বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২২ পি.এম
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির জীবনে ‘শেরশাহ’ সিনেমাটি শুধুমাত্র পেশাগত সাফল্যই আনেনি, বরং তাদের প্রেমের ভিত্তিও গড়ে দিয়েছে। এই জুটি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হয়ে এসে নিজেদের প্রেমের শুরুর দিকের অজানা গল্প শেয়ার করেছেন।
বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতি শো-তে বেশ খোশমেজাজে হাজির হন। অনুষ্ঠানে বেবি বাম্পসহ হাস্যোজ্জ্বল কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের সম্পর্কের মোড় ঘোরানো মুহূর্তগুলোর স্মৃতিচারণা করেন।
কিয়ারা জানান, ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের জন্য সিদ্ধার্থ কারগিল যাওয়ার আগের রাতেই তাদের সম্পর্কের আসল মোড় আসে। সে সময় সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে সিদ্ধার্থের সঙ্গে সরাসরি কথা বলেন কিয়ারা। তিনি সিদ্ধার্থকে স্পষ্ট জানিয়ে দেন যে, সম্পর্কের মাঝামাঝি কোনো অবস্থা তার পছন্দ নয়; বা থাকতে হবে, নয়তো সরে যেতে হবে।
অন্যদিকে, সিদ্ধার্থ স্বীকার করেন যে সেই সময় তিনি ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চেয়েছিলেন বলে সম্পর্কে জড়াতে কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি জানতেন, কিয়ারা অত্যন্ত সিরিয়াস প্রকৃতির মানুষ এবং সম্পর্কে জড়ালে তা স্থায়ী হতে হবে। তাই দুজনেই সিদ্ধান্ত নেন, কারগিলের শুটিং চলাকালে তারা কিছুটা দূরত্ব বজায় রাখবেন এবং পরিস্থিতি কোন দিকে যায় তা দেখবেন।
তবে এই দূরত্ব তাদের আলাদা করার বদলে আরও কাছাকাছি নিয়ে আসে। কিয়ারা বলেন, কারগিলের দুর্গম এলাকায় নেটওয়ার্কের তীব্র সংকট ও ব্যস্ত শুটিংয়ের মাঝেও সিদ্ধার্থ প্রতিদিন প্যাক-আপের পর তাকে ফোন করতেন। এভাবে টানা ৩০ দিন তাদের কথা হয় এবং কারগিলে থাকা অবস্থাতেই তাদের আনুষ্ঠানিক ডেটিং শুরু হয়। মজার বিষয় হলো, তাদের পরিচয়ের প্রথম পদক্ষেপটিও নিয়েছিলেন সিদ্ধার্থ—কিয়ারাকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ পাঠানোর মাধ্যমে।
অনুষ্ঠানে পেশাগত জীবনে একে অপরের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন তারা। বিয়ের পর একটি অন্তরঙ্গ চরিত্রে অভিনয়ের কারণে কিয়ারাকে অনলাইনে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ বিষয়ে কিয়ারা জানান, সিদ্ধার্থ কখনোই তার পেশাগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেননি বা তাকে অস্বস্তিতে ফেলেননি, বরং সবসময় পাশে থেকেছেন।
সব মিলিয়ে, এক অনিশ্চিত শুরু থেকে কারগিলের সেই ৩০ দিনের ফোনালাপ—সিদ্ধার্থ ও কিয়ারার এই ব্যক্তিগত গল্পগুলো ভক্তদের কাছে তাদের প্রেমকাহিনিকে আরো জীবন্ত করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আগে বগুড়া বিমান বন্দরের কাজ শুরু হবে পরে ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে।
বিএনপি সরকার গঠন করলে জনগনকে সাথে নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ব্যাপক উন্নতি হবে। কিছু দিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকা দৃশ্যমান হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন। তিনি ত্রিশালসহ মাদক মুক্ত দেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ত্রিশাল ইতোমধ্যেই উন্নত উপজেলা হিসাবে স্বীকৃত, আধুনিক ত্রিশালের উন্নয়ন আপনাদের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমানের হাত ধইে হবে। কপালে থাকলে তিনিও যে কোন সময় মন্ত্রীসভায় অর্šÍভ’ক্ত হবেন। তিনি সরকারি চাকুরিদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয় এবং এটি বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। গণনা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
এবারের নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৪৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রকৌশলী নুরুল করিম-রাশেদ এবং প্রকৌশলী মানজারে-মেসবাহ প্যানেলের মধ্যে মূল ভোটযুদ্ধ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রে প্রায় ৩ হাজার ৪০০ প্রকৌশলী ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপির সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। সেক্রেটারি পদে রয়েছেন প্রকৌশলী রাশেদ এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সমর্থিত ফোরাম অব ইঞ্জিনিয়ার্স থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে প্রকৌশলী মেজবাহ উদ্দিন। এছাড়াও, চেয়ারম্যান ও সেক্রেটারি পদে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী নুরুল করিম মন্তব্য করেন, "উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। দুই প্যানেলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।"
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। তিনি বলেন, "এতটা উৎসবমুখর পরিবেশে কখনো আইইবিতে ভোটগ্রহণ হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব।"
জামায়াত সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, "সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রকৌশলীরা বাধাহীনভাবে ব্যালটে তাদের রায় দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবে চলতে থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিকল ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে অবস্থিত। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, পাথরবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখী ডাক বিভাগের পার্সেলবাহী মাঝারি আকারের কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের বিস্তারিত তদন্তের তথ্য পাওয়া গেলে তা যুক্ত করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তাঁর পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার না করা হয়। তিনি উল্লেখ করেছেন যে, যদি এ ধরনের ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লুবাবা তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তাঁর অনুমতি ছাড়া কোন ব্যক্তি, গণমাধ্যম বা প্রতিষ্ঠান যেন পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, পোস্ট বা প্রচারণা প্রকাশ না করে।
লুবাবা আরও জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে আগ্রহী নন। ধর্মীয় বিধান অনুসরণ করে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান তিনি। তাই, তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো প্রচারণা বা সংবাদ প্রকাশ করাকে নিজের সিদ্ধান্ত ও সম্মতির পরিপন্থী বলে মনে করেন এই শিল্পী।
তিনি সতর্ক করেছেন যে, অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রের আইনের আশ্রয় নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
ফেসবুক পোস্টে লুবাবা আরও লেখেন, "আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।"
পোস্টের শেষাংশে লুবাবা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা এবং ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়ে বলেন, তাঁর অনুমতি ছাড়া কোনো ছবি ব্যবহার না করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ