বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২০ পি.এম
চলতি বছরে মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর প্রকাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী আরও জানান, এর জন্য আগামী সপ্তাহের মধ্যে মেডিক্যাল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, “আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।”
এদিকে, সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরো ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-০ গোলের জয় উদযাপন করতে না করতেই বাংলাদেশ একটি বড় দুঃসংবাদে আক্রান্ত হয়েছে। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর অংশগ্রহণ করতে পারছেন না সাদ উদ্দিন, যিনি চোটের কারণে মাঠের বাইরে চলে যাচ্ছেন।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে প্রবেশ করে। ম্যাচের ৭৬ মিনিটে প্রতিপক্ষের শক্তিশালী ট্যাকলের ফলে সাদ উদ্দিন স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাদের শারীরিক অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে সতীর্থ জামাল ভূঁইয়া দুঃসংবাদটি জানান। তিনি বলেন, "সাদের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে।" এর ফলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।
বাংলাদেশ আগামী শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচের পাশাপাশি, যদি ফাইনালে উঠতে হয়, তবে সাদের বিকল্প নিয়ে চিন্তা করতে হবে কোচ থমাস ডুলিকে।
রাইটব্যাক পজিশনে সাদের বিকল্প হিসেবে ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষকে বিবেচনা করা হতে পারে। এছাড়া স্কোয়াডে থাকা তাজ উদ্দিন ও রহমত মিয়াও এই পজিশনে খেলতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে, যা রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে।
এই পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।
আরএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান রাষ্ট্রীয় মন্তব্য করেন, "পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং একসঙ্গে ভ্রমণরত পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।"
তিনি আরও জানান, আরএসএফের একটি পৃথক পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গত ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
পরিবারভিত্তিক তথ্যে দেখা যায়, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩৮৬ জন নিহত এবং আরও ১৫৯টি দুর্ঘটনায় বাবা ও সন্তানসহ ৩১৮ জনের প্রাণহানি ঘটেছে।
অটোরিকশা দুর্ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১১টি ঘটনায় পরিবারের দুজন, ১১৮টি ঘটনায় তিনজন, ৯২টি ঘটনায় চারজন, ৫৩টি ঘটনায় পাঁচজন, ৩৮টি ঘটনায় ছয়জন এবং ১৩টি ঘটনায় সাতজন করে সদস্য মারা গেছেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ মোট ৭০৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারটি দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন করে এবং অপর একটি দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন।
প্রাইভেটকারের ১০৮টি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ ৩৫২ জন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৬২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। অপর এক ঘটনায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই পরিবারের চার সদস্য মারা যান।
আরএসএফের বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জনের প্রাণহানি এবং ৭ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন। ২০২১ সালে দেশে ৫ হাজার ৩৭১টি দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হন। ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮২৯টিতে, যাতে ৭ হাজার ৭১৩ জনের প্রাণহানি এবং ১২ হাজার ৬১৫ জন আহত হন।
২০২৩ সালে মোট ৬ হাজার ৯১১টি দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন প্রাণ হারান এবং ১১ হাজার ৪০৭ জন আহত হন। পরের বছর ২০২৪ সালে ৬ হাজার ৯২৭টি দুর্ঘটনায় ৭ হাজার ২৯৪ জন নিহত এবং ১২ হাজার ১৯ জন আহত হন।
২০২৫ সালেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সে বছর ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন, যা ছয় বছরের এই পরিসংখ্যানে এক বছরে সর্বোচ্চ দুর্ঘটনা ও আহতের রেকর্ড।
২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই মাসে ৬১৪টি দুর্ঘটনায় ৫৯৮ জন প্রাণ হারান। এ ছাড়া মার্চে ৫৭৬টি দুর্ঘটনায় ৫৩২ জন এবং জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জনের প্রাণহানি ঘটে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে গাড়ি চালানোকে চিহ্নিত করেছে ফাউন্ডেশন। অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের দক্ষতা এবং শারীরিক ও মানসিক সুস্থতার অভাব, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, বেপরোয়া মোটরসাইকেল চালানো, দুর্বল ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ট্র্যাফিক আইন লঙ্ঘন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়, অনেক বাস ও পণ্যবাহী যানবাহনের চালক নির্দিষ্ট কর্মঘণ্টা ও পর্যাপ্ত বেতন ছাড়াই কাজ করেন। এতে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, যা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঝুঁকি বাড়িয়ে দেয়।
আরএসএফের সুপারিশগুলোর মধ্যে রয়েছে- চালকদের পেশাদার প্রশিক্ষণ বাড়ানো, কর্মঘণ্টা নির্ধারণ, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের বিরুদ্ধে ট্র্যাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, পর্যায়ক্রমে মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের সেবার মানোন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮-এর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের প্রাণহানি কমাতে প্রযুক্তিনির্ভর যানবাহন নজরদারি, জনসচেতনতামূলক প্রচারণা এবং সড়ক নিরাপত্তা শিক্ষার মানোন্নয়নের ওপরও জোর দিয়েছে সংস্থাটি।
আরএসএফ জানায়, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতিতে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে। নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি উদ্যোগে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার অপরিহার্য বলেও উল্লেখ করেছে ফাউন্ডেশন।
দেশের সড়কে প্রাণহানি রোধে সরকার, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহন মালিক, চালক ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
এদিকে কর্তৃপক্ষ এরই মধ্যে ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে।
গত জুলাইয়ে বৈশ্বিক সড়ক নিরাপত্তা উন্নয়নের ওপর জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি চিকিৎসা, বিপদগ্রস্ত অপরিচিত ব্যক্তিকে সহায়তাকারী ও পরোপকারী মানুষদের আইনি সুরক্ষা, ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা এবং পুনরাবৃত্ত অপরাধীদের জন্য দ্বিগুণ শাস্তির প্রস্তাব করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রণীত এই প্রস্তাবিত আইনের লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও সড়ক অবকাঠামোর নিরাপত্তা উন্নয়ন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে ‘শেরশাহ’ সিনেমাটি শুধুমাত্র পেশাগত সাফল্যই আনেনি, বরং তাদের প্রেমের ভিত্তিও গড়ে দিয়েছে। এই জুটি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হয়ে এসে নিজেদের প্রেমের শুরুর দিকের অজানা গল্প শেয়ার করেছেন।
বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতি শো-তে বেশ খোশমেজাজে হাজির হন। অনুষ্ঠানে বেবি বাম্পসহ হাস্যোজ্জ্বল কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের সম্পর্কের মোড় ঘোরানো মুহূর্তগুলোর স্মৃতিচারণা করেন।
কিয়ারা জানান, ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের জন্য সিদ্ধার্থ কারগিল যাওয়ার আগের রাতেই তাদের সম্পর্কের আসল মোড় আসে। সে সময় সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে সিদ্ধার্থের সঙ্গে সরাসরি কথা বলেন কিয়ারা। তিনি সিদ্ধার্থকে স্পষ্ট জানিয়ে দেন যে, সম্পর্কের মাঝামাঝি কোনো অবস্থা তার পছন্দ নয়; বা থাকতে হবে, নয়তো সরে যেতে হবে।
অন্যদিকে, সিদ্ধার্থ স্বীকার করেন যে সেই সময় তিনি ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চেয়েছিলেন বলে সম্পর্কে জড়াতে কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি জানতেন, কিয়ারা অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ এবং সম্পর্কে জড়ালে তা স্থায়ী হতে হবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেন, কারগিলের শুটিং চলাকালে তারা কিছুটা দূরত্ব বজায় রাখবেন এবং পরিস্থিতি কোন দিকে যায় তা দেখবেন।
তবে এই দূরত্ব তাদের আলাদা করার বদলে আরও কাছাকাছি নিয়ে আসে। কিয়ারা বলেন, কারগিলের দুর্গম এলাকায় নেটওয়ার্কের তীব্র সংকট ও ব্যস্ত শুটিংয়ের মাঝেও সিদ্ধার্থ প্রতিদিন প্যাক-আপের পর তাকে ফোন করতেন। এভাবে টানা ৩০ দিন তাদের কথা হয় এবং কারগিলে থাকা অবস্থাতেই তাদের আনুষ্ঠানিক ডেটিং শুরু হয়। মজার বিষয় হলো, তাদের পরিচয়ের প্রথম পদক্ষেপটিও নিয়েছিলেন সিদ্ধার্থ—কিয়ারাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ পাঠানোর মাধ্যমে।
অনুষ্ঠানে পেশাগত জীবনে একে অপরের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন তারা। বিয়ের পর একটি অন্তরঙ্গ চরিত্রে অভিনয়ের কারণে কিয়ারাকে অনলাইনে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ বিষয়ে কিয়ারা জানান, সিদ্ধার্থ কখনোই তার পেশাগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেননি বা তাকে অস্বস্তিতে ফেলেননি, বরং সবসময় পাশে থেকেছেন।
সব মিলিয়ে, এক অনিশ্চিত শুরু থেকে কারগিলের সেই ৩০ দিনের ফোনালাপ—সিদ্ধার্থ ও কিয়ারার এই ব্যক্তিগত গল্পগুলো ভক্তদের কাছে তাদের প্রেমকাহিনিকে আরো জীবন্ত করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আগে বগুড়া বিমান বন্দরের কাজ শুরু হবে পরে ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে।
বিএনপি সরকার গঠন করলে জনগনকে সাথে নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ব্যাপক উন্নতি হবে। কিছু দিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকা দৃশ্যমান হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন। তিনি ত্রিশালসহ মাদক মুক্ত দেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ত্রিশাল ইতোমধ্যেই উন্নত উপজেলা হিসাবে স্বীকৃত, আধুনিক ত্রিশালের উন্নয়ন আপনাদের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমানের হাত ধইে হবে। কপালে থাকলে তিনিও যে কোন সময় মন্ত্রীসভায় অর্šÍভ’ক্ত হবেন। তিনি সরকারি চাকুরিদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ