীয় সিজন তৈরি হবে দ্বিতীয় বই ‘দ্য চেম্বার অব সিক্রেটস’ অবলম্বনে। এর শুটিং এ শরতে শুরু হওয়ার কথা।
নতুন এই ধারাবাহিকে হ্যারি পটার চরিত্রে উদীয়মান অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিনকে দেখা যাবে। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করবেন অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যান্টন।
এ ছাড়া হগওয়ার্টসের প্রধান শিক্ষক আলবাস ডাম্বলডোর চরিত্রে অস্কার মনোনীত অভিনেতা জন লিথগো থাকছেন। রুবিউস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করছেন নিক ফ্রস্ট।
আরও পড়ুন: কোস্টগার্ড ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে
এইচবিও জানিয়েছে, জে কে রাওলিংয়ের মূল সাতটি বই অবলম্বনে আগামী ১০ বছরে মোট সাতটি সিজনে সিরিজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন