০৪:৫৩ পি.এম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণের অবস্থান হিসেবে দেখছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিবেকের তাড়নায় মার্কিন ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যদি জনগণের মতামত উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়া হয়, তাহলে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ এসব মন্তব্য করেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে না বলেছে। আমরা তাদের এই অবস্থানকে সমর্থন করি।’
আরও পড়ুন: কুয়েতে বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশের জেরে
ইরানের পার্লামেন্ট স্পিকার মার্কিন সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় কাজ করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তাঁর ভাষায়, ইরানের ‘না’ যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ আরও বেড়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। নির্বাচনের ফলকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের ইরাননীতি নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের প্রেক্ষাপটে গালিবাফের এ বক্তব্যকে তেহরানের রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের জয়লাভে ট্রাম্পের প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন