বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৭ পি.এম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের দেশের অভ্যন্তরে গোপন বৈঠক করার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তার রাজনৈতিক গডফাদার, সিলেট সিটি করপোরেশনের পদচ্যুত মেয়র এবং যুক্তরাজ্যে পলাতক আনোয়ারুজ্জামান চৌধুরী রাজনৈতিক অ্যাসাইলাম প্রত্যাখ্যাত হওয়ার পর বর্তমানে ভারতে অবস্থান করছেন। সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন সভা করার কারণে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর দেশের সব সীমান্তবর্তী জেলাগুলোতে কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকির দেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পুলিশ সূত্র জানিয়েছে, ওই বৈঠকে রনজিত সরকারের দেশে প্রবেশ এবং গোপন বৈঠকের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।
এদিকে, রনজিতের আলোচিত সভাস্থল গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের 'সোহেল স্কয়ার ইকো রিসোর্টে' গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন সরঞ্জাম এবং আলামত জব্দ করার পর রিসোর্টটির ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, শিক্ষা সফরের আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই রিসোর্টে বৈঠক করেছিলেন। রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন সুনামগঞ্জ জামালগঞ্জের রাধানগরের বাসিন্দা অ্যাডভোকেট রুকন মিয়া, যিনি বর্তমানে সিলেট নগরীর শ্যামলী শাহপরাণে বসবাস করছেন এবং রনজিতের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন। একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে স্থানীয় থানা পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের অনেকেই ফেঁসে যেতে পারেন, কারণ পুরো আয়োজনটি ছিল পূর্বপরিকল্পিত।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, সভাটি কোথায় হয়েছে তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হলেও গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি রাতারগুলের ওই রিসোর্টে সভা হওয়ার কথা স্বীকার করেন। এর আগে, গত সোমবার বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভায় দেওয়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসংবলিত ভিডিও প্রকাশ করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সভা শেষে রনজিত সরকার পুনরায় কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। স্থানীয় সূত্র এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী, সিলেট-৪ আসনভুক্ত (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) সীমান্তবর্তী এই এলাকায় পাথর-বালু লুটের পাশাপাশি চোরাচালান সিন্ডিকেট অত্যন্ত সক্রিয়। স্থানীয় বুঙ্গারি চক্র এবং সীমান্তরক্ষী বাহিনীর অসাধু মহলের যোগসাজশে রনজিত এই পারাপার এবং বৈঠক সফল করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও তার যোগাযোগের গুঞ্জন রয়েছে। গোয়াইনঘাট থানার বর্তমান ওসি উমর ফারুকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে; অভিযোগ রয়েছে যে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং রনজিতের পুরোনো সিন্ডিকেটের প্রভাবেই তিনি বহাল তবিয়তে থেকে প্রভাব বিস্তার করে চলেছেন।
পুলিশ এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা বা যোগসাজশ দূর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে সীমান্তবর্তী এই অঞ্চলগুলো দেশের নিরাপত্তার জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাশিয়াকে নিয়ে সম্ভাব্য উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে। শান্তি প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিস এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এই বিষয়ে একমত হন।
বার্তা সংস্থা তাস ওয়াশিংটন থেকে এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, "শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের অর্থবহ আলোচনা গুরুত্বপূর্ণ বলে তারা একমত হয়েছেন। রাশিয়াকে নিয়ে সম্ভাব্য যেকোনো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও এর অন্তর্ভুক্ত।"
আলাপকালে রুবিও এবং ওয়াং ই চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন নিয়েও আলোচনা করেন। এছাড়া, আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন নিয়েও তাদের মধ্যে কথা হয়।
এ সময়, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের নেতাদের অঙ্গীকার নিয়েও আলোচনা হয়।
চীনের অনুরোধে এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড সুপারস্টার শাহরুখ খান ছোটবেলা থেকেই একটি বাড়ির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নের বাস্তবায়ন হিসেবে তিনি মুম্বাইয়ের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’ কিনেছিলেন। সম্প্রতি দুবাইয়ে করণ জোহরের সঙ্গে একটি অনুষ্ঠানে নিজের বাড়ির স্বপ্ন ও তা পূরণের অভিজ্ঞতা শেয়ার করেছেন শাহরুখ। এ সময় তিনি ভক্তদের উদ্দেশে বলেন, "কোনো কিছু মন থেকে চাইলে একদিন তা পূরণ হবেই।"
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পের অনুষ্ঠানে শাহরুখ ও করণ জোহর উপস্থিত ছিলেন। করণ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। দুই বন্ধুর কথোপকথনে হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা ও ব্যক্তিগত নানা বিষয় উঠে আসে। একপর্যায়ে শাহরুখ আবেগপ্রবণ হয়ে নিজের বাড়ির স্বপ্ন নিয়ে কথা বলেন।
অভিনেতা জানান, ছোটবেলায় তার এমন কোনো বাড়ি ছিল না, যা তিনি নিজের স্বপ্নের বাড়ি মনে করতেন। তাই নিজের একটি ঠিকানা থাকার আকাঙ্ক্ষা সব সময় তার মধ্যে ছিল। তিনি এমন একটি জায়গা চেয়েছিলেন, যেখানে তিনি নিজেকে আপন মনে করবেন এবং নিজের বলে পরিচয় দিতে পারবেন।
নিজের প্রথম বাড়ি কেনা এবং পরে মুম্বাইয়ের ‘মান্নাত’ কেনার সিদ্ধান্ত যে খুব বাস্তবসম্মত ছিল না, তা তিনি স্বীকার করেন। বিশেষ করে মান্নাত তার কল্পনারও বাইরে ছিল। তবে বাড়ির সঙ্গে মানুষের পরিচয় ও আপন অনুভূতির সম্পর্ক তাকে এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার মতে, একটি বাড়ি মানুষের পরিচয়ের অংশ হয়ে ওঠে। সেখানে তৈরি হয় নিজের বলে ভাবার মতো একটি জায়গা।
যারা নিজের বাড়ির স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশ্যে শাহরুখ বিশেষ বার্তা দেন। তিনি বলেন, "যদি কেউ মন থেকে কোনো কিছু চান, তাহলে মহাবিশ্ব ও আল্লাহ সেই স্বপ্ন পূরণে সহায়তা করবেন।" শাহরুখের ওম শান্তি ওম সিনেমার ভক্তদের কাছে তার এই বক্তব্যের সঙ্গে পরিচিত আবহ খুঁজে পাওয়া যেতে পারে। তবে এবার তিনি নিজের ছোটবেলার স্বপ্নের কথা বলেই এমন মন্তব্য করেছেন।
বাড়ির গল্প ও স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে শাহরুখ নিজের আসন্ন সিনেমা কিং-এর গান ‘তু মিল যায়ে’র তালে নেচে দর্শকদের আনন্দ দেন। তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় কয়েকটি সংলাপ বলেন এবং ভক্তদের সামনে পরিচিত দুই হাত প্রসারিত করার ভঙ্গিতে পোজ দেন।
অনুষ্ঠানে শাহরুখের পোশাকও আলোচনার বিষয় ছিল। তিনি কালো রঙের ব্লেজার ও একই রঙের ট্রাউজার পরেছিলেন। ব্লেজারের কলার ও হাতায় অলংকরণ ছিল। সঙ্গে সানগ্লাস, কানে দুল এবং পরিচিত লবণ-মরিচ রঙের চুল-দাড়ি। সব মিলিয়ে অল-ব্ল্যাক লুকে তিনি নজর কাড়েন।
শাহরুখের আসন্ন সিনেমা কিং-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পায় ২ নভেম্বর, অভিনেতার জন্মদিনে। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্টিক গানটি সিনেমার গল্প ও আবহের একটি ঝলক তুলে ধরেছে।
প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে দুবাইয়ের আবাসন প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। দুবাই মেরিটাইম সিটিতে গড়ে ওঠা প্রকল্পটির মাধ্যমে ডানিউব প্রপার্টিজের সঙ্গে শাহরুখ আবারও যুক্ত হলেন। এর আগে প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজানের সঙ্গে অভিনেতার নামাঙ্কিত একটি বাণিজ্যিক টাওয়ার নির্মাণের কাজেও তিনি যুক্ত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জানিয়েছেন, জনগণকে তাদের অধিকার সম্পর্কে অবহিত করা এবং তথ্য কমিশনকে শক্তিশালী করার জন্য ১০০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন।
ড. নাহরিন উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে তথ্য কমিশন কার্যক্রম চালিয়ে আসছে, তবে গণতন্ত্রের চর্চায় তাৎপর্যপূর্ণ কিছু অর্জন করতে পারেনি। তিনি বলেন, "আমরা তথ্য কমিশন সম্পর্কে জনগণকে জানাতে চাই। তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকারের জায়গা তৈরি হয়েছে। এর দরজা সবার জন্য খোলা।"
১০০ দিনের কর্মসূচি নিয়ে তিনি জানান, তথ্য কমিশনের পরিকল্পনার অংশ হিসেবে ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও তথ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় জনগণকে জানানো হবে, কীভাবে তারা তাদের অধিকার সম্পর্কে সহজভাবে কথা বলতে পারে এবং তথ্য জানতে পারে।
তিনি আরও জানান, তথ্য কমিশনে এ পর্যন্ত ১১১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ তারিখ থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে। সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিবিদদের প্রশিক্ষণ প্রদান করা হবে। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে, সে সম্পর্কিত তথ্যও জনগণকে জানানো হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান যারা বিদেশি সহায়তা নিয়ে কাজ করে, তাদের আর্থিক তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।
নাহরিন বলেন, ইউজিসিকে জানানো হয়েছে যে, যেসব বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্ত করার নীতিমালা রয়েছে, তারা যেন তথ্যগুলো প্রদান করে। যাদের নীতিমালা নেই, তারা যেন নীতিমালা প্রণয়ন করে। তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। তিনি বলেন, "তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি বছরে মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর প্রকাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী আরও জানান, এর জন্য আগামী সপ্তাহের মধ্যে মেডিক্যাল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, “আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।”
এদিকে, সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরো ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ