১০:৫৯ এম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মমতার উদ্দেশ্যে শুভেন্দুর ‘রাস্তায় বেরোতে পারবেন না’ মন্তব্যটি প্রকাশ্যে হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তৃণমূল নেত্রীর কাছে অভিযোগ করা হয়েছে।
সোমবার, অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, যোগ্য হওয়া সত্ত্বেও অনেক নারী এই প্রকল্পের প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না। বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ ও হয়রানির অভিযোগও উঠেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী মমতাকে উদ্দেশ্য করে বলেন, ‘ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে বেরোতে না পারেন, সে ব্যবস্থাও আমি করব।’
আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ বায়ুমান স্কোর ৯৬
শুভেন্দুর এই বক্তব্যের কিছু ঘণ্টা পর, সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা দীর্ঘ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে একজন সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেত্রীর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলতে পারেন, সেটিই এখন প্রশ্ন।
মমতা আরও প্রশ্ন তোলেন, এমন বক্তব্য কি গৃহবন্দি করা, ভয় দেখানো নাকি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত? তিনি বলেন, সংবিধানসম্মত গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক কোথায় ও কীভাবে চলাফেরা করবেন, তা নির্ধারণের অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই।
তবে দুই নেতার এই বাগযুদ্ধের সূত্রপাত অন্নপূর্ণা যোজনা নিয়ে। মমতার সময়কার লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। প্রকল্পটির মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
মমতার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হচ্ছে এবং যোগ্য অনেক নারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর পাল্টা জবাবে শুভেন্দু বলেন, তার সরকার সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে ধর্ম বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে না।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের বক্তব্য, অনুপস্থিত অনেক প্রভাবশালী নেতা
শুভেন্দুর দাবি, এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার মুসলিম নারী রয়েছেন বলেও তিনি জানান। তার বক্তব্য, যারা যোগ্য, তাদের হিন্দু-মুসলমান কিংবা বিজেপি-তৃণমূল হিসেবে দেখা হচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বিভিন্ন শ্রেণির মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ক্ষেত্রে মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী ও পাহাড়ি নারীদের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলে জানান শুভেন্দু। তার দাবি, অভিযোগের বড় অংশে যোগ্য না হয়েও পরিচিত ব্যক্তিরা প্রকল্পের সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে। আগামী ৩১ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন দুই শিবিরের তীব্র বাগযুদ্ধে রূপ নিয়েছে। এর মধ্যেই সাবেক মুখ্যমন্ত্রীকে দেওয়া শুভেন্দুর মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
আরও পড়ুন: তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক
সূত্র :
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন