ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

দুই বোনের চলার শক্তি নেই, বাড়িতে যাওয়ার রাস্তা নেই


দুই বোনের চলার শক্তি নেই, বাড়িতে যাওয়ার রাস্তা নেই

একটু বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। হুইলচেয়ারে বসে বাড়ির আঙিনা পেরিয়ে খোলা বাতাসে যাওয়ার সুযোগটুকুও মেলে না। কারণ, নিজেদের দাঁড়াতে পারেন না, আবার বাড়ি থেকে বের হওয়ার মতো চলাচলের উপযোগী রাস্তাও নেই। খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজেই অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। এভাবেই শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছে মানিকগঞ্জের একই পরিবারের চার ভাই-বোনের। তাদের মধ্যে দুই বোন সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভরশীল। বৃদ্ধা মায়ের চোখে এখন একটাই প্রত্যাশা— সন্তানদের একটু স্বস্তির জীবন এবং বাড়িতে যাতায়াতের একটি রাস্তা।

মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের এই পরিবারে আট ভাই-বোনের মধ্যে চারজনই খর্বাকৃতির। তাঁরা হলেন মোছা. হাবিয়া (৬৪), মোছা. মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)। তাঁদের মধ্যে হাবিয়া ও মেহেরজান নিজেরা দাঁড়াতে কিংবা চলাফেরা করতে পারেন না। খাওয়া-দাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং ব্যক্তিগত প্রয়োজনেও পরিবারের সদস্যদের সহযোগিতা নিতে হয় তাদের।

পরিবার সূত্রে জানা যায়, চার ভাই-বোন জন্মগতভাবে এমন শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছিলেন না। সাত-আট বছর বয়সের দিকে জ্বরে আক্রান্ত হওয়ার পর তাঁদের শারীরিক সমস্যা দেখা দেয়। বৃদ্ধা মা জহুরা বেগম জানান, প্রথম সন্তান হাবিয়ার বয়স যখন সাত বছর, তখন তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর সেরে যাওয়ার কয়েক দিন পর তাঁর হাঁটাচলায় অস্বাভাবিকতা দেখা দেয়। পরে কবিরাজের মাধ্যমে চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। একইভাবে অন্য তিন সন্তানেরও সাত-আট বছর বয়সের দিকে শারীরিক পরিবর্তন দেখা দেয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

সন্তানদের এমন অবস্থার কারণে দীর্ঘদিন সামাজিক অবহেলা ও কটূক্তি সহ্য করতে হয়েছে জহুরা বেগমকে। সংসার চালানোর পাশাপাশি প্রতিবন্ধী সন্তানদের দেখাশোনা করতে গিয়ে জীবনের বড় একটি সময় কেটেছে তাঁর সংগ্রামে। কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, "বাড়ির বাইরে বের হইলে মানুষ কত ঠাট্টা-বিদ্রূপ করছে! অনেক পরিশ্রম কইর‌্যা এই সংসার চালাইছি। এখনো কত কষ্ট করতে হয়, আল্লাহই জানেন।"

মেহেরজান বলেন, "আমাগো কষ্টের জীবনের খোঁজ কেউ নেয় না। প্রতিবন্ধী হওয়ায় নিজেদের পরিবারের বোঝা মনে হয়। হুইলচেয়ারে কইরা বাইরে নেবে, সেই রাস্তাটাও তো নাই। আমাগো কষ্টের শেষ নাই।"

পরিবারের সদস্যরা জানান, তাদের বাবা হযরত আলী একটি সংস্থায় চাকরি করতেন। প্রায় ১০ বছর আগে তিনি মারা যান। আট সন্তানের মধ্যে শুধু ইজ্জত আলীর বিয়ে হয়েছে। তাঁর দুই ছেলে রয়েছে। অন্য তিন প্রতিবন্ধী ভাই-বোন অবিবাহিত। তাঁরা একই বাড়িতে বসবাস করেন। বর্তমানে বৃদ্ধা জহুরা বেগম প্রতিবন্ধী সন্তানদের নিয়ে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, হাবিয়া ও মেহেরজানকে পরিবারের সদস্যদের সহযোগিতায় খাওয়ানিসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করতে হয়। এক স্থান থেকে অন্য স্থানে যেতেও তাঁদের অন্যের সাহায্য নিতে হয়। অন্যদিকে খর্বাকৃতির হলেও ইজ্জত আলী ও সিরাজ আলী কিছুটা চলাফেরা করতে পারেন। তাঁরা বাড়ির পাশে ভাটবাউর বাজারে সড়কের ধারে ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। তবে দোকান থেকে আয় খুবই সামান্য।

আরও পড়ুন: লালপুরে ১৯টি মণ্ডপে কালীপূজার আয়োজন, নিরাপত্তা নিয়ে আলোচনা

পরিবারের চার সদস্য প্রায় দুই বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। নিজেদের জমির ফসল ও দোকানের সামান্য আয় দিয়ে কোনো রকমে চলে তাঁদের সংসার। ইজ্জত আলীর দুই ছেলে ইয়াসির আরাফাত (২২) ও আলিফ আহম্মেদ (২০) ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তাঁরা শারীরিকভাবে সুস্থ। বড় ছেলে আরাফাত সম্প্রতি আকিজ কোম্পানির একটি প্রতিষ্ঠানে বিড়ি-সিগারেট সরবরাহের কাজ নিয়েছেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে ছেলেদের একটি ভালো চাকরির প্রত্যাশা করছেন ইজ্জত আলী।

ইয়াসির আরাফাত বলেন, "সরকার যদি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিত, তাহলে পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারতাম।"

তবে পরিবারটির সবচেয়ে বড় দুর্ভোগ বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকা। ভাটবাউর বাজারের পাকা সড়ক থেকে কয়েকটি বাড়ির ওপর দিয়ে তাঁদের বাড়িতে যেতে হয়। ফলে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে হাবিয়া ও মেহেরজানকে হাসপাতালে নিতে পরিবারের সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরিবারের সদস্যরা জানান, দুই বছর আগে রাস্তা নির্মাণের জন্য কিছু মাটি ফেলা হলেও অর্থের অভাবে কাজ শেষ করা সম্ভব হয়নি। সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা গেলে দুই বোনকে হুইলচেয়ারে করে বাড়ির বাইরে নেওয়া সহজ হবে। পাশাপাশি উপকৃত হবে আশপাশের আরও কয়েকটি পরিবার।

আরও পড়ুন: কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে তিনটি জাহাজ চলাচল শুরু

স্থানীয় বাসিন্দা জবেত আলী বলেন, পরিবারটির চার সদস্য শারীরিক সীমাবদ্ধতার কারণে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বাড়ি থেকে বের হওয়ার উপযোগী রাস্তা না থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। শুধু এই পরিবার নয়, আশপাশের আরও অন্তত ১০টি পরিবার চলাচলের রাস্তার অভাবে ভোগান্তিতে রয়েছে। অন্যের বাড়ির ওপর দিয়ে তাঁদের যাতায়াত করতে হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন বলেন, পরিবারটির বিষয়ে সরেজমিনে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ওই পরিবারসহ আশপাশের অন্য পরিবারগুলোর চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

দুই বোনের কাছে একটি রাস্তা শুধু যাতায়াতের পথ নয়, এটি ঘরের বাইরে যাওয়ার, প্রয়োজনের সময় হাসপাতালে পৌঁছানোর এবং একটু স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় পরিবারটি।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ভস্মীভূত বেদে সম্প্রদায়ের ৪ বসতঘর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডার বগাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডার বগাসহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন, যিনি বিহারি বগা নামে পরিচিত, এবং তার তিন সহযোগীকে আদালত রিমান্ডে পাঠিয়েছে। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ প্রদান করেন।

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোট ১২ জনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে বগা ও তার তিন সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তবে বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—বগার ভাই রকি হোসেন পিচ্ছি, কালা হাসান এবং মনির হোসেন ইমন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী সেভেন স্টার ও ফাইভ স্টার নামক দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে হৃদয় নামের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়। পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাদের স্বীকারোক্তিতে বগার নাম উঠে আসে। পুলিশের আবেদন মঞ্জুর করে হৃদয় হত্যার মাস্টার মাইন্ড হিসেবে বগাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এরপর গত ৬ অক্টোবর সন্ত্রাসী বগা এবং তার ৩৬ অনুসারির বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে মামলা করা হয়। মামলায় গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিলসহ বাদীর সঙ্গে ঘটে যাওয়া পাঁচটি পৃথক ঘটনার উল্লেখ রয়েছে। সেই মামলায় আদালত তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।

গত ৮ অক্টোবর বগা নগর ভবনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সিএমপির উপকমিশনার উত্তরের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় মেয়র ডা. শাহাদাতের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। বিহারি সন্ত্রাসী বগা ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলার জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ১৮টি মামলা ছিল। এরপর পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা, চাঁদাবাজির অপরাধে আরো ৫টি মামলা দায়ের করা হয়েছে। ১৭ অক্টোবর থেকে বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন : টাকার্লসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ট্রাম্প কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন : টাকার্লসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে খুব শিগগিরই—এমন দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে।

রোববার (১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টে এসব দাবি তুলে ধরেন কার্লসন। তিনি মধ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের একটি স্থানের কথা উল্লেখ করে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে সেটিকে চিহ্নিত করেন। কার্লসনের দাবি, ইসরাইলি গোয়েন্দাদের ধারণা, ওই স্থানে ইরান আবারও পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করেছে।

টাকার কার্লসন একজন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ‘টাকার কার্লসন টুনাইট’ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বর্তমানে এক্সে নিজের স্বাধীন রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা করছেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত মন্তব্য করেন তিনি।

কার্লসন আরও দাবি করেন, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরে সুরক্ষিত। ফলে সেখানে প্রচলিত মার্কিন অস্ত্র দিয়ে আঘাত করা সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী, সামরিক পদক্ষেপের একমাত্র বিকল্প হতে পারে পারমাণবিক হামলা।

তিনি তার পোস্টে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘বিবি (নেতানিয়াহু) এ বিষয়ে প্রতিদিন ট্রাম্পকে ফোন করেন।’ নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন কার্লসন। তার দাবি, ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনের পর দেশটির পার্লামেন্ট নেসেটে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ট্রাম্পের হস্তক্ষেপ প্রয়োজন নেতানিয়াহুর। তা না হলে তিনি ক্ষমতা হারাতে পারেন এবং তার বিরুদ্ধে তদন্ত ও কারাদণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।

কার্লসন আরও অভিযোগ করেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও নেতানিয়াহুর অবস্থান অনুসরণ করছেন বলে দাবি করেন তিনি।

কার্লসন আরও বলেন, কাতারের রাজধানী দোহায় যে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির খসড়া তৈরি করা হচ্ছিল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার বিরোধিতা করেছিলেন।

তবে কার্লসনের এসব দাবির পক্ষে তার পোস্টে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ বা সংশ্লিষ্ট মার্কিন ও ইসরাইলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য উল্লেখ করা হয়নি। বিশেষ করে ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে—এমন দাবির সত্যতা নিশ্চিত হওয়ার তথ্যও প্রতিবেদনে নেই।

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

‘ঢাকা বাঁচাও’ সংগঠন থেকে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কার করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগের ভিত্তিতে। একই সঙ্গে, সংগঠনটির নতুন আহ্বায়ক হিসেবে মো. তানভীর আজাদের নাম ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ফরম বিক্রির নামে চাঁদাবাজি, সংগঠনের অরাজনৈতিক আদর্শকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে সোহানী শিফা ও নুহাসকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে সংগঠনটির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. তানভীর আজাদকে আহ্বায়ক, মো. আসলাম হোসাইনকে প্রধান উপদেষ্টা এবং সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয় ও মোঃ আলামিনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সোহানী শিফা, তানভীর আজাদ, মোঃ আসলাম, সায়লা আফরিন, টি এম কামরুল হাসান হৃদয়, ফারুক, নুহাস, সুজন, আলামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

মৌলভীবাজার জেলার কুলাউড়ার ছকাপনে হযরত শাহ শরফ উদ্দিনের (রহ.) বংশধর মরহুম হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার রাতে এই মাহফিল অনুষ্ঠিত হয় ছকাপন এলাকার বড়দল গ্রামে।

ঐতিহ্যবাহী আহমদ ভিলা পরিবারের সদস্য ও হাজী সিরাজ উদ্দীন আহমদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন অলিপুরী।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুলাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ এবং মুফতি আহসান উদ্দিন প্রমুখ।

মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হাজী সিরাজ উদ্দীন আহমদ দাখিল মাদরাসা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, জোবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলের সভাপতিত্ব করেন আব্দুল মালিক। এই উপলক্ষে আহমদ ভিলা পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%