১১:০৫ এম
বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আট জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, পাঁচজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। ট্রলার মালিক সমিতি জানিয়েছে, নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এই দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিল এফবি বরকত ট্রলারটি। সোমবার বিকেলে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ
পরে, ডুবে যাওয়া ট্রলারের নিকটবর্তী থাকা পাথরঘাটার অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসমান ট্রলারের কিছু অংশ দেখতে পান। এরপর তারা সাগরে ভাসতে থাকা আট জেলেকে উদ্ধার করেন এবং বিষয়টি ট্রলারের মালিকপক্ষকে জানান। নিখোঁজ পাঁচ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এফবি বরকত’ নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তারা অন্য একটি ট্রলারের জেলেদের মাধ্যমে জানতে পেরেছেন। খবর পাওয়ার পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন